শ্যামনগরে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সমন্বয় সভা
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উপজেলা অ্যাডভোকেসি গ্রুপের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা অ্যাডভোকেসি গ্রুপের সদস্যসচিব পীযুষ বাউলিয়া পিন্টু। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর সরকারি মহসিন অনার্স কলেজের সাবেক সহযোগী অধ্যাপক আবুল হোসেন।
ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের আর্থিক সহযোগিতায় গভর্ন্যান্স ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট (জি৪সিআর) প্রকল্পের আওতায় আয়োজিত সভায় গত তিন মাসের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ইউনিয়নভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, অগ্রাধিকার নির্ধারণ, কার্যকর অ্যাডভোকেসি কৌশল প্রণয়ন এবং দায়িত্ব বণ্টন ছিল সভার মূল লক্ষ্য।
আলোচনায় সহায়তা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার নাজিমউদ্দীন আহম্মেদ, ফিল্ড ফ্যাসিলিটেটর মোস্তাক আহম্মেদ, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান এবং ফিল্ড অর্গানাইজার ছালমা পারভীন ও মিনারুল ইসলাম।












