ভূত নয় অদ্ভুত
শেখ মিজানুর রহমান মিনু
বিশু খুব সাহসী ছেলে। ছোটো বেলা থেকে ও ছিলো ডানপিটে স্বভাবের। ভয়- ডর বলে কোনো জিনিস ছিলো না ওর মধ্যে। ভূত- পেতœী, রাক্ষস- খোক্কস ওতো কোন ছার! দাদীর কাছ থেকে যখন এই সমস্ত দৈত্য- দানব, জ্বীন-ভূতের গল্প শুনতো, ও বলতো সব ‘ গাঁজাখুরি’। দেখাও তো একটা ভূত! আঙ্গুলের তুড়ি মেরে উড়িয়ে দিতো। দিনে দিনে বড়ো হলো। পিতা গরীব হওয়ায় অন্যান্য ছেলেদের মতো বেশি লেখা পড়ার সুযোগ পেলো না। অল্প বয়সে পিতা অসুস্থ হওয়ায় সংসারের হাল ধরতে হলো তাকে। পিতা ক্যান্সার আক্রান্ত। অনেক টাকার প্রয়োজন, আবার সংসারও চালাতে হবে। মেধা ভালো থাকলেও পঞ্চম শ্রেণিতে পরীক্ষা দিয়েই ইতি টানতে হলো। রাখতে হলো ভ্যানের প্যাডেলে পা। ওর সমবয়সীরা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে, পড়া শেষে সবাই যখন বিকেলে খেলতে যায়। ওর তখন চোখ থেকে টপটপ করে গড়িয়ে পড়ে পানি। কিশোর বয়স, মনটা আনচান করে ওঠে খেলা করার জন্য, কিন্তু পারেনা। পিতার ভ্যানটা নিয়ে বেরিয়ে পড়ে রোজগারের উদ্দেশ্যে। ঐ টুকু পিচ্চি ছেলের ভ্যানে উঠতে চায় না কোনো যাত্রী। আবার কেউ দরদ করে ওঠে। আহা রে, এই বয়সে যার হাতে থাকার কথা ছিলো বই-খাতা, আর কলম, সেই বয়সে তার হাতে শোভা পাচ্ছে, অর্থ উপার্জনের এক মোক্ষম হাতিয়ার তিন চাকা বিশিষ্ট একটা ‘ভ্যান’। এখনো প্যাডেলে পা লাগানোর মতো বয়স হয়নি। টেনে টেনে প্যাডেল ঘুরায়, ওর কষ্ট হয়। বয়স কম হলেও তাকে দেখলে মনে হয় পূর্ণ বয়ষ্ক একটা যুবক। বিশু সবার সাথে মিলে মিশে ভ্যান চালায়। পুরনো কথা মনে উঠলে হো…হো… করে হেসে ওঠে। বাপরে, কি দূরন্তই না ছিলো সে। কথায় কথায় মারামারি করে বসতো। কিন্তু আজ? যেমন ছিলো দূরন্ত, তেমনি ছিলো সাহস। আজ দূরন্তপনা কমে গেলেও সাহস আছে অটুট। বিশুর শরীর সাস্থ্য বেশ সুঠাম, মজবুত। পিতা মাতা আর দুই বোন নিয়ে সংসার। বস্তিতে ওদের বাস। তবুও তো মানুষ। বাঁচার ইচ্ছা তো সবার আছে। কিন্তু ইঞ্জিন চালিতো ভ্যান আর ইজি বাইকের ভীড়ে ওর ভ্যানে কেউ উঠতে চায় না। পিতার পিছনে খরচ করা আর সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে উঠলো। তাই সে একদিন স্থানীয় থানায় যেয়ে কন্ট্রাক্ট করলো, যখনই কোনো আত্মহত্যাকারী বা দূর্ঘটনা কবলিত যে কোনো মরা লাশ মর্গে পাঠানোর দরকার হবে, ওকে যেন সংবাদ দেয়। অথচ মরা লাশ জেলা সদরে নিয়ে যাওয়াটা কি চাড্ডিখান কথা? কমছে কম ষাট থেকে সত্তর কিলোমিটার