সুন্দরবন ও মান্দারবাড়িয়াকে ঘিরে সাতক্ষীরায় পর্যটনের অপার সম্ভাবনা
গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরা সুস্বাদু চিংড়ি, সুন্দরবনের মধু, ঐতিহ্যবাহী হিমসাগর আম ও কৃষিপণ্যের জন্য পরিচিত। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত, ঐতিহাসিক স্থাপনা ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এ জেলায় পর্যটনশিল্প বিকাশের রয়েছে অপার সম্ভাবনা। প্রতি বছর শীত মৌসুমে দেশ-বিদেশের অসংখ্য পর্যটক প্রকৃতির সান্নিধ্য পেতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে ছুটে যান। আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে সাতক্ষীরার পর্যটনকেন্দ্রগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলার দাবি এখন সময়ের। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া গেলে সাতক্ষীরা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন জেলায় পরিণত হতে পারে। এতে জেলার অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ।
সড়কপথে সুন্দরবন, সাতক্ষীরার অনন্য সুবিধা
সুন্দরবন সাতক্ষীরার পর্যটন সম্ভাবনার সবচেয়ে বড় সম্পদ। সুন্দরবন ভ্রমণের কথা উঠলেই সাধারণত পর্যটকদের মনে আসে বাগেরহাটের মোংলা বন্দরের নাম। অথচ মোংলা থেকে করমজল যেতে প্রায় ৮ কিলোমিটার এবং হাড়বাড়িয়া বা কটকার মতো গভীর বনে পৌঁছাতে ২০ থেকে ১০০ কিলোমিটারেরও বেশি নদীপথ পাড়ি দিতে হয়। এতে সময় ও ব্যয় দুটোই বেশি লাগে।
অন্যদিকে, সাতক্ষীরা শহর থেকে মাত্র ৬২ থেকে ৬৫ কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জ বা নীলডুমুরে পৌঁছানো যায়। সেখান থেকে নদী পেরোলেই সুন্দরবনের প্রবেশপথ। ফলে সড়কপথে সুন্দরবনের কাছাকাছি পৌঁছানোর ক্ষেত্রে সাতক্ষীরার রয়েছে বিশেষ সুবিধা। এ সুযোগকে কাজে লাগিয়ে ‘সড়কপথে সুন্দরবন দেখতে হলে সাতক্ষীরায় আসুন’—এমন প্রচারণা দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া গেলে পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব।
মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত ও গাবুরা দ্বীপ
সাতক্ষীরার পর্যটন সম্ভাবনা শুধু সুন্দরবনকেন্দ্রিক নয়। শ্যামনগরের মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত এ জেলার অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক সম্পদ। নীলডুমুর ঘাট থেকে প্রায় ৭৫ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছাতে হয়। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ নির্জন এ সৈকত পরিকল্পিতভাবে পর্যটন উপযোগী করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে।
এ ছাড়া দ্বীপ ইউনিয়ন গাবুরায় টেকসই বেড়িবাঁধ, প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তুলে আধুনিক পর্যটনকেন্দ্র প্রতিষ্ঠার সুযোগ রয়েছে। যথাযথ পরিকল্পনা ও পরিবেশ সংরক্ষণের সমন্বয় ঘটানো গেলে এসব এলাকা পর্যটনের নতুন গন্তব্য হতে পারে।
দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্র, শ্যামনগরের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার এবং ভোমরা স্থলবন্দরও পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করতে পারে। একই সঙ্গে কালীগঞ্জের নলতায় উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ খান বাহাদুর আহছানউল্লাহ (রহ.)-এর মাজার, ঐতিহ্যবাহী বনবিবির বটগাছ, প্রাচীন জমিদারবাড়ি এবং শতবর্ষী মসজিদ ও মন্দির ঐতিহাসিক ও সাংস্কৃতিক পর্যটনের গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে।
পর্যটনশিল্পে খুলতে পারে কর্মসংস্থানের নতুন দুয়ার
শুধু চিংড়িশিল্পের ওপর নির্ভর করে একটি জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা কঠিন। বেকারত্ব কমাতে জেলাভিত্তিক কর্মসংস্থান ও উন্নয়ন পরিকল্পনায় পর্যটনশিল্পকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সাতক্ষীরার শিক্ষিত ও কর্মক্ষম তরুণদের জন্য এ খাত হতে পারে সম্ভাবনাময় কর্মসংস্থানের ক্ষেত্র।
পর্যটনশিল্পের বিকাশ ঘটলে হোটেল, রিসোর্ট, পরিবহন, পর্যটক গাইড, নৌযান, হস্তশিল্প, স্থানীয় খাবার ও ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে শ্যামনগর ও মান্দারবাড়িয়া এলাকায় নিরাপদ ও মানসম্মত আবাসন, উন্নত যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, পর্যটকবান্ধব পরিবহন এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বে প্রচার-প্রচারণা, পর্যটন প্যাকেজ তৈরি এবং স্থানীয় তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এতে স্থানীয় জনগোষ্ঠী সরাসরি পর্যটন অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে।
প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ
এত বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিকল্পিত উদ্যোগ ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সাতক্ষীরা পর্যটনশিল্পে এখনো প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি। সুন্দরবন ও মান্দারবাড়িয়াকে কেন্দ্র করে পর্যটন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে সুন্দরবনের সংবেদনশীল পরিবেশ, বন্যপ্রাণী ও স্থানীয় মানুষের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই পর্যটন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, পর্যটন উদ্যোক্তা এবং বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে পর্যটনকেন্দ্রগুলোর সঠিক তথ্য, যাতায়াতব্যবস্থা ও সুযোগ-সুবিধা তুলে ধরে দেশ-বিদেশে প্রচারণা চালাতে হবে।
সাতক্ষীরাবাসীর প্রত্যাশা
শীত মৌসুমকে সামনে রেখে সাতক্ষীরার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সুন্দরবন, মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত, গাবুরা দ্বীপসহ জেলার প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানগুলোকে পরিকল্পিতভাবে পর্যটন উপযোগী করে গড়ে তোলা গেলে সাতক্ষীরা নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। প্রয়োজন শুধু যথাযথ পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ। সাতক্ষীরাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে এগিয়ে আসবে। পর্যটনের বিকাশ ঘটবে, কর্মসংস্থান বাড়বে, সমৃদ্ধ হবে আমাদের প্রিয় সাতক্ষীরা।
লেখক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ
সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, জেলা যুবনেতা, সমাজকর্মী ও উদ্যোক্তা।









