সরকারি বরাদ্দে নিজের জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের
সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইউপি সদস্য আহম্মদ আলী গাজী।
সংবাদ সম্মেলনে আহম্মদ আলী দাবি করেন, নলতা এলাকায় তার নিজের জমিতে একটি মার্কেট রয়েছে। ওই মার্কেটের বারান্দার তিন ফুট জায়গা দখল করে সরকারি বরাদ্দে রাস্তা নির্মাণের পরিকল্পনা করেন ইউপি চেয়ারম্যান। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে আবেদন করলে ইউএনও কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
ভুক্তভোগী এই ইউপি সদস্যের অভিযোগ, প্রশাসনের নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান আজিজুর রহমান লোকবল নিয়ে জোর করে ঢালাই কাজ শুরু করেন। বাধা দিলে চেয়ারম্যান ও তার সহযোগীরা আহম্মদ আলী ও তার দুই ছেলেকে মারধর করেন। আহতদের মধ্যে ছোট ছেলে আকরমকে গুরুতর অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার কানে আটটি সেলাই লেগেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, তিনি কোনো জমি দখল করেননি বরং জনস্বার্থেই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। মারধরের ঘটনাটিও তিনি অস্বীকার করেন।
এদিকে আহম্মদ আলী গাজী এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।









