সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মেকানিক্যাল পেন্সিল দিবস: হাতে লেখার ঐতিহ্য, নির্ভুলতা ও সৃজনশীলতার উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
মেকানিক্যাল পেন্সিল দিবস: হাতে লেখার ঐতিহ্য, নির্ভুলতা ও সৃজনশীলতার উদযাপন

সাকিবুর রহমান বাবলা
‘যেভাবে একটি সাধারণ লিড-পেন্সিল হয়ে উঠল সৃজনশীলতার প্রতীক।’ ৫ জুলাই ‘মেকানিক্যাল পেন্সিল দিবস’। সাধারণ একটি লেখার উপকরণকে ঘিরে দিবস পালনের বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু শিক্ষা, প্রকৌশল, নকশা, শিল্পচর্চা ও দৈনন্দিন লেখালেখিতে মেকানিক্যাল পেন্সিলের দীর্ঘ অবদানই এ দিবসের মূল প্রেরণা। যুক্তরাজ্যভিত্তিক স্টেশনারি বিক্রেতা প্রতিষ্ঠান কাল্ট পেনস এ দিবসের সূচনা করে। ফাউন্টেন পেনের জন্য বিশেষ দিবস থাকলেও মেকানিক্যাল পেন্সিলের জন্য কোনো স্বীকৃত দিবস ছিল না। সেই শূন্যতা পূরণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়।
৫ জুলাই তারিখটি নির্বাচনের পেছনেও রয়েছে একটি প্রতীকী ব্যাখ্যা। মেকানিক্যাল পেন্সিলের সবচেয়ে জনপ্রিয় দুটি লিডের আকার হলো ০.৫ মিলিমিটার ও ০.৭ মিলিমিটার। পঞ্জিকা অনুযায়ী ৫ জুলাইকে (৫/৭) সংখ্যায় প্রকাশ করলে তা এই দুই বহুল ব্যবহৃত লিড সাইজের প্রতি ইঙ্গিত বহন করে।
মেকানিক্যাল পেন্সিলের ইতিহাস কয়েক শতাব্দী পুরোনো। ১৫৬৫ সালে সুইস বিজ্ঞানী কনরাড গেসনার এমন একটি লিড-হোল্ডার পেন্সিলের বিবরণ দেন, যেখানে গ্রাফাইট কাঠি আলাদাভাবে প্রবেশ করিয়ে ব্যবহার করা যেত। পরে ১৭৯১ সালে ডুবে যাওয়া ব্রিটিশ যুদ্ধজাহাজ ‘এইচএমএস রয়্যাল জর্জ’-এর ধ্বংসাবশেষে প্রাচীন মেকানিক্যাল পেন্সিলের নিদর্শন পাওয়া যায়। আধুনিক রিফিলযোগ্য মেকানিক্যাল পেন্সিলের যাত্রা শুরু হয় ১৮২২ সালে, যখন ব্রিটিশ উদ্ভাবক জন আইজ্যাক হকিন্স এ ধরনের পেন্সিলের পেটেন্ট লাভ করেন। ১৯১৫ সালে জাপানি উদ্ভাবক তোকুজি হায়াকাওয়ার তৈরি ‘এভার-রেডি শার্প পেন্সিল’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তাঁর এই আবিষ্কারের নাম থেকেই পরবর্তীতে বিখ্যাত ‘শার্প’ কর্পোরেশনের নামকরণ করা হয়। পরবর্তীকালে উন্নত লিড প্রযুক্তির কারণে মেকানিক্যাল পেন্সিল আরও কার্যকর ও জনপ্রিয় হয়ে ওঠে।
মেকানিক্যাল পেন্সিলের প্রধান আকর্ষণ এর নির্ভুলতা ও ব্যবহারিক সুবিধা। কাঠের পেন্সিলের মতো এটি বারবার শার্প করতে হয় না। লিড শেষ হলে নতুন লিড ভরে একই পেন্সিল দীর্ঘদিন ব্যবহার করা যায়। ০.৩, ০.৫, ০.৭ বা ০.৯ মিলিমিটারের নির্দিষ্ট ব্যাসের লিড ব্যবহারের ফলে লেখার রেখার প্রস্থ সবসময় একই থাকে। এ কারণে স্থপতি, প্রকৌশলী, ডিজাইনার, কার্টুনিস্ট ও শিল্পীদের কাছে এটি বিশেষভাবে সমাদৃত।
পরিবেশগত দিক থেকেও মেকানিক্যাল পেন্সিল গুরুত্বপূর্ণ। একটি পেন্সিল বহুবার ব্যবহার করা যায় বলে কাঠের ব্যবহার ও বর্জ্য তুলনামূলকভাবে কম হয়। একই সঙ্গে ডিজিটাল যুগে হাতে লেখার অভ্যাস ক্রমশ কমে যাওয়ার প্রেক্ষাপটে এ দিবস হস্তাক্ষর চর্চা, সৃজনশীল লেখালেখি ও অঙ্কনের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
