মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় আন্তধর্মীয় সংলাপ: সম্প্রীতি রক্ষায় ১১ দফার ঘোষণাপত্র স্বাক্ষর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় আন্তধর্মীয় সংলাপ: সম্প্রীতি রক্ষায় ১১ দফার ঘোষণাপত্র স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি: ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় এক আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই সংলাপের আয়োজন করা হয়। সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি কো-অর্ডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাশ এবং সঞ্চালনা করেন পিস অ্যাম্বাসেডর ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। সংলাপে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, সুকুমার দাস বাচ্চু, হেনরি সরদার, আইনজীবী সোমনাথ ব্যানার্জি ও মাওলানা সাখাওয়াত উল্লাহ।
জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র কোরআন, গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সংলাপের মূল উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ।
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ চিরকালই ধর্মীয় ও জাতিগত সম্প্রীতির দেশ। কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না। তবে কিছু বিপথগামী মানুষ ধর্মকে পুঁজি করে সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, যা রুখে দিতে ধর্মীয় নেতাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। উসকানিমূলক কোনো গুজবে কান না দিয়ে সত্য তথ্য যাচাই করার এবং একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
সংলাপ শেষে জেলার আন্তধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১১টি ঘোষণা সম্বলিত একটি ঘোষণাপত্র তৈরি করা হয়, যেখানে উপস্থিত সকল প্রতিনিধি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সাতক্ষীরা ও কালিগঞ্জের বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং পিএফজি ও ওয়াইপিএজি সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মো. আবু তাহের।

Ads small one

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।

সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা

সংবাদদাতা: জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার ‘কুলতিয়া ঘোষপাড়া’ এলাকার বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে ‘প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, “ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণে আমাদের এ অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

মেহেদী হাসান বলেন “জনস্বার্থ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে আজ আমরা সাতক্ষীরা সদরের কুলতিয়া ঘোষপাড়া বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছি। আইন অমান্য ও খাদ্যে অনিয়ম করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা ব্যবসায়ীদের সতর্ক করছি যেন তারা সঠিক মান বজায় রেখে ব্যবসা পরিচালনা করেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”