বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব শিশু দিবস: আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
বিশ্ব শিশু দিবস: আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ

সাকিবুর রহমান বাবলা

প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে প্রতিবছর ২০ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব শিশু দিবস। ১৯৫৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮৩৬ (৯) নম্বর প্রস্তাবের মাধ্যমে দিবসটি পালনের সুপারিশ করা হয়। ১৯৫৯ সালের ২০ নভেম্বর গৃহীত হয় শিশু অধিকার ঘোষণাপত্র এবং ১৯৮৯ সালের একই দিনে জাতিসংঘের শিশু অধিকার সনদ। ইউনিসেফের উদ্যোগে পালিত এ দিবসের ২০২৬ সালের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। এর মূল বার্তা হলো—শিশুদের কথা শুনতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে তাদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। শিশু অধিকার সনদ বিশ্বের সর্বাধিক অনুমোদিত মানবাধিকার চুক্তি।

জাতিসংঘ ও ইউনিসেফের উপাত্ত অনুযায়ী, বিশ্বে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৪০ কোটি, যা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ। আফ্রিকায় শিশুদের অনুপাত সবচেয়ে বেশি; মহাদেশটির মোট জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ শিশু। সংখ্যার বিচারে ভারত ও চীন বিশ্বের সর্বাধিক শিশুবহুল দেশগুলোর মধ্যে রয়েছে। বাংলাদেশেও ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৫ কোটি ৮৭ লাখ। এত বিপুল জনগোষ্ঠীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বৈশ্বিক অগ্রগতি সত্ত্বেও কোটি কোটি শিশু দারিদ্র্য, অপুষ্টি, শিক্ষাবঞ্চনা, শিশুশ্রম, বাল্যবিবাহ, পাচার ও নির্যাতনের শিকার। বিশ্বে শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা প্রায় ১৬ কোটি। যুদ্ধ ও সংঘাতের কারণে সুদান, গাজা, ইউক্রেন, হাইতি, সোমালিয়া ও দক্ষিণ সুদানের শিশুরা ভয়াবহ মানবিক সংকটে রয়েছে। সুদানে প্রায় ৫০ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। খাদ্যসংকট, নিরাপদ পানির অভাব, স্বাস্থ্যসেবার ঘাটতি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিশুরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। বাস্তুচ্যুতি, অনিশ্চয়তা ও মানবিক সংকটের মধ্যে দিন কাটছে রোহিঙ্গা শিশুদেরও।

শিশু অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত শিক্ষা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫ অনুযায়ী, দেশে প্রাথমিক স্তরে নিট উপস্থিতির হার ৮৪ দশমিক ৩ শতাংশ, নিম্ন মাধ্যমিকে ৫৯ দশমিক ৬ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৫০ দশমিক ৫ শতাংশ। শিক্ষা সমাপ্তির হার যথাক্রমে ৮৩ দশমিক ৭, ৬৯ দশমিক ৩ ও ৪৩ দশমিক ৯ শতাংশ। নিম্ন মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে মেয়েদের হার ৭৬ শতাংশ, ছেলেদের ৬৩ শতাংশ। দরিদ্র পরিবারের শিশুরা তুলনামূলকভাবে বেশি পিছিয়ে। শিশুশ্রম, বাল্যবিবাহ ও দারিদ্র্য শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার অন্যতম কারণ। পুষ্টির ক্ষেত্রেও উদ্বেগজনক চিত্র রয়েছে। ৬ থেকে ২৩ মাস বয়সী মাত্র এক-তৃতীয়াংশ শিশু ন্যূনতম সুপারিশকৃত খাদ্যবৈচিত্র্য পায়। কোভিড-১৯ মহামারিতে দেশের প্রায় ৩ কোটি ৭০ লাখ শিশুর শিক্ষাজীবন ব্যাহত হয়েছিল।

