ফুলবাড়ীগেটে লংমার্চের গাড়িবহরে হামলার অভিযোগ, জামায়াতের নিন্দা
সংবাদদাতা: খুলনার ফুলবাড়ীগেটে ১১ দলীয় ঐক্যের শান্তিপূর্ণ লংমার্চের গাড়িবহরে ককটেল নিক্ষেপ ও স্বাগত তোরণে অগ্নিসংযোগের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল ও বিভিন্ন জেলা শাখার নেতারা।
শনিবার (৩১ অক্টোবর) দেওয়া বিবৃতিতে নেতারা জানান, ১১ দলীয় ঐক্যের কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর বাবরী চত্বর থেকে ফুলতলার উদ্দেশে যাত্রা করা লংমার্চের গাড়িবহর ফুলবাড়ীগেটে পৌঁছানোর আগে হেলমেট পরা একদল ব্যক্তি পরপর চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ আগে লংমার্চকে স্বাগত জানাতে স্থানীয়দের নির্মিত একটি তোরণে আগুন দেওয়া হয় বলেও বিবৃতিতে দাবি করা হয়।
বিবৃতিতে হামলার জন্য মিরেরডাঙ্গা এলাকার যুবদলের দুই নেতাকে দায়ী করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করেছে বলে নেতারা জানান।
বিবৃতিদাতারা বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন নাগরিকদের সাংবিধানিক অধিকার। এ ধরনের হামলা ও নাশকতা গণতান্ত্রিক পরিবেশ, আইনের শাসন এবং জননিরাপত্তার জন্য হুমকি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার পাশাপাশি খুলনা অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অঞ্চল টিমের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার এমপি। এ ছাড়া খুলনা মহানগর, খুলনা জেলা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা জামায়াতের নেতারাও পৃথক বিবৃতি দিয়েছেন।









