বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের ডাকা কর্মবিরতি ও সমাবেশ স্থগিত করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সমস্যা সমাধানের আশ্বাসে শ্রমিকেরা কাজে ফিরেছেন। আজ রোববার বিকেল থেকে বন্দরে পুনরায় পণ্য লোড-আনলোড শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর আগে বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোডের টেন্ডার পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হোসনেয়ারা এন্টারপ্রাইজ’। গত ৫ আগস্টের পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে সমন্বয়হীনতা ও বেতন বৈষম্যের অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে এবং ন্যায্য অধিকারের দাবিতে আজ রোববার সকাল থেকে বন্দরে কর্মবিরতি ও সমাবেশ শুরু করেন শ্রমিকেরা।
দুপুরে উদ্ভূত পরিস্থিতি নিরসনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ। বৈঠক শেষে বন্দর পরিচালক শামিম হোসেন নিশ্চিত করেন, আলোচনার পর আশ্বাসের প্রেক্ষিতে বিকেল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত সুরাহা করার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে বন্দর শ্রমিক নেতারা জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য কিছুটা সময় চেয়েছেন। তাই সাময়িকভাবে এই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে ন্যায্য দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।











