বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত খেলায় ফাইনালে উঠেছে সাতক্ষীরার বালক ও বালিকা দুই বিভাগেই দুটি দল। মঙ্গলবার (১৯ মে) বালক বিভাগে কালীগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মেহেরপুরকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ম্যাচে দলের হয়ে একটি করে গোল করেন আবির ও অনিক বাছাড়।

 

অন্যদিকে বালিকা বিভাগে শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চুয়াডাঙ্গা ও মেহেরপুরকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। বালিকা বিভাগের এক ম্যাচে তারা মেহেরপুরের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে একচেটিয়া আধিপত্য দেখায়। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয়।

 

বিভাগীয় পর্যায়ে সাতক্ষীরার দুই দলের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা আশা করি, ফাইনালেও তারা এই ধারাবাহিকতা বজায় রেখে জেলার সুনাম আরও উজ্জ্বল করবে।” এর আগে রোববার (১৭ মে) সকালে খুলনা নগরীর খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।

 

 

 

Ads small one

ভোমরা বন্দর দিয়ে ৮৯০ কোটি টাকার আদা আমদানি, সুফল মিলছে না স্থানীয় বাজারে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
ভোমরা বন্দর দিয়ে ৮৯০ কোটি টাকার আদা আমদানি, সুফল মিলছে না স্থানীয় বাজারে

 

এম শফিকুল ইসলাম: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮৯০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ৭৩ হাজার ৬৩৫ মেট্রিক টন আদা আমদানি করা হয়েছে। রান্নাঘরের প্রয়োজনীয় এই মসলাপণ্যটির স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে এবং দর স্থিতিশীল রাখতে সরকার আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে আদা আমাদানির অনুমোদন দেয়।
অনুমোদন পাওয়ার পর থেকেই আমদানিকারক প্রতিষ্ঠানগুলো নিয়মিত আদা খালাস করে আসছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ভোমরা বন্দর দিয়ে খালাস হওয়া আদার বেশিরভাগ চালানই সরাসরি দেশের অন্যান্য বড় জেলায় চলে যাচ্ছে। ফলে সাতক্ষীরার স্থানীয় হাটবাজারে সরবরাহ তেমন বাড়েনি। উল্টো সরবরাহ ঘাটতির অজুহাতে খুচরা বাজারে আদার দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। আর পাইকারি বাজারে প্রতি কেজির দর ১১৫ থেকে ১২০ টাকা।
পচনশীল পণ্য হওয়ায় বেশি দিন মজুত রাখা সম্ভব হয় না বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। শুকিয়ে যাওয়া বা পচে যাওয়ার আগেই তা বিক্রি করে দিতে হয়। এ কারণে বাজার দর প্রায়ই ওঠানামা করে।
আগের ও বর্তমানের দামের পার্থক্যের কথা জানাতে গিয়ে কাঁচামাল ব্যবসায়ী সুশান্ত সরদার জানান, আগে পাইকারিতে আদা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে কিনে খুচরা বাজারে ৬০ টাকায় বিক্রি করা যেত। কিন্তু বর্তমানে আমদানির পরও দাম চড়া থাকায় ১১৫ থেকে ১২০ টাকায় কিনে ১৩০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
এদিকে স্থানীয় বাজারে এই পণ্যটির চড়া দাম নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ ক্রেতাদের মধ্যেও। ক্রেতা অরবিন্দ সরকার বলেন, বন্দর দিয়ে বিপুল পরিমাণ আদা আমদানি হলেও তার বড় অংশ অন্য জেলায় চলে যাচ্ছে। এর ফলে স্থানীয় ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বাড়তি দামে আদা কিনতে বাধ্য হচ্ছেন।

