সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে পানিতে ডুবে ও বজ্রপাতে কৃষক ও গৃহবধূর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
শ্যামনগরে পানিতে ডুবে ও বজ্রপাতে কৃষক ও গৃহবধূর মৃত্যু

মিলন বিশ্বাস: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটের দুটি গ্রামে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য (৫০) চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। তিনি পানিতে তলিয়ে গেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত কৃষ্ণপদ বৈদ্য ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।

অন্যদিকে, দুপুর ১টার দিকে ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ads small one

শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং অনলাইন গণমাধ্যমের পেশাগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকালে শ্যামনগরের সুন্দরবন পিকনিক কর্নারে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মারুফ হোসেন মিলন। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান।

নবগঠিত পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে গাজী নুরুল আমিনকে আহ্বায়ক এবং সরদার আলামিনকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন বশির উদ্দিন সাজু, মাসুম বেলাল কাইয়ুম ও আবু রায়হান।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং সদস্যদের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে জনস্বার্থে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়া, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং শ্যামনগরে অনলাইন সাংবাদিকতার পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রেসবিজ্ঞপ্তি

 

সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আগামী ২৫ অক্টোবর ২০২৬, সকাল ৯.৩০ মিনিটে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রাক-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য আগ্রহী খেলোয়াড়দের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর ২০১২ (অনূর্ধ্ব-১৪), ১ সেপ্টেম্বর ২০১০ (অনূর্ধ্ব-১৬) এবং ১ সেপ্টেম্বর ২০০৮ (অনূর্ধ্ব-১৮) বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী হিসেবে।

 

অংশগ্রহণে ইচ্ছুক প্রত্যেক খেলোয়াড়কে বাছাইয়ের দিন অবশ্যই তাদের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের কপি, বাবা অথবা মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা এস.এস.সি রেজিস্ট্রেশন/সার্টিফিকেট সাথে নিয়ে নির্দিষ্ট সময়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। প্রেসবিজ্ঞপ্তি

শ্যামনগরে নারী নেতৃত্বে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
শ্যামনগরে নারী নেতৃত্বে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: উপকুলে দুর্যোগের ঝুঁকি মোকাবিলা, আগাম সতর্কবার্তা প্রচার এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়া প্রদানে নারীদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে দুই দিনব্যাপী ‘নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

রবি ও সোমবার (১৮ ও ১৯ অক্টোবর) উপজেলার রমজাননগরে অবস্থিত প্রগতি সেবা কেন্দ্রে একশনএইড বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় বাস্তবায়িত প্রগতি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে রমজাননগর ইউনিয়নের ২৫ জন নারী অংশগ্রহণ করেন, যাঁদের মধ্যে ২ জন প্রতিবন্ধী নারী ছিলেন।

প্রশিক্ষণে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, জরুরি পরিস্থিতিতে সাড়াদান, উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সময়ে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আলী আকবর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপজেলা টিম লিডার মাকছুদুর রহমান মুকুল এবং উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অনাথ মন্ডল। এছাড়া একশনএইড বাংলাদেশের প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর আছের আলী, ফিল্ড ফ্যাসিলিটেটর আদনান জেব ও খাদিজা পারভীন উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিরাজ হোসেন খান বলেন, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীরা দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার, পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ নারীদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদারে সহায়ক হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী জেসমিন নাহার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের আগে কীভাবে প্রস্তুতি নিতে হয়, আগাম সতর্কবার্তা পেলে কী করতে হয় এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে অন্যদের সহযোগিতা করতে হয়, সে বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছি।

 

একশনএইড বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় এ ধরনের প্রশিক্ষণে অংশ নিতে পেরে আমরা উপকৃত হয়েছি। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের পরিবার ও এলাকার মানুষকে সচেতন করতে এবং দুর্যোগের সময় সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারব বলে আশা করি।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা, দুর্যোগকালীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার প্রস্তুতি বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় নারী ও প্রতিবন্ধী নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।

একশনএইড বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় বাস্তবায়িত প্রগতি প্রকল্প স্থানীয় পর্যায়ে নারীর ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে। এ ধরনের উদ্যোগ দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং নিরাপদ ও সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।