শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমানের বাবার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশিকুর রহমানের বাবার মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক আশিকুর রহমানের বাবা এস এম আফতাব উদ্দীন (৮০) আর নেই। ২১ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে বাদঘাটাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মরহুমের প্রথম জানাজা শনিবার সকাল ৮টায় শ্যামনগরের বাদঘাটার বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর তাঁর গ্রামের বাড়ি উপজেলার মুন্সিগঞ্জের হরিণগরে সকাল ১০টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Ads small one

একদা ক্ষুধার্ত প্রেম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
একদা ক্ষুধার্ত প্রেম

সাবেদ আল সাদ
কোথাও তো তোমাকে দেখি না
মাঠের পরে মাঠ সবুজে সবুজ ভরা
আকাশের সাথে পাথারের কী সুবোধ নন্দন পাঠ
আহা! কে কাকে কতটা ভালোবাসে
রৌদ্রদুগ্ধে ধুয়ে যাচ্ছে সব দৃশ্যপট
দেখে দেখে দুচোখ জুড়িয়ে যায়।
এখানে তোমার তো থাকার কথা ছিল।

এখন কি তুমি দূরের বাসিন্দা
অচেনা রাতের মতো সুদূর পরবাসিনী
নির্ঝর জোসনা জলে কি সিক্ত করো না
ফেলে আসা দুধেল বিকেল?
আমাকে কি ভুলে গেছো, প্রিয় অভিমান!
কেমন আছে তোমার পায়ের মায়াবী ঘুঙুর
সেই যাদুকরী ঝঙ্কারে কি দীর্ণ হয় না
কোনো কামনাসক্ত পৌরুষ?

না, এখনো- আমি আগের মতোই আছি
সেই কম্বলের নিচে, বালিশে লুকিয়ে রাখি মুখ
চোখ বুজে আঙুলে আঙুল গুনি
আমার উর্বশী এসে কখন জাগাবে মন্থনে মন্থনে
একদা ক্ষুধার্ত প্রেম।

 

হাসি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
হাসি

মোমিন রহমান
আগে যখন তুমি মৃদু হাসতে
চোখকে ছুঁতো তোমার সেই হাসি

এখন তুমি ভেঙে পড়ো
উচ্ছ্বসিত হাসিতে
কিন্ত চোখকে স্পর্শ
করে না এই হাসি

তখন তুমি বালিকা ছিলে
এখন রমণী!

যদি তুমি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
যদি তুমি

মোসলেহ উদ্দিন বাবুল
আজ যদি তুমি আসো
অকস্মাৎ কড়া নাড়ো গেটে, দরোজায়,
আমি উঠে, আনমনে হেঁটে, উঠে
পাল্লা খুলেই দেখি, তোমাকে, তোমায়

খোদার কসম, হার্টবিট মিস হবে,
থেমে যাবে জলস্রোত,
প্রবাহ, বাতাস,
সমুদ্রের উচ্ছাস আর
ক্ষীণতোয়া স্রোতস্বিনীর প্রফুল্ল কল্লোল

আকাশ সুনীল হবে, বিদ্যুৎ ঝলসে ওঠা
শ্বেতরশ্মি, বিদীর্ণ আকাশ,
কোকিল মূখর হবে, কৃষ্ণচূড়া
ছড়াবে লালিমা,
বিকিরিত তৃণের সবুজ
স্বপ্নের সুরভী হয়ে,
জেগে যাবে অকস্মাৎ ।

তখন সম্পন্ন আমি
সবকিছু দিয়ে দেবো
আধ-খাওয়া সিগারেট, ওয়াকম্যান
এবং কলম, বিশ্বস্ত বালক ভৃত্য,
আমার সকল কিছু
অস্থাবর
এবং স্থাবর
সবকিছু তুলে দেবো
আনন্দের অপার আগ্রহে ;

যদি তুমি আসো, আসো যদি,
যদি এসে যাও !