বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বিতর্কিতদের নিয়ে হার্ডলাইনে বিএনপি, চলবে শুদ্ধি অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
বিতর্কিতদের নিয়ে হার্ডলাইনে বিএনপি, চলবে শুদ্ধি অভিযান

দায়িত্ব গ্রহণের আড়াই মাসের মাথায় সারা দেশে নতুন করে সরকারকে চিন্তিত করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজিসহ বেশ কিছু ঘটনা সংবাদ শিরোনাম হয়েছে। এ সময়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মারা গেছেন কমপক্ষে ১৩ জন। মার্চ-এপ্রিলে আহত হয়েছেন কমপক্ষে ৭ শতাধিক নেতাকর্মী। এর মধ্যে মার্চে ৯ ও এপ্রিলে নিহতের সংখ্যা ৪ জন। আর আহত মার্চে ২৪৭ ও এপ্রিলে ৫০১ জন।

আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, হামলা, দলীয় কোন্দল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বেশিরভাগ ঘটনা ঘটেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদনে এ ধরনের তথ্য উঠে এসেছে।

নির্বাচনের আগেই এসব বিষয়ে জিরো টলারেন্সের কথা জানিয়ে আসছিল বিএনপির হাইকমান্ড।

গত ১ মে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষার তাগিদ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। হুঁশিয়ারি উচ্চারণ করে ওই সভায় তিনি বলেন, ‘‘অন্যায়ের সঙ্গে জড়িতদের টপ টু-বটম কাউকে ছাড় দেওয়া হবে না।’’

সম্প্রতি একই কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‘বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে ব্যাপক দুর্নীতি ও সন্ত্রাসের বিস্তার ঘটেছে। এখনও কেউ কেউ এমন আচরণ করার চেষ্টা করলে দলীয় নেতাদেরও ছাড় দেওয়া হবে না।’’

শীর্ষ নেতাদের এমন কঠোর মনোভাবের কারণে প্রশ্ন উঠেছে, শিগগিরই কি দলে শুদ্ধি অভিযান শুরু হবে? হলেও বা কবে শুরু হতে পারে? এক্ষেত্রে কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে? এসব নিয়ে আলোচনা হচ্ছে।

মার্চ-এপ্রিলের অভ্যন্তরীণ কোন্দলের চিত্র

সরকারের প্রথম দুই মাসে সংঘটিত বেশ কিছু ঘটনা সরকারকে এক ধরনের চাপে ফেলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদন তথ্য বলছে, চলতি বছরের মার্চে দেশে ১১৩টি সহিংসতার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৪৫টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০১ জন ও নিহত ৯ জন। বিএনপি-জামায়াতের মধ্যে ১৬টি সংঘর্ষে আহত হয়েছেন ১০৯ জন ও নিহত ৫ জন।

এইচআরএসএস জানায়, এপ্রিলে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৪০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত ও ২৪৭ জন আহত হয়েছেন।

এছাড়া দলের অন্যান্য সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলেও নিজেদের মধ্যে নানা সহিংসতার খবর আসছে। শুধু তাই নয়, বিএনপির সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীদেরও সংঘর্ষের ঘটনা ঘটছে।

কোন প্রক্রিয়ায় বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা

দলের চেইন অব কমান্ড ঠিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে শিগগিরই নতুন উদ্যোগ নিচ্ছে বিএনপি। এক্ষেত্রে দলের কেউ গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে বিতর্কিত নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হবে। সামনে আনা হবে ক্লিন ইমেজধারীদের। এছাড়া গুরুতর অপরাধীদের বিরুদ্ধে দলের পক্ষ থেকেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে না। সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে ব্যবস্থার আগে প্রকৃত ঘটনার সরেজমিন তদন্ত করা হবে। এতে দোষী প্রমাণিত হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। মূল দল বিএনপি থেকে শুরু করে সহযোগী সব সংগঠনের বেলায়ই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। তখন তাদের নানা হয়রানির শিকার হতে হয়েছে। তারপরও তারা কোনও অন্যায়ে জড়িত হয়নি। তবে এখন যেহেতু দল ক্ষমতায়, তাদের নাম ভাঙ্গিয়ে কেউ কেউ নানা অপকর্ম করতে পারে—যা বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। তাই আমরা দলে শুদ্ধি অভিযানের সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এ ব্যাপারে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’’ তিনি বলেন, ‘‘মূলত বিতর্কিত নেতাকর্মীদের সরিয়ে স্বচ্ছ ও ত্যাগী নেতাদের সামনে আনা হবে। এক্ষেত্রে সাংগঠনিক কমিটি হতে পারে। আমলনামা অনুযায়ী গুরুতর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনে দল থেকেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

