বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সুযোগসন্ধানী নয়, সাংবাদিকের দায়বদ্ধতা জরুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
সুযোগসন্ধানী নয়, সাংবাদিকের দায়বদ্ধতা জরুরি

প্রকাশ ঘোষ বিধান

সুযোগসন্ধানী মনোভাব পরিহার করে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চা সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলুদ সাংবাদিকতা ও ক্লিকবেইট সংস্কৃতির ভিড়ে কোনো সাংবাদিক যখন তথ্যের সত্যতা যাচাইয়ের চেয়ে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থ হাসিলে বেশি মনোযোগী হন, তখন সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যমের মূল ভিত্তিই দুর্বল হয়ে পড়ে। তাই গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রাখা একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপরিহার্য।

সাংবাদিকতা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর মূল লক্ষ্য সত্য প্রকাশ ও ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু কোনো সাংবাদিক বা গণমাধ্যম যখন জনস্বার্থের চেয়ে ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়, তখন সমাজ ভুল বার্তা পায় এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমে যায়।

সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা, নির্ভরযোগ্যতা ও উৎস যাচাই করা সাংবাদিকের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব। একই সঙ্গে সমাজের প্রভাবশালী ব্যক্তি ও শাসকগোষ্ঠীর অনিয়ম-দুর্নীতি সাহসের সঙ্গে তুলে ধরাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ কাজ। সংবাদ পরিবেশনের মূল ভিত্তি সত্য। তাই সুযোগসন্ধানী মনোভাব পরিহার করে সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে জনসমক্ষে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে।

উদ্দেশ্যমূলক মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ সমাজের মারাত্মক ক্ষতি করতে পারে। ব্যক্তিস্বার্থে গুজব ছড়ানো কিংবা কাউকে হেয় করার উদ্দেশ্যে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে। হলুদ সাংবাদিকতা বর্জন করে রাষ্ট্র ও জনগণের কল্যাণকে ব্যক্তিস্বার্থ ও বাণিজ্যিক লাভের ঊর্ধ্বে স্থান দিতে হবে।

সাংবাদিকতার প্রথম ও প্রধান দায়িত্ব সত্যের পক্ষে থাকা। কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের যথার্থতা যাচাই করতে হবে। ব্যক্তিগত মতামত, প্ররোচনা ও পক্ষপাত থেকে দূরে থেকে নিরপেক্ষভাবে ঘটনা তুলে ধরতে হবে। কারণ সাংবাদিকতার মূল আনুগত্য সাধারণ মানুষ বা নাগরিকদের প্রতি।

অসত্য ও উসকানিমূলক সংবাদ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমনকি কারও জীবনও বিপর্যস্ত করে দিতে পারে। তাই সংবাদের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় রাখা জরুরি। বিশেষ করে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। এ কারণে সংবাদ প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে।

সাংবাদিকতা ব্যক্তিগত বা দলীয় লাভের মাধ্যম নয়। এর মূল লক্ষ্য জনস্বার্থ রক্ষা এবং সরকার ও সমাজের অনিয়ম-দুর্নীতি জনগণের সামনে তুলে ধরা। দায়িত্বশীল সাংবাদিকতা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সাংবাদিকদের এই দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রীয়ভাবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাও সমান জরুরি।

সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার। সুযোগসন্ধানী মানসিকতা সাময়িক সুবিধা এনে দিতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে তা সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা নষ্ট করে। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ অটুট রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা প্রয়োজন।

একটি সুস্থ, সচেতন ও বৈষম্যহীন সমাজ গঠনে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। দায়বদ্ধতাহীন সাংবাদিকতা সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সত্যনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চাই হোক প্রতিটি সাংবাদিকের অঙ্গীকার।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Ads small one

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমের ছবি ও সচিত্র প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থী, কাবদলসহ বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ২১ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম পরিচালিত হয়।

সাতক্ষীরা সদর, আশাশুনি, কলারোয়া, কালীগঞ্জ, তালা, দেবহাটা ও শ্যামনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এ অভিযানের আওতায় ছিল।

আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার বৃক্ষ বিতরণ

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সংস্থার কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংস্থার সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আবদুস সবুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। পরে সংস্থার সদস্য ও উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।

আশাশুনিতে মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
আশাশুনিতে মাদক ও ধূমপানমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: জাতীয় যুব দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সাতক্ষীরার আশাশুনির শোভনালীতে ‘ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং মৌমাছি, সাতক্ষীরার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

কামালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস। তিনি বলেন, দেশের উন্নয়নে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তরুণদের ধূমপান, তামাক ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে এবং পরিবার ও সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে।

সভায় বিদ্যালয়ের শিক্ষক পলাশ মণ্ডল, রবিউল ইসলাম, কাটাখালী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মরিয়ম খাতুন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌমাছির পিও প্রশান্ত মিস্ত্রী।