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সরকারি সেবা ও সম্পদ প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক অ্যাডভোকেসি ও তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এই কর্মসূচির আয়োজন করে।
সাতক্ষীরা শহরের বাকাল ১ নম্বর কলোনিতে ‘আরএপি’ বাস্তবায়নের ত্রৈমাসিক হালনাগাদ ও অ্যাডভোকেসি শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়। ‘জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন: সরকারি সম্পদ, সেবা ও নীতি নির্ধারণে অভিগম্যতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী ফাতেমা খাতুন।
সভায় বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পুরো উপকূলীয় এলাকার মানুষ প্রতিনিয়ত ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে। দুর্যোগের মুখে পড়া এসব জলবায়ু অভিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি খাসজমি বণ্টন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং সরকারি নানা সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। একইসঙ্গে নীতি নির্ধারণী পর্যায়ে তাঁদের প্রত্যক্ষ অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) সঠিকভাবে বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসইভাবে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি ফাতেমা তুজ জোহরা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এবং সাংবাদিক আসাদুজ্জামান সরদার ও মোস্তাফিজুর রহমান রিপন।
সভায় জলবায়ু পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিরা দৈনন্দিন জীবনের নানা সংকট, বিশুদ্ধ খাবার পানির অভাব ও নাগরিক অধিকার সম্পর্কিত দাবিদাওয়া তুলে ধরেন। এতে স্থানীয় সিএমআরজি সদস্য, উন্নয়নকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সম্পাদকীয়/প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: ক্রীড়ানুরাগী ও সুস্থ প্রজন্ম গড়ার ইতিবাচক অঙ্গীকার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: ক্রীড়ানুরাগী ও সুস্থ প্রজন্ম গড়ার ইতিবাচক অঙ্গীকার

একটি সুস্থ, মেধাভিত্তিক ও কর্মক্ষম জাতি গঠনে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে মাঠে নামানোর লক্ষ্য নিয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছেন। শিক্ষা ও খেলাধুলার সুষম সমন্বয়ের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি তৃণমূল থেকে সুদৃঢ় করার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং দূরদর্শী।
বর্তমান আধুনিক যুগে স্মার্টফোন, অনলাইন গেম ও ভার্চুয়াল জগতের অতিরিক্ত প্রভাবে কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মের একটি বড় অংশ শারীরিক কসরত এবং মাঠের খেলাধুলা থেকে বিমুখ হয়ে পড়ছে। এতে যেমন তাঁদের শারীরিক গঠন ও মানসিকভাবে বিকশিত হওয়ার সুযোগ ব্যাহত হচ্ছে, তেমনই বৃদ্ধি পাচ্ছে মাদকের মতো নানা সামাজিক ব্যাধির প্রকোপ। এ অবস্থায় বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে স্পোর্টস বা ক্রীড়া প্রতিযোগিতায় যুক্ত করা অত্যন্ত প্রাসঙ্গিক এক পদক্ষেপ।
দেশজুড়ে বিস্তৃত ১৯ হাজারেরও বেশি মাধ্যমিক বিদ্যালয়, হাজার হাজার স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার এই মহাপরিকল্পনা কেবল দেশীয় ক্রীড়ার মানকেই ত্বরান্বিত করবে না, বরং জাতীয় দলগুলোর জন্য তৃণমূল থেকে নতুন ও সম্ভাবনাময় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার ক্ষেত্র তৈরি করবে। এছাড়া, প্রতিযোগিতার লোগো, মাসকট, থিম সং ও স্লোগান তৈরির কাজে স্বয়ং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে যুক্ত করা এবং পুরস্কৃত করার উদ্যোগ এই আয়োজনকে শিক্ষার্থীদের কাছে আরও বেশি উৎসবমুখর করে তুলবে।
তবে এত বড় একটি জাতীয় আয়োজন সফল করতে সুনির্দিষ্ট কিছু চ্যালেঞ্জও রয়েছে। সাম্প্রতিক বন্যার কারণে উদ্বোধনের তারিখ পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত হলেও, এর সার্বিক ব্যবস্থাপনা যেন সুশৃঙ্খল থাকে তা নিশ্চিত করা জরুরি। দেশের প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত সীমাবদ্ধতা, খেলার উপযুক্ত মাঠের অভাব এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে যেন কোনো ধরনের ত্রুটি না ঘটে। কেবল আনুষ্ঠানিকতা বা লোকদেখানো প্রতিযোগিতা না করে, প্রতিভাবানদের বাছাই করে দীর্ঘমেয়াদী পেশাদার প্রশিক্ষণের আওতায় নিয়ে আসাই হওয়া উচিত এই টুর্নামেন্টের আসল সাফল্য।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি টুর্নামেন্টেই সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে এক নতুন বিপ্লব আনবেÑএমনটাই প্রত্যাশা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছতা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এই মহতী উদ্যোগ যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের অবস্থান আগামীতে আরও সুদৃঢ় হবে।