মানুষের উপকারে নিঃস্বার্থভাবে কাজ করছেন তালার একরামুল
এমএম জামান মনি, পাটকেলঘাটা: প্রতিদিন ভোর হলেই মাথায় গামছা বেঁধে হাতে দা, খুন্তি ও কোদাল নিয়ে বেরিয়ে পড়েন একরামুল মোড়ল। উদ্দেশ্য, জনগুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে মানুষের চলাচল নিরাপদ করা। শুধু সড়ক পরিষ্কার নয়, গাছ লাগানো, দুর্ঘটনায় আহতদের উদ্ধার, ভাঙা রাস্তা মেরামতসহ নানা জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন তিনি।
তালা উপজেলা সদর মেলাবাজারের ভাই ভাই ফার্নিচারের মালিক একরামুল মোড়ল। ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই মানুষের উপকারে নিঃস্বার্থভাবে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি।
উপজেলার গোপালপুর গ্রামের বাবর আলী মোড়লের ছেলে একরামুল অভাবের কারণে বেশি দূর লেখাপড়া করতে পারেননি। প্রায় ২২ বছর আগে দৈনিক ৩০ টাকা মজুরিতে মেলাবাজারের সোহাগ ফার্নিচারের দোকানে কাজ শুরু করেন। বর্তমানে তিনি নিজেই একটি ফার্নিচারের দোকানের মালিক।
২০২২ সালে গোপালপুর আল-আকসা জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে সঙ্গে নিয়ে মসজিদের অজুখানা পরিষ্কারের মধ্য দিয়ে তাঁর জনসেবামূলক কাজের শুরু। পরে তালা-পাটকেলঘাটা সড়কের বিভিন্ন বাঁশব ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসা ও উৎসাহ পান তিনি। তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়ে জেলার বিভিন্ন এলাকার তরুণেরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হচ্ছেন।
একরামুলের জনসেবামূলক কাজের মধ্যে রয়েছে সড়ক ও খালের পাশে গাছ লাগানো, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো, ভাঙা রাস্তা মেরামত, সড়ক ও খাল-বিলের জলাবদ্ধতা নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা, সড়কের সিগন্যাল, ল্যাম্প ও মাইলফলক পরিচ্ছন্ন করা। এ ছাড়া মসজিদ-মাদ্রাসার নলকূপ সংস্কার, অজুখানা পরিষ্কার এবং ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘেœ আয়োজনে সহযোগিতা করেন তিনি।
তাঁর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিউর রহমান। তিনি বলেন, একরামুলের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে কয়েক মাস ধরে তাঁকে সহযোগিতা করছেন। মানুষের জন্য এমন কাজ করতে পেরে তিনি আনন্দিত।
কুমিরা-সাগরদাঁড়ি সড়কে চলাচলকারী কুলসুম আক্তার মুন্নী বলেন, সড়কটির বিভিন্ন বাঁকে ঝোপঝাড়ের কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যেত না। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকত। একরামুল সেসব জায়গার ঝোপঝাড় পরিষ্কার করায় এখন নিরাপদে চলাচল করা যাচ্ছে।
পাটকেলঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ জহুরুল হক বলেন, দীর্ঘদিন ধরে একরামুল বিভিন্ন জনহিতকর কাজ করে আসছেন। তাঁর এসব উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
নিজের কাজের বিষয়ে একরামুল মোড়ল বলেন, ছোটবেলা থেকেই নানা সমস্যার মধ্য দিয়ে বড় হয়েছেন। তাই মানুষের দুর্ভোগ দেখলে সহ্য করতে পারেন না। নিজের সামর্থ্য সীমিত হলেও শারীরিক শ্রম দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করেন। অসহায় ও অসুস্থ মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করার ইচ্ছা থাকলেও সামর্থ্যের অভাবে তা সম্ভব হয় না বলে আক্ষেপ করেন তিনি।
ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, একদিন পরিষদে এসে দেখেন সামনের রাস্তা পরিষ্কার করা হচ্ছে। খোঁজ নিয়ে জানতে পারেন, একরামুল ভোর থেকে নিজ হাতে রাস্তার দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করছেন। তাঁর এমন নিঃস্বার্থ উদ্যোগে মুগ্ধ হয়ে কাজের প্রয়োজনে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে একরামুলের সংসার। নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। তাঁর এই উদ্যোগ এলাকায় নিঃস্বার্থ সমাজসেবার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।












