শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় অভিযান চালিয়ে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শার্শা উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। উপজেলা মৎস্য অফিস অভিযানে সহযোগিতা করে।
শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, চায়না দুয়ারি জালের ফাঁদে দেশীয় প্রজাতির ছোট-বড় মাছ নির্বিচারে আটকা পড়ে। এতে মাছের প্রজনন ও বংশবিস্তার ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অভিযানে জব্দ ৬৪টি অবৈধ জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল বা মাছ ধরার ক্ষতিকর ফাঁদ ব্যবহার করা হলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।