শিশুদের অধিকার সুরক্ষায় বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন ও নীতিমালা রয়েছে। এর মধ্যে শিশু আইন ২০১৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শ্রম আইন ২০০৬, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬, সাইবার সুরক্ষা আইন ২০২৬ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ উল্লেখযোগ্য। পাশাপাশি জাতীয় শিশু নীতি ২০১১, জাতীয় শিশুশ্রম নিরসন নীতি ২০১০, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন ১৯৯০, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু নির্যাতন ও অধিকার লঙ্ঘনের ঘটনায় চাইল্ড হেল্পলাইন ১০৯৮, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং সরকারি তথ্য ও সেবা পেতে ৩৩৩ ব্যবহারের সুযোগ রয়েছে।

জাতীয় বাস্তবতার প্রতিফলন সাতক্ষীরা জেলাতেও স্পষ্ট। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, জেলার মোট জনসংখ্যা ২১ লাখ ৯৬ হাজার ৫৮২। এর মধ্যে ০-৪ বছর বয়সী ১ লাখ ৮৮ হাজার ১২৫, ৫-৯ বছর বয়সী ১ লাখ ৭২ হাজার ৫৭৫, ১০-১৪ বছর বয়সী ১ লাখ ৭৯ হাজার ৭৮৩ এবং ১৫-১৯ বছর বয়সী ১ লাখ ৯৭ হাজার ৬২৭ জন। জেলার সাক্ষরতার হার ৭৫ দশমিক ৩২ শতাংশ। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫ অনুযায়ী, সাতক্ষীরায় বাল্যবিবাহের হার ৬২ দশমিক ৩ শতাংশ, শিশুদের ওপর সহিংস শৃঙ্খলা প্রয়োগের হার ৮০ দশমিক ৫ শতাংশ এবং শিশুখাদ্য দারিদ্র্যের হার ৬৬ দশমিক ৯ শতাংশ। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মাঝারি ও গুরুতর ওজনস্বল্পতার হার ১৯ দশমিক ৭ শতাংশ।

জেলার বিচারব্যবস্থার পরিস্থিতিও উদ্বেগজনক। ২০২৬ সালের বিভিন্ন সূত্রের তথ্যে শিশু আইনসংক্রান্ত ৬২৬টি, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত ২ হাজার ৫২২টি এবং মানব পাচারসংক্রান্ত ১৫১টি মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলোতে মোট বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৪ হাজার ৩৪২ থেকে ৫ হাজার। বিচারক সংকট, মামলার দীর্ঘসূত্রতা ও আদালতকেন্দ্রিক ভোগান্তি ন্যায়বিচার পাওয়ার পথ কঠিন করে তুলছে। সামাজিক সম্মান ও শিশুর ভবিষ্যতের কথা বিবেচনা করে অনেক পরিবার অভিযোগ করতেও অনীহা প্রকাশ করে।

সীমান্তবর্তী ও উপকূলীয় জেলা হওয়ায় সাতক্ষীরায় শিশু পাচার, ঝুঁকিপূর্ণ শ্রম ও নিপীড়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষভাবে বিবেচনার দাবি রাখে। শ্যামনগর ও আশাশুনির চিংড়িঘের, কাঁকড়া আহরণ, ইটভাটা, সুন্দরবনসংলগ্ন বিভিন্ন কর্মক্ষেত্র এবং ভোমরা স্থলবন্দরে শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রমে যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও বাস্তুচ্যুতির কারণে অনেক শিশু সাতক্ষীরা শহরের বিভিন্ন বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। এতে তাদের শিক্ষা, পুষ্টি, সুপেয় পানি ও নিরাপদ জীবনযাপনের সুযোগ সংকুচিত হচ্ছে।

বিশ্বের প্রধান ধর্মগ্রন্থগুলোতেও শিশুর মর্যাদা, অধিকার ও সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র আল-কোরআনে সন্তানকে আল্লাহর নেয়ামত ও আমানত হিসেবে বিবেচনা করে জীবন রক্ষা এবং এতিমের অধিকার প্রতিষ্ঠার নির্দেশনা রয়েছে। হিন্দুধর্মে শিশুর স্নেহ, চরিত্র গঠন ও ষোড়শ সংস্কারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বাইবেলে শিশুকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। বৌদ্ধধর্মের ত্রিপিটকেও শিশুর প্রতি মমতা, করুণা, অহিংসা ও সুশিক্ষার গুরুত্ব প্রতিফলিত হয়েছে।

