বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ: মার্কিন চুক্তি বাতিলের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ: মার্কিন চুক্তি বাতিলের দাবি

আমেরিকার সঙ্গে সম্পাদিত ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা না দেওয়ার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে (নিউমার্কেট) গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের সময়ে সম্পাদিত বিভিন্ন চুক্তির সমালোচনা করে বলেন, জাতীয় স্বার্থ ক্ষুণœ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করা হয়েছে, তার অবস্থান এখনো স্পষ্ট করা হয়নি। অবিলম্বে এই ‘দাসত্বের চুক্তি’ বাতিল করতে হবে। একই সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল এবং লালদিয়ায় বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধের দাবি জানানো হয়।
জেলা বাসদ সদস্য ও জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুক্তফ্রন্টের মুখপাত্র ও বাসদ সমন্বয়ক নিত্যানন্দ সরকার। জেলা বাসদ সদস্য কমরেড আবু তালেবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশ জাসদের জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, মানবাধিকার ব্যক্তিত্ব ও ‘দৈনিক দক্ষিণের মশাল’ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মুক্তিযোদ্ধা মাস্টার জব্বার, ভূমিহীন নেতা কওসার আলী, উদীচী জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও নারী নেত্রী রওশন আরা।
বক্তারা আন্তর্জাতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনের গাজায় মার্কিন মদদে ইসরাইলি গণহত্যা এবং দুনিয়ার বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসন বন্ধ করতে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।
স্থানীয় সমস্যার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা জেলাজুড়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এছাড়া মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র পরীক্ষার নামে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রেখে অহেতুক হয়রানি বন্ধের দাবি জানান তারা। সমাবেশে ছাত্রনেতা নয়ন, কবি ও সাহিত্য সংগঠক গাজী শাহজাহান সিরাজসহ বাম-প্রগতিশীল সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

খুলনার ১০ জেলায় তিন মাসে ১০১ বাল্যবিবাহ বন্ধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
খুলনার ১০ জেলায় তিন মাসে ১০১ বাল্যবিবাহ বন্ধ

নিজস্ব প্রতিনিধি: খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন এবং বাল্যবিবাহ প্রতিরোধে পৃথক বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসব সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের কর্মসূচি নির্ধারণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর সকাল সোয়া ৭টায় গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা। ১৬ ডিসেম্বর প্রত্যুষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, তিন দিনব্যাপী চারু ও কারুশিল্প মেলা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।

সভায় বিভাগীয় কমিশনার জাতীয় পতাকার সঠিক মাপ ও ব্যবহারের বিষয়ে প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক সভায় জানানো হয়, গত তিন মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ১০১টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ সময়ে ৪১৮টি উঠান বৈঠক, স্কুল পর্যায়ে ৩২টি সচেতনতামূলক অনুষ্ঠান এবং ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

সভাপতি বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে ইমাম, নোটারি পাবলিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

এদিকে, পৃথক এক তথ্যবিবরণীতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখি ও কমলাপুর ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন। একই সঙ্গে প্রত্যেক কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৭১ লাখ ২৫ হাজার টাকা কৃষি উপকরণ ভাতা দেওয়া হবে।

বিভাগীয় প্রস্তুতিসভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকেরা অনলাইনে যুক্ত ছিলেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

স্পোর্টস ডেস্ক: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এ কুষ্টিয়া জেলা দলকে ৭৮ রানে হারিয়েছে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ দল।

বুধবার (২৫ নভেম্বর) খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে সাতক্ষীরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানভীর হাসান ১১৭ বলে ২ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮৩ রান করেন। এছাড়া মো. সালমান আফ্রিদি ৪৮, তানভীর রহমান অপরাজিত ২৪ এবং অধিনায়ক আরবাজ ইসলাম ১৬ রান করেন।

জবাবে ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুষ্টিয়া ৪২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে তাসকিন হোসেন ৩৭ ও জুবায়ের ২৯ রান করেন।

সাতক্ষীরার হয়ে হাসিনুল বান্না ১৯ রানে ৩টি এবং তামিম ইকবাল ১১ রানে ২টি উইকেট নেন। এছাড়া আজনাত আব্দুল্লাহ, ফাহিম হাসান আর্কো, হাসিবুর রহমান ও তানভীর হাসান একটি করে উইকেট লাভ করেন।

ব্যাট হাতে অপরাজিত ৮৩ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন সাতক্ষীরার তানভীর হাসান।

দলের সঙ্গে প্রধান প্রশিক্ষক মুফাচ্ছিনুল ইসলাম তপু, সহকারী প্রশিক্ষক ফজলুল করিম ও ম্যানেজার মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়েছে।

প্রাণিসম্পদ দেশের অর্থনৈতিক সম্ভার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
প্রাণিসম্পদ দেশের অর্থনৈতিক সম্ভার

 প্রকাশ ঘোষ বিধান

কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন গৃহপালিত পশুপাখি মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং স্থির মূল্যে অর্থনৈতিক আকার ৯৪ হাজার ৯ কোটি টাকা। দেশের কৃষিজ জিডিপির ১৬ দশমিক ৫৬ শতাংশ আসে এ খাত থেকে। পাশাপাশি মোট প্রাণিজ আমিষের প্রায় ৮০ শতাংশ জোগান দেয় প্রাণিসম্পদ খাত।

গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এখন গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের উৎস। দেশের লাখ লাখ প্রান্তিক কৃষক ও শিক্ষিত বেকার যুবক খামার গড়ে স্বাবলম্বী হচ্ছেন। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মানবদেহের সুস্থতা ও মেধা বিকাশে প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা অপরিসীম। দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দুধ উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে দেশের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ খাতের গুরুত্ব বাড়ছে।

প্রাণিসম্পদ শুধু খাদ্যের উৎস নয়, বিভিন্ন শিল্পের কাঁচামাল সরবরাহেরও অন্যতম মাধ্যম। পশুর চামড়া, হাড়, শিং ও লোম থেকে জুতা, ব্যাগ, হস্তশিল্পসহ নানা পণ্য তৈরি হয়। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। এ ছাড়া পশুর বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন করে জ্বালানি চাহিদা পূরণ এবং কৃষিজমির উর্বরতা বাড়ানো সম্ভব।

দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণিসম্পদ খাতের ওপর নির্ভরশীল। এ খাতকে কেন্দ্র করে প্রায় দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শুধু পোলট্রি শিল্পেই কাজ করছেন প্রায় ৬০ লাখ মানুষ, যাঁদের একটি বড় অংশ নারী। ফলে গ্রামীণ অর্থনীতিতে এ খাতের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মাংস, প্রক্রিয়াজাত খাদ্য ও হালাল পণ্য রপ্তানিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। চামড়া, শিং, হাড়, পালক ও জিলেটিন প্রক্রিয়াজাত করে উচ্চমূল্যের পণ্য উৎপাদন ও রপ্তানি করা সম্ভব। একই সঙ্গে গোবর থেকে জৈব সার ও বায়োগ্যাস উৎপাদন কৃষি ও জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে পারে।

প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উন্নত জাতের পশুপাখি উৎপাদন, কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ, খামারিদের সহজ শর্তে ঋণ প্রদান এবং সাশ্রয়ী পশুখাদ্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে পশুচিকিৎসা ও টিকাদান সেবা সহজলভ্য করা জরুরি।

এ ছাড়া দুধ ও মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রসার, আধুনিক কোল্ড চেইন অবকাঠামো গড়ে তোলা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন সম্ভব হবে।

প্রাণিসম্পদ বাংলাদেশের অর্থনীতির এক অমূল্য সম্পদ। যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে এ খাত দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক ও কলামিস্ট

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)