বাগআঁচড়ায় মার্সেল ফুটবল: জেকাঠি একাদশ চ্যাম্পিয়ন
শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় ১৬ দলীয় ‘মার্সেল ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনালে সাতমাইল আনাস ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জেকাঠি বাঁকুড়া ফুটবল একাদশ। শুক্রবার (৮ মে) বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও মার্সেল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।”
মার্সেল ডিলার নাজমা ইলেকট্রনিক্সের আয়োজনে এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। সকালে একটি বর্ণাঢ্য র্যালি বাগআঁচড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ফাইনালে জেকাঠি ফুটবল একাদশ ও সাতমাইল আনাস ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-০ গোলে জয় নিশ্চিত করে জেকাঠি একাদশ। শার্শা, ঝিকরগাছা ও কলারোয়া এলাকা থেকে আসা হাজার হাজার দর্শক করতালি আর উল্লাসে পুরো মাঠ মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানে মার্সেল কোম্পানির হেড অব বিজনেস হোসেন মোহাম্মদ রইন সাব্বির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