পথ। কোথায় শ্যামনগর আর কোথায় সাতক্ষীরা। তাকে অন্তত মাঝখানে দুইটা থানা পাড়ি দেওয়ার পরেই কেবল পা রাখতে পারবে সাতক্ষীরা জেলা সদর। তাও আবার রাতের বেলা একাকী। কেউ সাহসই করেনা হাজার টাকা দিলেও। কিন্তু বিশুর টাকার খুব প্রয়োজন। আব্বাকে সুস্থ করার জন্য তার এই প্রচেষ্টা। বিশুর কোনো ভয় নেই। তার সাফ জবাব, আরে মরা মানুষ কি কখনও ভূত হয় নাকি? যত সব মান্ধাতার আমলের গাঁজাখুরী গল্প। কই কতো লাশ তো সে নিয়ে গেছে, কোনদিন তো দেখিনি মরা লাশ ভূত হতে। ভূত- প্রেত বা জ্বীন- পরী কোনটাই বিশ্বাস হয় না ওর। অনেক ভ্যানওয়ালা ওকে এই মরা লাশ নিয়ে যেতে নিষেধ করেছে, ছেলে মানুষ, বলা তো যায় না। মা-বাবাও নিষেধ করেছে, ‘থাক বাছা অতো বেশি ইনকামের দরকার নেই’। ‘যে ইনকাম এখানে হবে, তাতেই আল্লাহ বরকত দেবে’। কিন্তু কে শোনে কার কথা। একটা মরা লাশ জেলা সদরে নিয়ে যেতে পারলেই, সে পাবে বেশ মোটা অংকের টাকা। অথচ সারাদিন ধরে যা রোজগার হয় তাতে তার সংসার চলে না। তাতে ঔষধ কিনবে কি দিয়ে? আব্বাকে যে তার, সুস্থ করে তুলতেই হবে। সেদিন সন্ধ্যায় একটা গলায় ফাঁশ দেওয়া মৃত্যু লাশ এলো থানায়। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে সাতক্ষীরা জেলা সদরে। যথারীতি ডাক পড়লো বিশুর। বিশুতো আনন্দে আটখানা। অন্য ভ্যানওয়ালারা তো কেউ সাহসই করে না। বলা তো যায় না, হঠাৎ যদি ভূত হয়ে হিঃ…হিঃ… করে হেসে ওঠে সাদা সাদা মুলোর মতো দাঁত বের করে, কিংবা ঘাড় মটকে যদি রক্ত চুষে খায়’? ছোটো বেলায় তো তাই’ই শুনতো দাদীর কাছে। ‘মরা মানুষ নাকি ভূত হয়ে বিভিন্ন ছদ্মবেশে মানুষের ঘাড় মটকে রক্ত চুষে খায়’। না বাবা দরকার নেই মোটা টাকা রোজগার করার।
বরাবরেরই ন্যায় বিশু রাজি হলো। আজ পর্যন্ত কোনো জ্বীন- ভূতের খপ্পরে সে পড়েনি। যতই লোকে ভয় দেখাক না কেন, বিশু ভয় পেলে তো? ও সবই পৌরাণিক কাহিনী। গলায় ফাঁস দেওয়া মৃত্যু লাশটা একটা পুরনো ছেঁড়া মাদুর পেঁচিয়ে শক্ত রশি দিয়ে আচ্ছা করে বেঁধে ফেললো পা থেকে মাথা পর্যন্ত। ভোর ছ’টায় পৌঁছাতে হবে জেলা সদরে। বিধায় রাত বারোটায় রওনা হলো বিশু, বেশ ঠা-ায় ঠা-ায়। ভ্যানের ছৈ’য়ের ভিতর মরা লাশ শক্ত করে বেঁধে রেখেছে সে।
