শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার (১০ জুন) উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও)-এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে আর্থিক ও বাস্তবায়ন সহযোগিতায় ছিল যথাক্রমে সুইডিশ দূতাবাস এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)।
দিবসের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘পরিবেশ সচেতনতা শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়। এরপর পরিবেশ ও জলবায়ু বিষয়ক ‘জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা’ এবং ‘একটি গাছ, হাজারো প্রাণ’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়কে প্লাস্টিকমুক্ত করতে ‘৭ দিনের বিশেষ পরিবেশ চ্যালেঞ্জ’ ও ‘পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে শিক্ষার্থীদের অঙ্গীকার’ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে শিক্ষার্থীরা প্লাস্টিকের ব্যবহার কমানো ও পরিবেশবান্ধব আচরণ অনুসরণের শপথ নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকন্যা রানী ম-লের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রাক্তন প্রধান শিক্ষক ও সমাজসেবক মো. মমতাজ উদ্দীন, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, হাফিজুর রহমান, আব্রাহাম লিংকন ও আফজালুর রহমান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।












