সচ্চিদানন্দ দে সদয়
এসিড-সন্ত্রাসের ক্ষত শুধু শরীরে সীমাবদ্ধ থাকে না; এর গভীর প্রভাব পড়ে মানুষের মনোজগৎ, পরিবার ও সামাজিক জীবনে। চিকিৎসায় শারীরিক ক্ষত কিছুটা সেরে উঠলেও অপমান, অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের ক্ষত সহজে মুছে যায় না। এসিড আক্রান্তদের প্রতিনিয়ত লড়তে হয় আত্মমর্যাদা, স্বাভাবিক জীবন ও সামাজিক স্বীকৃতি ফিরে পাওয়ার জন্য। এই জীবনসংগ্রামে তাঁদের পাশে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করছে সাতক্ষীরার এসিড সারভাইভারদের সংগঠন ‘সেতুবন্ধন’।
একসময় এসিড-সন্ত্রাস আমাদের সমাজে ভয়াবহ আতঙ্কের নাম ছিল। ব্যক্তিগত বিরোধ, প্রেমে প্রত্যাখ্যান, পারিবারিক দ্বন্দ্ব কিংবা প্রতিহিংসার কারণে নারী, পুরুষ ও শিশু এসিড হামলার শিকার হয়েছেন। একটি নিষ্ঠুর ঘটনা মুহূর্তেই একজন মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে দেয়। শারীরিক যন্ত্রণার পাশাপাশি দীর্ঘ চিকিৎসা, আর্থিক সংকট, সামাজিক অবহেলা ও মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয় তাঁদের। অনেকের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়, কর্মসংস্থান হারাতে হয়, এমনকি পারিবারিক সম্পর্কেও তৈরি হয় দূরত্ব।
এই বাস্তবতায় এসিড সারভাইভারদের সংগঠিত করা ও পুনর্বাসনে সাতক্ষীরার ‘সেতুবন্ধন’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০০৪ সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ ও একশনএইড বাংলাদেশ এসিড সন্ত্রাস প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসনে কাজ শুরু করে। ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরা’। একসময় জেলায় ১৬৩ জন এসিড আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে ১০৭ জন নারী, ৪৫ জন পুরুষ ও ১১ জন শিশু। বর্তমানে সংগঠনটির সদস্য ৮০ জন। প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে অন্তত ৫০ জন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন।
এই পরিসংখ্যানের পেছনে রয়েছে বহু মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প। যাঁরা একসময় অন্যের সহযোগিতার ওপর নির্ভরশীল ছিলেন, তাঁদের অনেকেই আজ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। কেউ শাকসবজি উৎপাদন করছেন, কেউ হাঁস-মুরগি পালন করছেন, আবার কেউ ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে পরিবারের দায়িত্ব পালন করছেন। এসব উদ্যোগ প্রমাণ করে, যথাযথ প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা ও সামাজিক সুযোগ পেলে এসিড সারভাইভাররাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
তবে প্রশ্ন থেকে যায়, এই পুনর্বাসন কি যথেষ্ট? প্রশিক্ষণ কিংবা এককালীন আর্থিক সহায়তা দিয়ে একজন এসিড সারভাইভারের দীর্ঘমেয়াদি জীবনসংগ্রামের সমাধান সম্ভব নয়। তাঁদের অনেকের প্রয়োজন উন্নত চিকিৎসা, পুনর্গঠনমূলক অস্ত্রোপচার, নিয়মিত স্বাস্থ্যসেবা ও মানসিক সহায়তা। কারও প্রয়োজন কর্মসংস্থান, কারও সন্তানদের শিক্ষার নিশ্চয়তা। এসব বিষয় বিবেচনায় নিয়ে পুনর্বাসন কার্যক্রমকে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উদ্যোগের আওতায় আনতে হবে।
এসিড আক্রান্ত মানুষের বড় সংকটগুলোর একটি হলো সামাজিক দৃষ্টিভঙ্গি। শারীরিক অবয়ব নিয়ে কৌতূহলী প্রশ্ন, কটূক্তি, অবহেলা কিংবা কর্মক্ষেত্রে বৈষম্য তাঁদের নতুন করে মানসিক আঘাত দেয়। অনেক সময় সামাজিক অনুষ্ঠানেও তাঁদের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অথচ এসিড আক্রান্ত হওয়া তাঁদের কোনো অপরাধ নয়; তাঁরা সহিংসতার শিকার। তাঁদের প্রতি অবজ্ঞা কিংবা বৈষম্য একজন নির্যাতিত মানুষকে দ্বিতীয়বার আঘাত করার শামিল।
সমাজকে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এসিড সারভাইভারদের করুণার পাত্র হিসেবে নয়, সমান অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে দেখতে হবে। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও তাঁদের মেধা, যোগ্যতা ও কর্মক্ষমতা রয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডে তাঁদের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে অর্থনৈতিক স্বাবলম্বিতা বিশেষ গুরুত্ব বহন করে। নিয়মিত আয় না থাকলে চিকিৎসা, সংসার পরিচালনা ও সন্তানদের শিক্ষার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। তাই প্রশিক্ষণের পাশাপাশি স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি করতে হবে। সাতক্ষীরার সেতুবন্ধন নেটওয়ার্কের অন্তত ৫০ জন সদস্য উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার তথ্য আশাব্যঞ্জক। তাঁদের উদ্যোগ টিকিয়ে রাখতে প্রয়োজন সহজ শর্তে ঋণ, প্রয়োজনীয় পুঁজি, আধুনিক প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহযোগিতা। শুধু প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না; প্রশিক্ষণ অনুযায়ী কাজের সুযোগ ও পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
