শ্যামনগরে ২ হাজার ৬১০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি প্রণোদনার আওতায় সরিষা, মুগ ও খেসারি ফসলের আবাদ বাড়াতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১০০ কৃষককে ৮ কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ এবং ১০ কৃষককে ৮ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শামছুজ্জাহান কনক বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। কৃষকরা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সময়মতো বীজ ও সার ব্যবহার করলে উৎপাদন বাড়বে।












