বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ, দেশে সীমিত পরিসরে সমন্বয়: জ্বালানি মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হলেও দেশে সরকার সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।
রবিবার (১৯ এপ্রিল) সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে জ্বালানি আমদানিতে সরকারের অতিরিক্ত প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। যুদ্ধের আগে যে দামে জ্বালানি কেনা হতো, বর্তমানে তা অনেক বেড়েছে, ফলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে সেই অনুপাতে দেশে দাম বাড়ানো হয়নি। বাজার স্থিতিশীল রাখতে সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে।
জ্বালানি মন্ত্রী আরও বলেন, জনগণের ভোগান্তি কমানো এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতেই এই বাড়তি ব্যয়ের চাপ সরকার বহন করছে এবং খুব সীমিতভাবে দাম সমন্বয় করেছে।