বিশ্ব শিশু দিবসের অঙ্গীকার বাস্তবায়নে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর প্রয়োগ ও জবাবদিহি। শিশু আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি, পর্যাপ্ত বিচারক নিয়োগ, পাচারকারী চক্র দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্মনিবন্ধন জালিয়াতি বন্ধ এবং শিশুশ্রম নিরসনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে। দরিদ্র পরিবারের সামাজিক নিরাপত্তা, উপবৃত্তি, পুষ্টি সহায়তা, উপকূলীয় শিশুদের বিকল্প শিক্ষাব্যবস্থা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

শিশুরা শুধু ভবিষ্যতের নাগরিক নয়, তারা বর্তমান সমাজেরও অধিকারসম্পন্ন সদস্য। তাদের অধিকার নিশ্চিত করা কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। বিশ্ব শিশু দিবসে আমাদের অঙ্গীকার হোক—প্রতিটি শিশুর শৈশব হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন। প্রতিশ্রুতিতে নয়, কার্যকর উদ্যোগেই প্রতিষ্ঠিত হোক প্রতিটি শিশুর অধিকার।

Ads small one

সাতক্ষীরা-খুলনা সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরা-খুলনা সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা মহাসড়কের বিনেরপোতা অংশে রাস্তার পাশের গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সড়কে পড়ে থাকা গাছের গুঁড়ি ও ডালপালা কেটে অপসারণ করলে সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, গাছ অপসারণের পর বর্তমানে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এখবর দিয়েছে ক্রাইম বার্তা নামক একটি ফেইসবুক পেইজ।

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (এফআইআপ নং-৪, জিআর নং-২৬৭) তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই বছরের ১৯ জানুয়ারি দায়ের করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় (এফআইআর নং-১৪, জিআর নং-১৪) সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় দায়ের করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় (এফআইআর নং-৭, জিআর নং-১৬২) তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ও ২৫(ডি) ধারায় অভিযোগ রয়েছে।

২০২৬ সালেও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ১৯ মার্চ দায়ের করা মামলায় (এফআইআর নং-১৮, জিআর নং-৬৭) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়। একই বছরের ২ জুন দায়ের করা অপর একটি মামলায় (এফআইআর নং-৫, জিআর নং-১৮৫) দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় দায়ের করা দুটি পৃথক মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে একটি মামলায় (জিআর নং-১৪৮) দণ্ডবিধির ৩০৭, ১৪৩, ৩২৩, ৩৭৯, ৩৫৪, ৩৮৫ ও ৩৬৩ ধারায় অভিযোগ আনা হয়েছিল। অপর মামলাটি (এফআইআর নং-০৯, জিআর নং-১০৮) দায়ের করা হয় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৩০৭ ধারায়। এ মামলায় ২০০৬ সালের ২৬ অক্টোবর ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

 

ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা তৈরি করবে গুগল ম্যাপস, যুক্ত হলো নতুন এআই ফিচার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা তৈরি করবে গুগল ম্যাপস, যুক্ত হলো নতুন এআই ফিচার

এতদিন নতুন কোনও জায়গায় ভ্রমণ কিংবা একাধিক গন্তব্য ঘুরে দেখার পরিকল্পনা করতে হলে আগে থেকেই বিভিন্ন ওয়েবসাইটে তথ্য খুঁজে সময়সূচি তৈরি করতে হতো। কোন পথে গেলে সময় কম লাগবে, কোথায় যাত্রা-বিরতি নেওয়া যাবে কিংবা গন্তব্যে পৌঁছানোর পর জায়গাটি খোলা থাকবে কি না, এসব বিষয়ও আলাদাভাবে যাচাই করতে হতো।