জোস্না ভরা রাত। কতকটা শরতের কুয়াশাচ্ছন্ন, হাল্কা ঠা-া। জনমানবহীন গ্রাম্য রাস্তা পার হয়ে মেইন রাস্তায় উঠলো বিশু। সে পা টেনে টেনে প্যাডেল চেপে, ভ্যান চালাচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। হাল্কা ঠা-ার মধ্যেও তার শরীর থেকে দরদর করে ঘাম চুঁইয়ে পড়ে। তার মনে ভয়ের লেশ মাত্র নেই। ভয় কি কাকে বলে সে জানে না। রাত গভীর হলো, ঘোলা ফোঁটা চাঁদনী রাত। আলো আঁধারীতে মেঘের আড়ালে লুকোচুরি খেলছে, শুক্লপক্ষের একাদশী অপূর্ণাঙ্গ চাঁদ। পশ্চিমাকাশে ঢলে পড়েছে মায়াবী চাঁদখানা। হাল্কা কুয়াশার পরশ বুলিয়ে যায় বিশুর সমস্ত শরীরের উপর। বিরামহীন ভাবে ভ্যান চালাচ্ছে বিশু ফাঁকা রাস্তায়। মাঝে মাঝে দ্রুতগামী মালবাহী ট্রাকের সাইড দিতে হচ্ছে। তাদের অগ্নি গোলার মতো চোখ দু’টোই যেন দানবের মতো এগিয়ে আসে। তারপর জোরে একটা ভেঁপু বাজিয়ে চলে যায় পাশ কেটে। হঠাৎ কেমন যেন একটা খশ্ খশে শব্দ শুনতে পায় বিশু। কিন্তু ও কোনো পাত্তাই দেয় না। এবার সে একটা গান ধরলো, “ডাক দিয়াছেন দয়াল আমারে…রইবো না আর বেশি দিন তোদের মাঝারে”, হায়রে….গান শেষ হয় না, একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ও মৃদু হাসে, আর মনে মনে বলে, ও সমস্ত ভূত- টুত কিছুই না, সব বাজে কথা। কিছু দূর যেতেই তার সামনে পড়ে অন্ধকারচ্ছন্ন একটা বাঁশঝাড়। লোক মুখে আজও শোনা যায়, ঐ বাঁশঝাড়ের ওখানেই নাকি একটা শ্মশান ছিলো। এবং এও শোনা যায়, ঐ শ্মশান থেকে কিছু ভূত অনেক পথচারীদের ঘাড় মটকে রক্ত চুষে খেতো। আজ সেখান থেকে কে যেন ওর নাম ধরে ডাকে। বিশু ফিরে তাকায় না, কিংবা থমকে দাঁড়াবার পাত্র সে নয়। এই তো আর কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তার নির্দিষ্ট স্থানে, এবং গুণে গুণে নেবে তার চুক্তি মতো টাকা গুলো। চাঁদটা আরও হেলে পড়েছে পশ্চিমাকাশে। সমস্ত শরীর থেকে দরদর করে ঝরে পড়ে পরিশ্রমের নোনা পানি।
কিন্তু একি! ভ্যানটা আর চলছে না কেনো? কেউ কি পিছন দিক থেকে টেনে ধরলো নাকি? নির্জন রাস্তায় কে’ইবা আবার আসবে? বিশু তার গায়ের সমস্ত শক্তি জড়ো করে জোরে জোরে প্যাডেল ঘুরাতে লাগলো। কিন্তু এক বিন্দুও আর এগুলো না ভ্যানখানা। ব্যাপারটা কি? বিশু ভ্যান থেকে নেমে পড়লো। পিছন দিকে কিছুদূর ঠেলে নিয়ে যায়। আবার প্যাডেল করে এগিয়ে আসে। আবারও বন্ধ হয়ে যায় ঠিক আগের জায়গায় এসে। এবার নেমে ভ্যানের চেন গিয়ার ঘুরিয়ে দেখলো ওর হ্যারিকেনের আলোতে। সবই তো ঠিক আছে, তবে? এরকম তো কখনও হয় না। আবারও পিছনে ঠেলে নিয়ে যায়, এবং খুব জোরে প্যাডেল করে এগিয়ে আসে। নাহ্ এবারও আটকে গেল। এই গভীর রাতে কার সাহায্য চাবে সে? আবারও আগু- পিছু করে নিলো এবং প্রচন্ড