শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

শরিফুল রাজকে আইনি নোটিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
শরিফুল রাজকে আইনি নোটিশ

অভিনেতা শরিফুল রাজকে চুক্তিভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। ২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির পক্ষে নোটিশটি পাঠিয়েছেন ব্যারিস্টার সজিব মাহমুদ আলম। প্রযোজনা সংস্থার আগামী ঈদুল আজহার ছবি ‘ঠিকানা’র শুটিংয়ের তারিখ না দেওয়া এবং একই ঈদে অন্য ছবির ঘোষণা দেওয়ার অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে শুটিংয়ের শিডিউল নিশ্চিত না করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে শরিফুল রাজের ‘ঠিকানা’ ছবিতে অভিনয়, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন শর্তে একটি আর্টিস্ট সার্ভিস অ্যাগ্রিমেন্ট হয়েছিল। চুক্তির অংশ হিসেবে তিনি অগ্রিম পারিশ্রমিকও নিয়েছেন। চুক্তির ৯ নম্বর ধারায় ঠিক হয়, ছবিটি ২০২৭ সালের ঈদুল আজহা বা তার পরে মুক্তি পাবে।

৪.১১ ধারায় বলা আছে, ‘ঠিকানা’র মুক্তির সময়ে শিল্পীর প্রধান বা উল্লেখযোগ্য চরিত্রে অভিনীত অন্য কোনো প্রজেক্ট মুক্তি পাবে না।

গত ৩১ আগস্ট ফেসবুকে শরিফুল রাজ জানান, তিনি ‘কানাভুলা প্যারাডক্স’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন, যেটিও আগামী ঈদুল আজহায় মুক্তির কথা। ওই পোস্টের পর ‘ঠিকানা’র স্পনসর ও অংশীজনেরা সরে যেতে চাইছেন বলে নোটিশে দাবি করা হয়েছে। এ নিয়ে ২ সেপ্টেম্বর প্রথম নোটিশ পাঠিয়ে চারটি দাবি জানানো হয়েছিল—প্রতিদ্বন্দ্বী ছবির প্রচার বন্ধ, ফেসবুক পোস্ট সরানো, ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং চুক্তি মেনে চলার লিখিত নিশ্চয়তা।

নোটিশে বলা হয়েছে, ওই নোটিশের পর শিল্পী ও তার ম্যানেজার সরাসরি যোগাযোগ করে বিষয়টি সমঝোতায় মেটানোর কথা দিলেও শুটিংয়ের কোনও সময়সূচি দেননি। নোটিশে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত শুটিংয়ের জন্য সময় চাওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ঈদুল আজহায় মুক্তি দিতে হলে পোস্ট-প্রোডাকশনে দুই মাস লাগবে।

এই বিষয়ে শরিফুল রাজের বক্তব্য জানতে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

Ads small one

কয়রায় শিক্ষকের বসতঘরে দুর্বৃত্তদের আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
কয়রায় শিক্ষকের বসতঘরে দুর্বৃত্তদের আগুন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আব্দুর রশিদের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে জানালা দিয়ে ঘরে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এতে ঘরের পালঙ্ক, তোশক, বিছানাপত্র, কাপড়চোপড় ও পাশে থাকা ধানের গোলার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আব্দুর রশিদের বসতঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের দাবি, আব্দুর রশিদের ছেলে সাবেক ছাত্রনেতা তুফান। বর্তমানে তাঁরা পরিবারের সবাই খুলনায় অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়েছে বলে ধারণা করছেন তাঁরা।

স্থানীয় ইউপি সদস্য মো. ফেরদৌস ঢালী বলেন, রশিদ মাস্টারের বসতঘরে আগুন লাগার খবর পেয়েছেন তিনি। বাড়িতে কেউ না থাকার সুযোগে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।

হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ চার দেশকে বিশেষ ছাড় দিল ইরান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ চার দেশকে বিশেষ ছাড় দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। তবে ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজকে এ বিধিনিষেধের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্য দেশের জাহাজ চলাচলে নানা বাধার মুখে পড়লেও এই চার দেশের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোগাদ্দাম এ তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য, ইরানের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দেশ চারটিকে এ সুবিধা দেওয়া হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমকে মোগাদ্দাম বলেন, বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচলের বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাক ও কাতারকে ছাড় দেওয়া হয়েছে। এসব দেশের জাহাজ অবাধে চলাচল করছে। এমনকি যুক্তরাষ্ট্রও সেগুলোতে বাধা দিচ্ছে না।

তিনি জানান, ভারতীয় জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার অন্যতম কারণ দেশটি থেকে ওষুধ আমদানি নিশ্চিত করা। অন্যদিকে, চীনা জাহাজকে ছাড় দেওয়ার পেছনে বেইজিংয়ের রাজনৈতিক সমর্থন ধরে রাখার বিষয়টি কাজ করছে।

তবে হরমুজ প্রণালি ব্যবহারের এ ছাড়ের অর্থ বিনা মূল্যে পারাপারের সুযোগ নয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলাচলের অনুমতি পেলেও ভারতীয় জাহাজকে ট্রানজিট ফি বা পারাপারের মাশুল দিতে হতে পারে।

অর্থাৎ, ইরানের এ সিদ্ধান্তে চার দেশের জাহাজের জন্য প্রণালি ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হলেও পারাপারের আর্থিক খরচ মওকুফ করা হয়নি।

বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ

অনলাইন ডেস্ক: আজ ৬ নভেম্বর, বিশ্ব চিৎকার বন্ধ দিবস। রাগ, ক্ষোভ কিংবা মতবিরোধের সময় চিৎকার না করে ধৈর্য, সহনশীলতা ও শান্তিপূর্ণভাবে কথা বলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে দিবসটি পালিত হয়।

বাড়িতে, কর্মক্ষেত্রে, জনসমক্ষে কিংবা অনলাইনে—সব জায়গায় শান্ত ও সংযতভাবে কথা বলার গুরুত্ব তুলে ধরে দিবসটি। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, ধৈর্যের সঙ্গে নিজের বক্তব্য উপস্থাপন করা এবং কথোপকথনে সৌজন্য বজায় রাখাই এর মূল উদ্দেশ্য।

উঁচু স্বরে কথা বললে কেউ আতঙ্কিত হতে পারেন, আবার কেউ নিজেকে গুটিয়ে নিতে পারেন। বিশেষ করে শিশুদের মনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শুধু কথার বিষয়বস্তু নয়, কীভাবে কথা বলা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।

বিশ্ব চিৎকার বন্ধ দিবসের ইতিহাস

২০২১ সালে যুক্তরাজ্যে দিবসটির সূচনা হয়। ‘লেটস স্টপ শাউটিং কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি’ নামের একটি সংগঠন মানুষের কথা বলার ধরন নিয়ে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেয়। সংগঠনটির মতে, চিৎকার সম্পর্কের অবনতি ঘটাতে পারে, মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং মনোযোগ নষ্ট করতে পারে। তাই শান্ত ও ভেবেচিন্তে কথা বলার অভ্যাস গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

ব্রিটিশ কাউন্সেলর ইয়াসমিন শাহিন-জাফর এ উদ্যোগ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মতে, কণ্ঠস্বরের ওঠানামা ও কথা বলার ভঙ্গি অন্যের নিরাপত্তাবোধ এবং গুরুত্ব পাওয়ার অনুভূতিকে প্রভাবিত করে। ধীরে ধীরে স্কুল, কর্মক্ষেত্র ও পরিবারেও এ বার্তা ছড়িয়ে পড়ে।

২০২৪ সালে এ উদ্যোগের পরিধি আরও বিস্তৃত হয়। বিশেষ করে স্নায়ুবৈচিত্র্যসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজন ও অভিজ্ঞতা সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়টি গুরুত্ব পায়। তাঁদের ক্ষেত্রে মানসিক চাপের সময় চিৎকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই এমন পরিস্থিতিতে সহানুভূতিশীল আচরণ ও শান্তভাবে কথা বলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

প্রতি বছর ৬ নভেম্বর বিশ্ব চিৎকার বন্ধ দিবস পালিত হয়। এ উপলক্ষে স্কুল, অফিস ও পরিবারে নিজেদের কথাবার্তার ধরন নিয়ে ভাবনাচিন্তা করেন অনেকে। দিবসটির বার্তা হলো—শান্ত স্বর সম্পর্ককে সুন্দর করে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ায়। কথা বলার ভঙ্গিতে সামান্য পরিবর্তনও অনেক সময় বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

কীভাবে পালন করবেন?

দিবসটি পালনে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। দৈনন্দিন কথাবার্তায় সামান্য কিছু পরিবর্তন আনলেই এর চর্চা শুরু করা যায়। প্রথমেই স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচু স্বরে কথা বলার চেষ্টা করুন। এতে অন্যরাও শান্তভাবে উত্তর দিতে উৎসাহিত হতে পারেন। বিশেষ করে পরিবারের সদস্য ও শিশুদের সঙ্গে কথা বলার সময় সংযত স্বর বজায় রাখা জরুরি।

কেউ কথা বলার সময় মাঝপথে বাধা না দিয়ে তাঁর বক্তব্য শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মনোযোগ দিয়ে অন্যের কথা শোনার অভ্যাস ভুল বোঝাবুঝি কমাতে সাহায্য করে। প্রয়োজনে মাথা নেড়ে বা হাসিমুখে বুঝিয়ে দিন যে আপনি তাঁর কথা মনোযোগ দিয়ে শুনছেন।

বাড়িতে এমন একটি জায়গা তৈরি করতে পারেন, যেখানে টেলিভিশন, মুঠোফোন বা অন্য কোনো যন্ত্রের উচ্চ শব্দ থাকবে না। সেখানে বই পড়া, বিশ্রাম নেওয়া কিংবা কিছুক্ষণ নীরবে বসে থাকা যেতে পারে। কর্মক্ষেত্রেও সহকর্মীদের সঙ্গে আলোচনায় সংযত ভাষা ব্যবহার করুন। কোনো বিষয়ে মতবিরোধ হলে সবার সামনে তর্কে না জড়িয়ে আলাদাভাবে কথা বলার চেষ্টা করুন।

এ ছাড়া এক দিনের জন্য টেলিভিশন, মুঠোফোন ও অন্যান্য যন্ত্রের শব্দ কমিয়ে রাখতে পারেন। অতিরিক্ত চিৎকার-চেঁচামেচি রয়েছে—এমন অনুষ্ঠান এড়িয়ে শান্ত গান বা পডকাস্ট শুনতে পারেন। এতে বাড়ি কিংবা কর্মক্ষেত্রের পরিবেশ আরও শান্ত ও স্বস্তিদায়ক হয়ে উঠবে।