কবে নাগাদ শুদ্ধি অভিযান

বিএনপির দলীয় সূত্র জানায়, আগামী ঈদুল আজহার পরপরই কেন্দ্রীয় কাউন্সিল হবে। এতে অঞ্চলভিত্তিক নেতারা সাংগঠনিক সফরও করতে পারেন। সম্পন্ন করা হবে অঙ্গসংগঠনের সব কমিটি। তবে তার আগেই দলের সর্বস্তরে শুদ্ধি অভিযান চালানো হবে। বিতর্কিতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে হাই কমান্ড।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান  বলেন, ‘‘বিএনপি সব সময় অন্যায়ের বিপক্ষে। অন্যায় করলে অতীতের মতো দলীয় নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না। দল ও সরকারকে বিতর্কমুক্ত রাখতে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা জানিয়েছেন। এ নির্দেশনা সর্বস্তরে দেওয়া আছে। শিগগিরই এ নিয়ে কাজ করবেন শীর্ষ নেতারা।’’

Ads small one

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৬০ জন শিক্ষার্থীর মধ্যে গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিবেশের প্রতি শিশুদের সচেতনতা তৈরি এবং গাছের পরিচর্যায় তাদের সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ও প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ। অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাবের সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন, সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব।
প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন, ৬০ শিক্ষার্থীকে গাছের চারা, খাতা ও কলম দেওয়ায় আমরা আনন্দিত। বর্তমান আবহাওয়ার পরিবর্তনের প্রেক্ষাপটে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে তা বাঁচিয়ে রাখতে হবে। শিক্ষার্থীরা যাতে গাছগুলোর যত্ন নেয়, সে বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তদারকি করা হবে।
চারা পেয়ে শিক্ষার্থী মেহেজাবিন বলেন, গাছ পেয়ে আমার খুব ভালো লাগছে। আমি নিয়মিত পানি দেব এবং গাছটি যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখব।
আরেক শিক্ষার্থী রাফি হাসান বলেন, নিজের হাতে গাছ পেয়ে খুব আনন্দ লাগছে। গাছটি যত্ন করে বড় করব এবং নিয়মিত পানি দেব।
কর্মসূচিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সদস্য আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা), রিজাউল করিম (দ্য এডিটরস), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা২৪), হাবিবুল হাসান, মেহেদী হাসান শিমুল এবং ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি এবং গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির উদ্দেশ্য। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৭ জন বাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৭ জন বাদ

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন চলছে। এতে স্থানীয় খেলোয়াড় ছাড়াও বংশোদ্ভূতরাও রয়েছেন। কোচ টমাস ডুলি তাদেরকে নানানভাবে পরখ করছেন। আপাতত তার প্রাথমিক দল থেকে ৭ জন খেলোয়াড় বাদ পড়েছেন।

জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন দুই প্রবাসী ইয়াসার ও দেবজিতসহ কাজেম শাহ, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, রাহুল ও স্বাধীন।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম আসিয়ান কাপে বাংলাদেশের খেলার সূচি প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে। দুই দিন পর ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। একই মাঠে একই সময়ে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে।

চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
চিন্ময় কৃষ্ণ দাসের মা মারা গেছেন

কারাগারে আটক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রাণী ধর (৭১) মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা রাণী ধর। তার বাড়ি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে অসুস্থ হয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষায় তার ক্যানসার শনাক্ত হয়। গত বুধবার রাতে তাকে হাসপাতাল থেকে পুণ্ডরিক ধামে নিয়ে আসা হয়।

তিন ভাই ও এক বোনের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সবার ছোট। গুরুতর অসুস্থ মাকে দেখতে কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তি দিতে বুধবার কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে আবেদন করেছিল পরিবার।

চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আমার মায়ের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।’

তিনি বলেন, ‘আমরা এখন মায়ের মরদেহ নিয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছি। সেখান থেকে মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আমার ভাইয়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করবো। আমাদের মায়ের শেষকৃত্য হাটহাজারীর পুণ্ডরীক ধামে সম্পন্ন হবে।’

পুণ্ডরিক ধাম সূত্রে জানা গেছে, ধর্মীয় আচারাদি পালন শেষে এখানেই সন্ধ্যা রাণী ধর-কে (শ্রীমতি সখী রসমঞ্জুরী মাতাজি) সমাধি দেওয়া হবে।