রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পাদকীয়/ সামাজিক অপরাধ প্রতিরোধ ও তারুণ্যের জাগরণ: পুলিশ-জনতার মিলিত প্রয়াস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
সম্পাদকীয়/ সামাজিক অপরাধ প্রতিরোধ ও তারুণ্যের জাগরণ: পুলিশ-জনতার মিলিত প্রয়াস

মাদক, অনলাইন জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিং এবং সড়ক অসচেতনতার মতো সামাজিক ব্যাধিগুলো আজ আমাদের সমাজজীবনে গভীর ক্ষত তৈরি করছে। এই বহুমুখী অপরাধপ্রবণতা কেবল বর্তমান প্রজন্মকেই বিপথগামী করছে না, বরং একটি সুস্থ ও মেধাভিত্তিক জাতি গঠনের পথেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এমতাবস্থায় অপরাধের বিরুদ্ধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক পদক্ষেপ বা আইনি কঠোরতাই যথেষ্ট নয়; বরং এর জন্য প্রয়োজন পুলিশ ও জনগণের সম্মিলিত প্রতিরোধ এবং সামাজিক আন্দোলন। সম্প্রতি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশ এবং অর্ধসহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত জনসচেতনতামূলক কর্মসূচি আমাদের সেই সম্মিলিত জাগরণেরই এক আশাবাদী বার্তা শোনায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা অত্যন্ত সময়োপযোগী। তিনি সঠিকভাবেই উল্লেখ করেছেন যে, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করা অপরিহার্য। পাশাপাশি মাদক, অনলাইন জুয়া, বাল্যবিয়ে ও ইভটিজিংসহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। বিশেষ করে, অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর যে আহ্বান তিনি জানিয়েছেন, তা অপরাধ দমনে জনসচেতনতার গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

এ আয়োজনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক দিকটি ছিল শিক্ষার্থীদের শপথগ্রহণ পর্ব। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিচালনায় এবং ওসির পড়ানো শপথবাক্যে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকা, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিহত করা এবং একটি অপরাধমুক্ত সমাজ গঠনে নিজেদের জীবনকে উৎসর্গ করার দীক্ষা নিয়েছে। আজকের কোমলমতি ও তারুণ্যদীপ্ত শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই শিক্ষা শুধু বিদ্যালয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা ছড়িয়ে পড়তে হবে প্রতিটি পরিবার ও শিক্ষাঙ্গনে।

শুধু আইন প্রয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজ থেকে অপরাধ পুরোপুরি দূর করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, পারিবারিক ও ধর্মীয় অনুশাসন এবং সঠিক নৈতিক শিক্ষার প্রসার। কমিউনিটি পুলিশিংয়ের মতো উদ্যোগগুলো পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যকার ব্যবধান কমিয়ে আস্থার সেতুবন্ধ তৈরি করে। যখন সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পুলিশকে তথ্য ও সহযোগিতা দিয়ে সহায়তা করবে, তখনই কেবল মাদকমুক্ত ও নিরাপদ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

সাতক্ষীরার এই শিক্ষার্থী সমাবেশ ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগ প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের যুবসমাজ সামাজিক অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম কেবল সাতক্ষীরায় নয়, বরং দেশের প্রতিটি জনপদে নিয়মিত হওয়া উচিত। তারুণ্যের শক্তিকে সঠিক পথে পরিচালনা করতে পারলে এবং পুলিশ ও জনগণের কার্যকর অংশীদারিত্ব নিশ্চিত করা গেলে একটি বৈষম্যহীন, নিরাপদ ও প্রগতিশীল সমাজ গড়ে তোলা মোটেও অসম্ভব নয়।

Ads small one

আসিফ মাহমুদকে গোপালগঞ্জের প্রশাসক করার পরামর্শ তারেক রহমানের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
আসিফ মাহমুদকে গোপালগঞ্জের প্রশাসক করার পরামর্শ তারেক রহমানের

ন্যাশনাল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তারেক রহমান লেখেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগের বার তো এপিসিতে করে পালায় আসছিল।’
এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, দুই সপ্তাহের জন্য তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতি ঠিক করে দেবেন। অন্য এক পোস্টে তিনি বলেন, তাঁকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করা হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি তাঁর চেয়ে ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও মন্তব্য করেন।
আসিফ মাহমুদের এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই তাঁকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়ে পোস্ট দেন তারেক রহমান।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত হয়েছিলেন আসিফ মাহমুদ। ওই দিন গোপালগঞ্জে কারফিউ জারি ও অস্থিরতা পর্যবেক্ষণের সময় তাঁর উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছিল।

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক: ২০৩১ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়েছে।
সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০৩০ সালের আসর আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।
এ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পর জুনে অনুষ্ঠিত হবে। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনালের আয়োজক ইংল্যান্ড।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এ সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে।

তালায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে দুই অভিভাবকের কারাদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
তালায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে দুই অভিভাবকের কারাদন্ড

 

বি. এম. জুলফিকার রায়হান, তালা: সাতক্ষীরার তালায় পৃথক দুটি স্থানে বাল্যবিয়ে আয়োজনের দায়ে দুই শিশুর অভিভাবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার জানান, তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণির ১৩ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বর ও তাঁর স্বজনেরা পালিয়ে যান। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় শিশুটির বাবা শেখ সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
অন্যদিকে, নগরঘাটা গ্রামে আরেকটি বাল্যবিয়ে আয়োজন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শিশুবরের বাবা মো. নুরুল ইসলামকে ১৫ দিনের কারাদ- ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
দ-প্রাপ্ত দুজনকে ওই দিন সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করা উভয় বিয়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযানকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও কিশোর-কিশোরী ক্লাবের কর্মীরা উপস্থিত ছিলেন।