মিঠুন-সোহানের সেঞ্চুরিতে খুলনার দাপুটে জয়
অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও কাজী নুরুল হাসান সোহানের সেঞ্চুরি, সৌম্য সরকারের ৫ উইকেট এবং এনামুল হক বিজয়ের অপরাজিত ৮০ রানের ইনিংসে ময়মনসিংহ বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগ। ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (২০২৬-২৭) এ জয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দলটি।
পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে রয়েছে খুলনা।খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসে ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। এরপর মিঠুন ও সোহানের জোড়া সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে ২৮৮ রান সংগ্রহ করে দলটি। মিঠুন করেন ১১৯ এবং সোহান ১০৪ রান।
ময়মনসিংহের ইয়াসিন আরাফাত মিশু নেন ৬ উইকেট। জবাবে খুলনার বোলারদের সামনে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে ময়মনসিংহ। দ্বিতীয় ইনিংসে মো. আল আমিন জুনিয়রের ১০২ ও মো. আব্দুল মজিদের ৫৯ রানে ৩১৯ রান সংগ্রহ করে তারা। খুলনার সৌম্য সরকার দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেন। প্রথম ইনিংসে ১৮ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৩ রান দিয়ে শিকার করেন আরও ৩ উইকেট।জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে জয় নিশ্চিত করে খুলনা।
এনামুল হক বিজয় ১০৯ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন। ম্যাচে সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রাখায় ম্যাচসেরা হন অধিনায়ক মোহাম্মদ মিঠুন।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ বিসিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে শফিকুল আলম তুহিন বলেন, খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টা, আত্মবিশ্বাস ও লড়াকু মনোভাবের ফলেই এ জয় এসেছে।
জাতীয় ক্রিকেট লিগের মতো প্রতিযোগিতায় এ ধারাবাহিকতা ধরে রাখা জরুরি। তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানানোর পাশাপাশি খুলনার ক্রিকেটের ঐতিহ্য এগিয়ে নিতে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংগঠকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। ক্রিকেটের উন্নয়নে বিসিবির সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।পরে ম্যাচসেরা মিঠুনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ জয়ে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল খুলনা বিভাগ। প্রেসবিজ্ঞপ্তি