এ ক্ষেত্রে সমবায়ভিত্তিক উদ্যোগ কার্যকর হতে পারে। সদস্যরা সম্মিলিতভাবে কৃষি উৎপাদন, খামার কিংবা ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করতে পারেন। এতে পুঁজি ও ঝুঁকি ভাগাভাগি হবে, পাশাপাশি বাজারে তাঁদের দর-কষাকষির সক্ষমতাও বাড়বে। সরকারি-বেসরকারি ব্যাংক, স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও উন্নয়ন সংস্থাগুলো এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে।
২৩ নভেম্বর সাতক্ষীরায় অনুষ্ঠিত সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভায় সারভাইভারদের জন্য স্থায়ী পুনর্বাসন কেন্দ্র, নিজস্ব কার্যালয় এবং সমবায়ভিত্তিক খামার প্রতিষ্ঠার দাবি উঠেছে। এসব দাবি অত্যন্ত যৌক্তিক। একটি স্থায়ী পুনর্বাসন কেন্দ্র থাকলে সেখানে চিকিৎসা-পরামর্শ, মানসিক সহায়তা, আইনি সহযোগিতা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে। এখন প্রয়োজন এসব দাবি বাস্তবায়নে কার্যকর প্রশাসনিক উদ্যোগ।
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠায় জমি, অর্থ বরাদ্দ, বাস্তবায়নের সময়সীমা ও দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্ধারণ করা জরুরি। সভায় আশ্বাস দেওয়াই যথেষ্ট নয়; দাবিগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে।
একই সঙ্গে জেলার এসিড আক্রান্ত ব্যক্তিদের হালনাগাদ তালিকা তৈরি করা প্রয়োজন। কে চিকিৎসা পাচ্ছেন, কার আর্থিক সহায়তা প্রয়োজন, কার কর্মসংস্থান হয়েছে এবং কার পুনর্বাসন অসম্পূর্ণ রয়েছে—এসব তথ্যের ভিত্তিতে পরিকল্পিত সহায়তা নিশ্চিত করা যেতে পারে। সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা যাচাইয়ে জবাবদিহির ব্যবস্থাও থাকা দরকার।
সেতুবন্ধন সংগঠনের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠাও জরুরি। কোনো প্রকল্পের মেয়াদ কিংবা আর্থিক সহায়তা শেষ হলে যেন সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে না যায়। এজন্য নিজস্ব তহবিল, সদস্যদের অংশগ্রহণ ও স্থানীয় পর্যায়ে স্থায়ী সহযোগিতার কাঠামো গড়ে তুলতে হবে।
এসিড-সন্ত্রাসের ঘটনা কমে আসা ইতিবাচক হলেও আত্মতুষ্টির সুযোগ নেই। এসিডের অবৈধ বিক্রি ও মজুত বন্ধে আইন প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। বিচার দীর্ঘদিন ঝুলে থাকলে ভুক্তভোগী ও তাঁদের পরিবার হতাশ হয়ে পড়েন। তাই মামলার অগ্রগতি পর্যবেক্ষণ, সাক্ষীদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে এসিড-সহিংসতার বিরুদ্ধে সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে।
এসিড সারভাইভারদের নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণের সময় তাঁদের নিজেদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া জরুরি। তাঁদের হয়ে অন্যরা সব সিদ্ধান্ত নেবেন—এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, তাঁদের জীবনের সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশা তাঁরাই সবচেয়ে ভালো বোঝেন। পুনর্বাসন কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা উচিত।
সাতক্ষীরায় সেতুবন্ধনের উদ্যোগ প্রমাণ করেছে, সম্মিলিত প্রচেষ্টা মানুষের জীবন বদলে দিতে পারে। তবে প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন একজন এসিড সারভাইভার চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে অন্য নাগরিকদের সমান সুযোগ পাবেন। তাঁদের সাফল্য শারীরিক ক্ষত কতটা আড়াল করা গেল, তা দিয়ে মাপা যাবে না; বরং তাঁরা কতটা স্বাধীনভাবে বাঁচতে পারছেন, নিজের আয় দিয়ে পরিবার পরিচালনা করতে পারছেন এবং সমাজে সম্মানের সঙ্গে চলতে পারছেন, সেটিই হবে প্রকৃত মাপকাঠি।
সেতুবন্ধন কেবল একটি সংগঠনের নাম নয়, বিচ্ছিন্ন জীবনগুলোকে এক সুতোয় গাঁথার প্রত্যয়। এই সংগঠনকে শক্তিশালী করা মানে এসিড-সন্ত্রাসের শিকার মানুষের অধিকার ও আত্মমর্যাদার লড়াইকে শক্তিশালী করা। রাষ্ট্র, প্রশাসন ও সমাজের সম্মিলিত দায়িত্ব তাঁদের পাশে দাঁড়ানো। তাঁরা করুণা চান না; চান অধিকার, সম্মান ও স্বনির্ভর জীবনের নিশ্চয়তা। সেতুবন্ধন হয়ে উঠুক তাঁদের আত্মমর্যাদা, অধিকার ও নতুন জীবনের স্থায়ী ঠিকানা।
লেখক: সংবাদকর্মী।