মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ফরিদুল হকের সভাপতিত্বে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির রোল নম্বর ১ থেকে ১০ পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘আব্দুল লতিফ সরদার শিক্ষাবৃত্তি’ এবং ‘ড. প্রদীপ কুমার ঘোষ স্মৃতি বৃত্তি’র অর্থ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি অধ্যাপক কাজী ফরিদুল হক ও সাবেক সভাপতি যথাক্রমে আব্দুল লতিফ সরদার, কল্যাণ কুমার ঘোষ, অভিভাবক সদস্য সমীর কুমার ঘোষ।

বক্তারা বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং ঝরে পড়া রোধে এ ধরনের শিক্ষাবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান শিক্ষার্থীদের আগামী দিনে আরও বেশি দূর এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

Ads small one

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সংবাদদাতা: সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে যুবদল। মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো, মশকনাশক ওষুধ প্রয়োগ ও লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে খুলনা রোড মোড়, সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা, এসপি বাংলো মোড়, পলাশপোল, বউবাজার ও চার বাস টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা ও মশকবিরোধী কার্যক্রম চালানো হয়।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান সমন্বয়ক আইনাল ইসলাম নান্টার নেতৃত্বে অভিযানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় সহসমন্বয়ক ফরিদ উদ্দিন, সহসমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সদর যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল সাধু এবং যুবদল নেতা দেলোয়ার হোসেনসহ জেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে নেতারা শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

আইনাল ইসলাম নান্টা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনে শহরের ব্যস্ততম বিভিন্ন এলাকায় মশার ওষুধ ও ব্লিচিং পাউডার ছিটানো এবং পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা

সংবাদদাতা: নির্যাতন ও শোষণের শিকার শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিতকরণে উপজেলা শিশু কল্যাণ বোর্ডে ভূমিকা নিয়ে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা সমাজ সেবার আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর কারিগরি সহায়তায় মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহিদুর রহমান, সনাক জেলা কমিটির সভাপতি তৈয়ব হাসান বাবু। মতবিনিময় সভায় প্রোগ্রাম সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিশু বিষয়ক কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় শিশুদের নির্যাতন, শোষণ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা, তাদের শিক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিতকরণ এবং শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে নির্যাতন ও শোষণের শিকার শিশুদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা প্রদান জরুরি। বক্তারা শিশুদের অধিকার রক্ষা, নিরাপত্তা, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ডিলারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় ওজনে কারচুপি ও নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

 

অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার মোঃ মাজাহারুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মির আজিজুর রহমানকে ১০ হাজার টাকা মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, পুলিশ ও আনসার সদস্য সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। সাধারণ মানুষের হক রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।