বিশ্বব্যাপী জনপ্রিয়তার ধারাবাহিকতায় বাংলাদেশেও ধীরে ধীরে এর ব্যবহার বিস্তৃত হয়েছে। বিংশ শতাব্দীর শেষভাগে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের মেকানিক্যাল পেন্সিল দেশের বাজারে সহজলভ্য হওয়ায় শিক্ষার্থী, স্থপতি ও পেশাজীবীদের মধ্যে এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বর্তমানে পেন্টেল, ইউনি, জেব্রা, ফেবার-কাস্টেল ও স্টেডলারের মতো ব্র্যান্ডের পণ্য সহজেই পাওয়া যায়।
বিশ্বব্যাপী মেকানিক্যাল পেন্সিল উৎপাদনে জাপানের পেন্টেল ও শার্প এবং জার্মানির ফেবার-কাস্টেল ও স্টেডলার বিশেষ খ্যাতি অর্জন করেছে। শিল্পকলার ক্ষেত্রেও এর ব্যবহার উল্লেখযোগ্য। নাইজেরিয়ান হাইপার-রিয়েলিস্ট শিল্পী আরিন্জি স্ট্যানলি এবং জাপানি শিল্পী কোয়েই ওহমোরি তাঁদের অসাধারণ পেন্সিলচিত্রের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তাঁদের সৃষ্টিকর্ম দেখায় যে, একটি সাধারণ পেন্সিলও অসাধারণ শিল্পসৃষ্টির শক্তিশালী মাধ্যম হতে পারে।
মেকানিক্যাল পেন্সিল দিবস মূলত একটি সাধারণ লেখনীকে ঘিরে উদ্ভাবন, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার ইতিহাসের স্মারক। প্রযুক্তিনির্ভর এই যুগেও এটি আমাদের মনে করিয়ে দেয় যে, শিক্ষা, নকশা, শিল্প ও চিন্তার বিকাশে একটি ছোট পেন্সিলের অবদান কোনভাবেই ছোট নয়। তাই এ দিবস শুধু একটি লেখার সরঞ্জামের নয়; এটি হাতে লেখার ঐতিহ্য, নির্ভুলতা, সৃজনশীলতা এবং মানব উদ্ভাবনী শক্তির এক অর্থবহ উদযাপন।

Ads small one

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেনÑসাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত কনস্টেবল মোস্তাইন বিল্লাহ এবং ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কম্পিউটার অপারেটর কনস্টেবল নাজমুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে শহরের সার্কিট হাউস মোড় এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে, অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের কার্যালয় উদ্বোধন

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষ্ণনগর বাজারের কালিকাপুর রোড সংলগ্ন এলাকায় নতুন এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দিন। কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন এবং তৃণমূল পর্যায় থেকে দলকে সংগঠিত করার আহ্বান জানান।

তালায় কারিতাসের সমন্বয় সভা ও বস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
তালায় কারিতাসের সমন্বয় সভা ও বস্ত্র বিতরণ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা ও প্রবীণদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সকালে কারিতাস তালা কার্যালয়ে সমন্বয় সভা আয়োজিত হয়।
সংস্থার আইডিপিডিসি প্রকল্পের আওতায় আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। একই দিন বিকেলে তালার বালিয়া দাশপাড়ায় ১৬ জন প্রবীণ নারী ও পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন সংস্থাটির নেতৃবৃন্দ।