জোরে চাপ দিতে লাগলো প্যাডেলের উপর। দরদর করে নেমে আসছে সমস্ত শরীর থেকে চোঁয়ানো ঘাম। কিন্তু এবারও ব্যর্থ হলো। কি ভূতুড়ে কা-! আজ মনে পড়ছে দাদির কথা। ভূতেরা নাকি অশ্বরীরী আত্মা হয়ে অনেক রকম ক্ষতি সাধন করে থাকে। এমন কি ঘাড় মটকে রক্ত চুষে খায়। তাহলে কি সে ভূতের খপ্পরে পড়ে গেছে? হঠাৎ একপাল ভেড়া হিশ্ হিশ্ করতে করতে চলে গেল ওর পাশ কাটিয়ে। কোথা থেকে এলো ভেড়াগুলো এই রাত দুপুরে? আর রাখালই বা কোথায়? তাহলে কি এগুলো ভূত? ভাবতেই ওর সমস্ত শরীর শিউরে উঠলো, গায়ের পশম গুলো হলো খাড়া। এবার একটু গা ভার হয়ে এলো ওর। সাহসও হারিয়ে ফেলেছে কিছু। কিন্তু ওতো ভয় পাওয়ার বান্দা নয়। নিস্তব্ধ রজনী। অল্প অল্প চাঁদনী রাত। তাও আবার বিলুপ্তির পথে। পশ্চিমাকাশে হেলে পড়েছে। ঘনো কুয়াশা গাছে পাতা থেকে টুপটাপ করে ঝরে পড়ছে শিশির বিন্দু। হঠাৎ একটা হুতুম পেঁচা ডেকে উঠলো ভয়ালো কন্ঠে। এবার সে রীতিমতো ভড়কে গেল। সমস্ত শরীর তার হীম শীতল হয়ে এলো আর মনে মনে কলেমা পাঠ করতে লাগলো। সাথে সাথে আবারও মনের মধ্যে সাহস সঞ্চয় করে বললো- আরে ধ্যাৎ, যতো সব পাঁজী কোথাকার? ভয় দেখাবার ‘জাগা’ পাস না? সাহস থাকলে সামনে আয়। ঠিক তখনই ওর নজর পড়ে যায় ভ্যানের ছৈ’য়ের মধ্যে।
ওরে বাপরে! একি, মরা লাশটা উঠে বসেছে কেনো? মুলোর মতো সাদা সাদা দাঁত বের করে হাসছে হিঃ…হিঃ… করে। সেকি অট্টহাসি! ইয়া বড়ো বড়ো নোখওয়ালা লোমশযুক্ত হাতগুলো এগিয়ে আসছে ওর দিকে। চোখ দিয়ে যেন বেরিয়ে আসছে অগ্নি গোলক। এ যেন রূপকথার সেই ভূত- পেতœীর প্রতিচ্ছবি। বিশু চিৎকার দিয়ে জ্ঞান হারালো। কিছু আর বলতে পারলো না সে। এক সময় ভোর হলো, পথচারীরা নাম ঠিকানা নিয়ে বিশুকে পাঠিয়ে দিলো তার বাড়িতে। যখন জ্ঞান ফিরলো তখন দেখলো সে হাসপাতালের নরম শয্যায় শায়িত। ভুল বকছে সে। অবশেষে জানতে পারলো, আসলে ভূত- পেতœী কিছু নয়। ফাঁশ দেওয়া লাশের সাথে যে রশিটা মাথার সাথে বাঁধা ছিলো, সেই রশির একটা অংশ কিভাবে যেন ভ্যানের এ্যাক্সেলের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে, মরা লাশকে উঠে বসতে সাহায্য করেছিলো। অপর দিকে চাকাটাও আর ঘুরছিলো না। কিন্তু বিশু এগুলো বিশ্বাস করতে চায় না। ওতো নিজেই দেখেছে, তাকে ঘাড় মটকাবে বলে এগিয়ে আসছিলো, ভয়ংকর মূর্তি ধারণ করে মরা লাশটা লোমশ দুটি হাত বাড়িয়ে। এই ভয়ই তাকে অবশেষে মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে গেল।












