শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিশ্ব কার্ড তৈরি দিবস: কাগজে লেখা অনুভূতির অমলিন গল্প

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
বিশ্ব কার্ড তৈরি দিবস: কাগজে লেখা অনুভূতির অমলিন গল্প

সাকিবুর রহমান বাবলা

প্রতি বছর অক্টোবরের প্রথম শনিবার বিশ্ব কার্ড তৈরি দিবস পালিত হয়। ২০২৬ সালে দিবসটি পড়েছে ৩ অক্টোবর, শনিবার। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ‘পেপার ক্র্যাফটস’ ম্যাগাজিনের উদ্যোগে দিবসটির সূচনা। শুরুতে ম্যাগাজিনের পাঠকদের কার্ড তৈরিতে উৎসাহিত করার আয়োজন হলেও পরে তা দেশ-সীমানা পেরিয়ে কার্ডপ্রেমী ও পেপার-ক্রাফট অনুরাগীদের একটি বৈশ্বিক আয়োজনে পরিণত হয়। অক্টোবরের শুরুতে দিনটি রাখার উদ্দেশ্যও ছিল তাৎপর্যপূর্ণ-বড়দিনসহ বছরের শেষভাগের উৎসবগুলোর জন্য আগেভাগে হাতে তৈরি কার্ড প্রস্তুত করার সুযোগ ও উৎসাহ সৃষ্টি করা।

কার্ড শুধু একটি কাগজের টুকরো নয়; এটি মানুষের অনুভূতিকে দৃশ্যমান করার একটি মাধ্যম। জন্মদিন, বিবাহ, নববর্ষ, উৎসব, অভিনন্দন, কৃতজ্ঞতা কিংবা সহমর্মিতার বার্তা-সবকিছুকে একটি ছোট কার্ডে ধারণ করা যায়। ডিজিটাল বার্তার যুগে যেখানে কয়েক সেকেন্ডে একটি শুভেচ্ছা পাঠানো সম্ভব, সেখানে নিজের হাতে কাগজ নির্বাচন, নকশা আঁকা, রং করা, কেটে-ছেঁটে সাজানো এবং শেষে নিজের হাতের লেখা যোগ করার মধ্যে আলাদা এক মানবিকতা রয়েছে।

 

একটি হাতে তৈরি কার্ড তাই বার্তার পাশাপাশি সময়, মনোযোগ ও যতেœরও স্মারক হয়ে ওঠে।
কার্ড তৈরির ইতিহাসও দীর্ঘ। আধুনিক গ্রিটিং কার্ডের আগে বিভিন্ন সমাজে শুভেচ্ছা ও বার্তা বিনিময়ের নানা রীতি ছিল। চীনে নববর্ষ উপলক্ষে লিখিত শুভেচ্ছা বিনিময়ের ঐতিহ্য বহু পুরোনো। ইউরোপে মধ্যযুগের শেষভাগ ও পরবর্তী সময়ে হাতে লেখা ভ্যালেন্টাইন বার্তার প্রচলন দেখা যায়। ১৪১৫ সালে ইংল্যান্ডের টাওয়ারে বন্দি ফ্রান্সের ডিউক অব অরলিয়ঁর চার্লস তাঁর স্ত্রীকে যে ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন, সেটিকে প্রাচীনতম টিকে থাকা ভ্যালেন্টাইন হিসেবে উল্লেখ করা হয়।

