সাতক্ষীরার কৃষি ও জনজীবনে জলাবদ্ধতা দীর্ঘদিনের এক বড় সংকট। প্রতি বর্ষায় খাল ও নালা ভরাট হয়ে যাওয়ায় বিস্তীর্ণ বিল, ফসলি জমি এমনকি বসতবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যেত; ফলে ব্যাহত হতো নিয়মিত চাষাবাদ ও স্বাভাবিক চলাচল। এই প্রেক্ষাপটে গত ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৭৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৩২টি খাল পুনর্খননের উদ্যোগ যে জেলার কৃষিতে দৃশ্যমান সাফল্য এনেছে, তা নিঃসন্দেহে ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এসব খাল সচল হওয়ায় আমন ও বোরো মিলিয়ে অতিরিক্ত ১ হাজার ৪৭০ হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে, যার ফলে বাড়তি ধান উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে প্রায় ১৬ হাজার ১১৮ মেট্রিক টনÑযার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকারও বেশি।
ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের আমোদখালি ও হাজিখালি বিলের চিত্রটি সেই সাফল্যের কথা বলছে। কৃষি বিভাগের দাবি, একসময় যেখানে মাত্র ৩৩ হেক্টর জমিতে আমন চাষ হতো, খাল পুনর্খননের পর এখন সেখানে ৪১০ হেক্টর জমিতে আমন, বোরো ও মাছ চাষ হচ্ছে; পাশাপাশি খালের পাড়ে সবজি ও ফলদ গাছের আবাদও যুক্ত হয়েছে। একই সঙ্গে কয়েক হাজার মানুষের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘব হয়েছে। এই অর্জন প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী উদ্যোগ থাকলে প্রাকৃতিক সম্পদ ও জলনিষ্কাশন ব্যবস্থার পুনরুজ্জীবনের মাধ্যমে কৃষি উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমীক্ষায় সাতক্ষীরায় মোট ১২৮টি খাল পুনর্খননের প্রয়োজনীয়তা চিহ্নিত হয়েছে। গত অর্থবছরে ৩২টি খালের কাজ শেষ হওয়ার পর চলতি ২০২৬-২৭ অর্থবছরে আরও ৭৬টি খাল পুনর্খননের যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে জেলার সামগ্রিক কৃষিচিত্র আরও বদলে যেতে পারে। সেচ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং বেসরকারি সংস্থার সমন্বয়ে প্রায় ১৩০ কোটি টাকার এই পরিকল্পনার সফল বাস্তবায়ন এখন সময়ের দাবি।
তবে শুধু খননকাজ সম্পন্ন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; খালগুলোর স্থায়িত্ব নিশ্চিত করা সবচেয়ে জরুরি। অনেক সময় খননের পর যথাযথ তদারকির অভাবে খালগুলো আবার ভরাট হয়ে যায় বা দখল-দূষণের শিকার হয়। তাই খননকাজের গুণগত মান বজায় রাখা, খালের পাড় সংরক্ষণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় কৃষক ও জনগোষ্ঠীকে সম্পৃক্ত রাখার কার্যকর ব্যবস্থা থাকতে হবে। বিভিন্ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় জোরদার করলে বরাদ্দ অর্থের সর্বোচ্চ সুফল পাওয়া সম্ভব হবে।
সাতক্ষীরার অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল পুনর্খননের এই ধারাবাহিকতা যদি টেকসই রূপ পায়, তবে তা শুধু অতিরিক্ত ফসল উৎপাদনেই সীমাবদ্ধ থাকবে না; বরং গ্রামীণ কর্মসংস্থান, কৃষকের আয় বৃদ্ধি এবং জলবায়ু অভিঘাত মোকাবিলায় জেলাকে আরও সক্ষম করে তুলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতা ও স্বচ্ছ তদারকিতে এই পরিকল্পনা সফল হোকÑএটাই প্রত্যাশা।