বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসার মিষ্টি উপহার কেক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
ভালোবাসার মিষ্টি উপহার কেক

প্রকাশ ঘোষ বিধান

প্রতিবছর ২৬ নভেম্বর বিশ্বজুড়ে কেক দিবস উদ্‌যাপন করা হয়। আনন্দ, সৃজনশীলতা ও ভালোবাসা ভাগ করে নেওয়ার এই দিনটি কেকপ্রেমীদের কাছে বিশেষ উপলক্ষ। কেক শুধু সুস্বাদু খাবার নয়, এটি উৎসব, আবেগ ও সম্পর্কেরও প্রতীক।

কেকের ইতিহাস বেশ প্রাচীন। মিসর ও গ্রিসে মধু, বাদাম, দুধ ও ডিম দিয়ে মিষ্টি রুটি তৈরি হতো, যা আধুনিক কেকের আদি রূপ বলে ধারণা করা হয়। প্রাচীন কেক ছিল ভারী ও সমতল। পরে রোমানদের হাত ধরে কেকের স্বাদ ও গঠনে পরিবর্তন আসে। ইউরোপে ময়দা, চিনি, মাখন ও ওভেনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে কেক হয়ে ওঠে নরম, সুস্বাদু ও আকর্ষণীয়। উনিশ শতকে জন্মদিনের কেক ও মোমবাতির প্রচলন জনপ্রিয়তা পায়, যা ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

সময়ের সঙ্গে কেক তৈরিতে এসেছে নানা বৈচিত্র্য। চকোলেট, ভ্যানিলা, ব্ল্যাক ফরেস্ট, রেড ভেলভেট, চিজকেক ও ফ্রুট কেক—স্বাদ ও সাজসজ্জায় প্রতিটি কেকের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। চকোলেট কেকের সমৃদ্ধ স্বাদ, ভ্যানিলা কেকের মিষ্টি সুবাস, ব্ল্যাক ফরেস্টের চেরি ও ক্রিমের সমন্বয় কিংবা রেড ভেলভেটের আকর্ষণীয় রং—সবই কেকপ্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়।

জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী, চাকরিতে পদোন্নতি কিংবা যেকোনো সাফল্য উদ্‌যাপনে কেক এখন অপরিহার্য অনুষঙ্গ। কেক কাটার মধ্য দিয়ে শুভেচ্ছা, আনন্দ ও ভালোবাসা ভাগ করে নেওয়ার একটি সুন্দর রীতি গড়ে উঠেছে। জন্মদিনের কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে মনের ইচ্ছা প্রকাশও অনেকের কাছে আনন্দের ঐতিহ্য।

বিকেলের চায়ের সঙ্গে এক টুকরো কেক কিংবা প্রিয়জনের জন্য নিজের হাতে তৈরি কেক মুহূর্তকে করে তোলে আরও সুন্দর। বিশ্ব কেক দিবস আমাদের মনে করিয়ে দেয়, জীবনের ছোট ছোট আনন্দও উদ্‌যাপন করা প্রয়োজন। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে পছন্দের কেক ভাগ করে নেওয়ার মধ্যেই এই দিনের আনন্দ ও সার্থকতা নিহিত।

এক টুকরো কেক কখনো কখনো হয়ে উঠতে পারে ভালোবাসার মিষ্টি উপহার, আন্তরিকতার প্রকাশ এবং সম্পর্কের উষ্ণতা বাড়ানোর ছোট্ট উপলক্ষ।

Ads small one

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশ সুরক্ষায় শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা খুলনায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনার দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়, দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ ও আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, তরুণরাই আগামী দিনে সমাজ ও দেশ গঠনে নেতৃত্ব দেবে। মাদক ব্যক্তির স্বাভাবিক চিন্তাশক্তি ও পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বর্জ্য সঠিকভাবে অপসারণ এবং ডিজিটাল আসক্তি পরিহারে তরুণদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

কলেজের উপাধ্যক্ষ মো. সদরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরাদুল ইসলাম ও সমাজসেবক শেখ অলিয়ার রহমান। সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সঞ্চালনা করেন অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। তথ্যবিবরণী

খুলনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
খুলনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে খুলনায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে খুলনা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, নারী নির্যাতন প্রতিরোধে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পাশে দাঁড়াতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা লিজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, বিভিন্ন নারী সংগঠনের নেত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মহিলা পরিষদ, মাসাস, তেজসী নারী উন্নয়ন সংস্থাসহ ২৫টি সংগঠন এতে অংশ নেয়। তথ্যবিবরণী

প্রতিবন্ধী আসাদুলকে ব্যাটারিচালিত ভ্যান দিল ইউনাইট ফাউন্ডেশন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
প্রতিবন্ধী আসাদুলকে ব্যাটারিচালিত ভ্যান দিল ইউনাইট ফাউন্ডেশন

সংবাদদাতা: সাতক্ষীরার বিনেরপোতায় প্রতিবন্ধী আসাদুল ইসলামের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যাটারিচালিত পা-ভ্যান দিয়েছে ইউনাইট ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংস্থাটির স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় তাঁর হাতে ভ্যানটি তুলে দেওয়া হয়। দাননির্ভরতার পরিবর্তে কর্মসংস্থানের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বিন রফিকুল, সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন, সদস্য আব্দুল্লাহ আল-মামুন সম্রাট ও সাঈদ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, কর্মসংস্থানের উপকরণ দিয়ে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম পিছিয়ে পড়া মানুষের আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক হবে।