আধুনিক বাণিজ্যিক গ্রিটিং কার্ডের ইতিহাসে ১৮৪৩ সাল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ব্রিটিশ নাগরিক ও ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের প্রথম পরিচালক স্যার হেনরি কোল শিল্পী জন ক্যালকট হর্সলির নকশায় একটি বড়দিনের কার্ড ছাপান। প্রায় এক হাজার কপি তৈরি করা হয়েছিল; নিজের প্রয়োজনের অতিরিক্ত কার্ড বিক্রিও করা হয়। পরবর্তী সময়ে মুদ্রণপ্রযুক্তির উন্নতি, রঙিন ছাপা এবং ডাকব্যবস্থার প্রসারের ফলে কার্ড সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে। ১৯১০ সালে জে.সি. হলের পোস্টকার্ড ব্যবসার সূচনা এবং পরে হলমার্কের নিজস্ব গ্রিটিং কার্ড মুদ্রণ এই শিল্পের বাণিজ্যিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হলো আমন্ত্রণপত্র। বিয়ে, জন্মদিন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক আয়োজন-প্রতিটি ক্ষেত্রেই আমন্ত্রণপত্র শুধু সময় ও স্থান জানায় না; আয়োজকের রুচি, ঐতিহ্য ও অনুষ্ঠানের চরিত্রও প্রকাশ করে। আধুনিক আমন্ত্রণপত্রে কাগজের পাশাপাশি ডিজিটাল নকশা, কিউআর কোড, অ্যানিমেশন ও অনলাইন আরএসভিপি যুক্ত হয়েছে। ফলে কার্ডের মৌলিক উদ্দেশ্য-মানুষকে একটি সম্পর্ক বা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করা-অটুট রেখেই তার মাধ্যম বদলে গেছে।

কার্ডের জগৎ একই সঙ্গে ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার মিলনস্থল। ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, জলরং, ইলাস্ট্রেশন, কাগজ কাটা, কুইলিং, এমবসিং, স্ট্যাম্পিং, ফয়েলিং ও পপ-আপ নকশা-বিভিন্ন কৌশলে একটি সাধারণ কাগজকে শিল্পকর্মে পরিণত করা যায়। বিয়ের আমন্ত্রণপত্রে ক্যালিগ্রাফি, উৎসবের কার্ডে অলংকরণ, শিশুর জন্মদিনের কার্ডে রঙিন ইলাস্ট্রেশন কিংবা আনুষ্ঠানিক অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে মার্জিত টাইপোগ্রাফি-প্রতিটি নকশাই তার নিজস্ব সংস্কৃতি ও উপলক্ষের ভাষা বহন করে।

কার্ড তৈরি মানুষের সৃজনশীলতা চর্চারও একটি সহজ পথ। কাগজ, কার্ডস্টক, রং, পেন্সিল, কলম, কাঁচি, আঠা, ফিতা, স্টিকার বা পুনর্ব্যবহৃত কাগজ দিয়েই শুরু করা যায়। শিশুদের ক্ষেত্রে এটি রং, আকার, লেখা ও হাতের কাজের সঙ্গে পরিচিত হতে সাহায্য করতে পারে; বড়দের জন্য এটি অবসর বিনোদন ও সৃজনশীল প্রকাশের একটি মাধ্যম। দলবদ্ধভাবে কার্ড তৈরি করলে পরিবার, বন্ধু বা শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও ভাবনা বিনিময়ের সুযোগও তৈরি হয়।

স্মৃতির দিক থেকেও কার্ডের গুরুত্ব আলাদা। একটি পুরোনো কার্ডের কাগজ, হাতের লেখা, তারিখ বা নকশা বহু বছর পর কোনো ঘটনা, মানুষ কিংবা সম্পর্কের কথা মনে করিয়ে দিতে পারে। এ অর্থে কার্ড ব্যক্তিগত জীবনের ছোট ছোট স্মৃতিকে ধরে রাখার এক ধরনের বস্তুগত দলিল। অনেক সময় একটি পুরোনো কার্ডের কয়েকটি শব্দই হারিয়ে যাওয়া সময়ের দরজা খুলে দিতে পারে।

