কয়রায় শিক্ষকের বসতঘরে দুর্বৃত্তদের আগুন
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আব্দুর রশিদের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে জানালা দিয়ে ঘরে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এতে ঘরের পালঙ্ক, তোশক, বিছানাপত্র, কাপড়চোপড় ও পাশে থাকা ধানের গোলার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আব্দুর রশিদের বসতঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের দাবি, আব্দুর রশিদের ছেলে সাবেক ছাত্রনেতা তুফান। বর্তমানে তাঁরা পরিবারের সবাই খুলনায় অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়েছে বলে ধারণা করছেন তাঁরা।
স্থানীয় ইউপি সদস্য মো. ফেরদৌস ঢালী বলেন, রশিদ মাস্টারের বসতঘরে আগুন লাগার খবর পেয়েছেন তিনি। বাড়িতে কেউ না থাকার সুযোগে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।












