মহাসমাবেশ উপলক্ষে শ্যামনগরে গ্রাম পুলিশের প্রস্তুতি সভা
শ্যামনগর প্রতিনিধি: আগামী ৭ নভেম্বর ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য গ্রাম পুলিশ মহাসমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরার শ্যামনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১১টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণ ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভায় মহাসমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের সুশৃঙ্খল ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্ধারিত পোশাক ও ক্যাপ পরিধান, পরিচয়পত্র সঙ্গে রাখা, নিবন্ধন সম্পন্ন করা এবং নির্ধারিত প্রবেশপথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি ব্যাগ, পানির বোতল ও অনুমোদনহীন সামগ্রী বহন না করা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং নিরাপত্তাসংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শ্যামনগরের ১১টি ইউনিয়ন থেকে মোট ৯৬ জন গ্রাম পুলিশ সদস্য মহাসমাবেশে যোগ দেবেন।