ডিজিটাল যুগ কার্ডের অস্তিত্ব মুছে দেয়নি; বরং এর রূপকে আরও বিস্তৃত করেছে। ই-কার্ড, ডিজিটাল ইলাস্ট্রেশন, অ্যানিমেটেড শুভেচ্ছা ও অনলাইন আমন্ত্রণের পাশাপাশি হাতে তৈরি কাগজের কার্ড এখনও ব্যক্তিগত স্পর্শের প্রতীক। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তি নতুন প্রজন্মকে নকশা, টাইপোগ্রাফি ও চিত্রকলার নতুন সম্ভাবনার সঙ্গে যুক্ত করেছে।

বিশ্ব কার্ড তৈরি দিবসের আসল সৌন্দর্য তাই শুধু একটি কার্ড বানানোতে নয়, বরং ‘সময় দেওয়ার’ সংস্কৃতিকে ফিরিয়ে আনা। একটি হাতে লেখা বাক্য, একটি আঁকা ফুল, একটি ছোট্ট শুভেচ্ছা কিংবা নিজের হাতে তৈরি নকশা ভবিষ্যতে একটি স্মৃতিচিহ্ন হয়ে থাকতে পারে। ডিজিটাল বার্তা মুহূর্তের যোগাযোগ তৈরি করে; হাতে তৈরি কার্ড তৈরি করতে হয় ধৈর্য নিয়ে, আর সেই শ্রমই তার আবেগকে গভীর করে।

৩ অক্টোবরের এই দিনটি তাই কাগজ, রং ও কারুশিল্পের উৎসবের পাশাপাশি মানবিক সম্পর্ক, সৃজনশীলতা, স্মৃতি ও আন্তরিকতারও উদযাপন। ব্যস্ত ও দ্রুতগতির পৃথিবীতে একটু থেমে নিজের হাতে কারও জন্য একটি কার্ড তৈরি করা-হয়তো সেটিই এই দিবসের সবচেয়ে সুন্দর বার্তা। আর অন্ততঃ একজন প্রিয় মানুষের জন্য হাতে তৈরি একটি কার্ড বানিয়ে ফেলি।

Ads small one

দামারপোতা সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসাসেবা ও ফুটবল ম্যাচ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
দামারপোতা সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসাসেবা ও ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিনিধি: দামারপোতা সমাজকল্যাণ পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

বিকেলে দামারপোতা ফুটবল মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাপূর্ণ এ খেলায় বিবাহিত দল ১-০ গোলে অবিবাহিত দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি নবজীবনের পরিচালক খান ফাহিম আল ফুয়াদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আশরাফুজ্জামান খোকন, চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর হাসান রুবেল, দামারপোতা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক সাইফুজ্জামান মিঠুন, সভাপতি মাসুম বিল্লাহ সাব্বির ও জ্যেষ্ঠ সহসভাপতি প্রভাষক বায়জিদ বোস্তামী। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

কয়রা কপোতাক্ষ কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ বিশ্বাসের পরলোকগমন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
কয়রা কপোতাক্ষ কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ বিশ্বাসের পরলোকগমন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাস মারা গেছেন (অনাদি বায়ান্না)। অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুশীল বিশ্বাসের বড় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কজনিত জটিলতা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

২০১৮ সালে অবসর নেওয়া সন্তোষ কুমার বিশ্বাস একজন জনপ্রিয় শিক্ষকের পাশাপাশি দক্ষ উপস্থাপক ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষকবৃন্দ এবং শ্যামনগরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মাদক ও সাইবার অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি মন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
মাদক ও সাইবার অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি মন্ত্রী

পত্রদূত ডেস্ক: যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা- চর্চার ওপর জোর দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মাগুরার নোমানী ময়দানে আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও ভূমিকা রাখছে। খেলাধুলা ও লোকসংস্কৃতির চর্চা তরুণের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং তাঁদের মধ্যে শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি, হাডুডু ও নৌকাবাইচের মতো খেলাগুলোকে সারা দেশে জনপ্রিয় করতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মো তাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী নোমানী ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরে জেলা স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্ট ও নৌকা বাইচ উৎসবে যোগ দেন।