যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন, সাইফুল শেখ এর ২ বছরের কারাদণ্ড
পত্রদূত ডেস্ক: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের দায়ে সাইফুল শেখ নামে এক আদালত কর্মচারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁর বাবা ও মাকে খালাস দেওয়া হয়েছে।
সম্প্রতি সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত সাইফুল শেখ মাগুরা জেলা সদরের নান্দুয়ালী গ্রামের আব্দুল মোমিন শেখের ছেলে। তিনি মাগুরার বিচারিক আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৭ জুলাই সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার আব্দুল করিম চঞ্চলের মেয়ে সাদিয়া সারমিন মুন্নীর সঙ্গে সাইফুল শেখের বিয়ে হয়। বিয়ের সময় নগদ ২ লাখ টাকা ও ৩১ হাজার টাকা মূল্যের দুটি সোনার আংটি যৌতুক দেওয়া হয়। পরে তাঁদের একটি সন্তান জন্ম নেয়। এরপর সাইফুল তাঁর বাবা-মায়ের পরামর্শে আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর স্ত্রীকে সন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।
এরপর মুন্নী বাবার বাড়িতে অবস্থান করতে থাকেন। একই বছরের ২০ অক্টোবর তাঁর বাবা জামাতাসহ শ্বশুর-শাশুড়িকে বাড়িতে দাওয়াত করেন। ওইদিন দুপুরে খাওয়ার পর বিকেল ৩টার দিকে মুন্নীকে পাশের ঘরে ডেকে আবারও ২ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে সাইফুল কাঠ দিয়ে তাঁকে মারধর করেন। পরে বাবা-মায়ের সহযোগিতায় গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মুন্নী সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন।
২৩ অক্টোবর মুন্নী বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি সাতক্ষীরা সদর থানায় নথিভুক্ত হয়। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
মামলার নথি, সাক্ষীদের জবানবন্দি ও জেরা পর্যালোচনা শেষে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ সাইফুল শেখের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ১০ নভেম্বর আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁর বাবা আব্দুল মোমিন শেখ ও মা ছিয়ারুল বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) কামরুজ্জামান ভুট্টো ও অ্যাডভোকেট আব্দুল মজিদ। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, সাজাপ্রাপ্ত সাইফুল শেখকে কারাগারে পাঠানো হয়েছে।