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় এসব কাজ সহজ করতে গুগল ম্যাপসে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। ‘আস্ক ম্যাপস’নামের এআইভিত্তিক সুবিধাটি ব্যবহার করে একাধিক গন্তব্যের ভ্রমণসূচি ও বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা তৈরি করা যাবে। পাশাপাশি যাত্রাপথের যানজট, গন্তব্যের খোলার সময়সহ বিভিন্ন আপডেটেড তথ্যও পাওয়া যাবে।

গুগলের জেমিনাই এআই প্রযুক্তিনির্ভর আস্ক ম্যাপস ব্যবহার করে সাধারণ ভাষায় নির্দেশনা দিয়েই ভ্রমণ পরিকল্পনা তৈরি করা যাবে। যেমন, কেউ তিন দিনের রোডট্রিপের জন্য সমুদ্রসৈকত, পাহাড়ি পথে হাঁটা এবং সমুদ্রের পাশে খাবারের রেস্তোরাঁ ঘুরে দেখার পরিকল্পনা চাইলে ম্যাপস প্রতিদিনের জন্য আলাদা সময়সূচি তৈরি করে দেবে। এতে প্রতিটি গন্তব্যের অবস্থান নম্বরযুক্ত পিনের মাধ্যমে ম্যাপে দেখানো হবে। ফলে কোন জায়গার পর কোথায় যেতে হবে, তা সহজেই বোঝা যাবে। তৈরি করা ভ্রমণসূচি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করা যাবে। কম্পিউটার থেকে সেটি গুগল ডকসেও এক্সপোর্ট করার সুবিধাও রয়েছে।

ভ্রমণের সময়ও পরিকল্পনা অনুযায়ী তথ্য পাওয়া যাবে। আস্ক ম্যাপসের চ্যাটের হিস্ট্রিতে থাকা ‘ইটিনারারি’অপশন থেকে আগের তৈরি ভ্রমণসূচি খোলা যাবে। এরপর প্রতিটি গন্তব্যে যাওয়ার আগে সরাসরি যানজটের অবস্থা, সংশ্লিষ্ট দোকান বা রেস্তোরাঁ খোলা আছে কি না এবং পরবর্তী গন্তব্যের পরিবেশ কেমন, সে সম্পর্কে তথ্য দেখাবে ম্যাপস। প্রয়োজনে কথোপকথনের মাধ্যমেই ভ্রমণসূচিতে নতুন কোনও দর্শনীয় স্থান বা খাবারের জায়গা যুক্ত করা যাবে। এরপর নির্দিষ্ট গন্তব্যে ট্যাপ করলেই সেখানে যাওয়ার দিকনির্দেশনা পাওয়া যাবে।

এ ছাড়া গুগল ম্যাপসে সেভ করা পছন্দের জায়গাগুলোর তালিকা থেকেও প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে। যেমন, সেভ করা রেস্তোরাঁগুলোর মধ্যে কোনটিতে পাঁচজনের জন্য পরবর্তী ৩০ মিনিটের মধ্যে আসন পাওয়া যাবে বা আলাদা কোন রিজার্ভেশন আছে কি না, তা জানা যাবে। নতুন এআই সুবিধার মাধ্যমে পার্লারে রূপচর্চা, পোষা প্রাণীর পরিচর্যা, গাড়ি মেরামতের মতো সেবার জন্য অনলাইনে নির্দিষ্ট সময় খুঁজে দেবে গুগল ম্যাপস। প্রয়োজনে স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে ফোন করে ব্যবহারকারীর পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্টের সময়ও নির্ধারণ করতে পারবে।

গত ১৬ নভেম্বর থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধাগুলো চালু করা শুরু হয়েছে। ভ্রমণসূচি তৈরি ও সেভ করা তালিকা অনুসন্ধানের সুবিধা আস্ক ম্যাপস চালু রয়েছে এমন ২০০টির বেশি দেশ ও অঞ্চলে পাওয়া যাবে। পাশাপাশি ইউরোপের ৩০টি দেশে আস্ক ম্যাপস সম্প্রসারণ করছে গুগল। তবে যাত্রাপথের অতিরিক্ত তথ্য এবং অ্যাপয়েন্টমেন্ট খোঁজার সুবিধা প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে।