বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গ্রিড উপকেন্দ্রের উন্নয়ন কাজ: আজ ২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় গ্রিড উপকেন্দ্রের উন্নয়ন কাজ: আজ ২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গ্রিড উপকেন্দ্রের জরুরি উন্নয়ন কাজের জন্য আজ ১১ এপ্রিল (শনিবার) শহরের বড় একটি অংশে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর জিএমডি-খুলনা (দক্ষিণ) দপ্তর এক চিঠির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ‘ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় সাতক্ষীরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ডিসি সিস্টেমে প্রয়োজনীয় কিছু সংস্কার কাজ করা হবে। এ কারণে ওই দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপকেন্দ্রটি পূর্ণ ‘শাট-ডাউন’ বা বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকেন্দ্রের ১১০ ভোল্ট ডিসিডিবিতে কাজ চলাকালীন সাতক্ষীরা গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এর ফলে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকো-এর আওতাধীন গ্রাহকেরা সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন।

গ্রিড উপকেন্দ্রের এই উন্নয়ন কাজের সময় গ্রাহকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে লোডশেডিংয়ের বিষয়ে গ্রাহক পর্যায়ে প্রয়োজনীয় প্রচার চালাতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগগুলোকে অনুরোধ করেছে পিজিসিবি কর্তৃপক্ষ। উন্নয়ন কাজের স্বার্থে অনিচ্ছাকৃত এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেছে গ্রিড উপকেন্দ্র কর্তৃপক্ষ।

Ads small one

উপকূলে নিরাপদ কৃষির আলো ছড়াচ্ছেন সরমা রানী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
উপকূলে নিরাপদ কৃষির আলো ছড়াচ্ছেন সরমা রানী

নিজস্ব প্রতিনিধি: লবণাক্ততা ও জলাবদ্ধতার মতো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে সাতক্ষীরার শ্যামনগরে বিষমুক্ত সবজি উৎপাদনে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষাণী সরমা রানী (৪৮)। নিজের বসতভিটায় গড়ে তোলা সবজির খামার, দেশীয় বীজ সংরক্ষণ এবং নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উপকূলজুড়ে নিরাপদ কৃষির বার্তা ছড়িয়ে দিচ্ছেন তিনি।

শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা সরমা রানী বসতভিটার ৬৬ শতক জমির মধ্যে ৩৩ শতকে গড়ে তুলেছেন বৈচিত্র্যময় সবজির খামার। রান্নাঘরের উচ্ছিষ্ট, সবজির খোসা ও ঘাস পচিয়ে তৈরি করেন জৈব সার। নিমপাতা ও রসুন দিয়ে তৈরি করেন প্রাকৃতিক বালাইনাশক। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই উৎপাদন করছেন বিভিন্ন ধরনের সবজি। পাশাপাশি নিজের উৎপাদিত ফসলের বীজও সংরক্ষণ করেন।

অসুস্থ স্বামী ও চার সদস্যের সংসারের দায়িত্ব সামলে কৃষিকাজের পাশাপাশি সন্তানদের উচ্চশিক্ষিত করেছেন তিনি। তিন মেয়েকে উচ্চশিক্ষিত করে বিয়ে দিয়েছেন। ছেলে বর্তমানে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

নিজের উদ্যোগকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে বাড়িতে গড়ে তুলেছেন ‘মথুরাপুর বকুল কৃষি নারী উন্নয়ন সংগঠন’। সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন দেশীয় বীজ ব্যাংক। সেখানে সংরক্ষিত রয়েছে প্রায় ৮০ ধরনের স্থানীয় বীজ। দুই শতাধিক নারী কৃষকের সঙ্গে নিয়মিত বীজ বিনিময় করেন তিনি।

২০১৮ সালে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর এই উদ্যোগের বিস্তার ঘটে। প্রশিক্ষণ নিয়ে নিজেই প্রশিক্ষক হয়ে ওঠেন। প্রায় ৪০টি প্রশিক্ষণের মাধ্যমে এলাকার প্রায় ৬০০ নারীকে জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক তৈরির কৌশল শিখিয়েছেন।

তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আশপাশের গ্রামের অনেক নারীও বিষমুক্ত সবজি চাষ শুরু করেছেন। ফুলতলা গ্রামের কৃষাণী দীপ্তি রানী জানান, সরমা রানীর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। আগে পেঁপেগাছে ফলন কম হলেও এখন ভালো ফলন পাচ্ছেন।

সরমা রানীর বাড়িতে রয়েছে ৩০ ধরনের সবজি, ২০ ধরনের ফল ও ১২ প্রজাতির স্থানীয় মরিচের বীজ। পুকুরে সংরক্ষিত রয়েছে ২৪ ধরনের দেশি মাছ। সবজি বিক্রি করে মাসে প্রায় সাত হাজার টাকা আয় করেন তিনি। পাশাপাশি রাসায়নিক সার না কেনায় বছরে প্রায় ১৮ হাজার টাকা সাশ্রয় হচ্ছে।

সরমা রানী বলেন, শুধু নিজের বাড়িতে বিষমুক্ত সবজি উৎপাদন করলেই হবে না। আশপাশের কৃষক ও পরিবারগুলোকে এ কাজে আগ্রহী করে তুলতে চান তিনি। নারী কৃষকদের সংগঠিত করে নিরাপদ সবজি চাষকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই তাঁর লক্ষ্য।

শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউল ইসলাম বলেন, স্থানীয় বীজ, জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করে বিষমুক্ত ফসল উৎপাদনে সরমা রানীর উদ্যোগ প্রশংসনীয়। তাঁর অভিজ্ঞতা অন্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেবে।

সাতক্ষীরায় অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ, অনুমোদনহীন ও পরিবেশদূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে কয়েকটি ইটভাটার চিমনি ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয় ও খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর উপজেলার মেসার্স জামান ব্রিকস, জামান ব্রিকস, মেসার্স ব্রিকস ও যশোর নামের ইটভাটার ফিক্সড চিমনি ও ক্লিন ভেঙে দেওয়া হয়। এছাড়া বিনেরপোতা এলাকার বিনেরপোতা ব্রিকস নামের ইটভাটায় জিগজ্যাগ চিমনি স্থাপন না করা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসফিউর রহমান এবং খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস। এ সময় প্রসিকিউশন প্রদান করেন ওই কার্যালয়ের মো. আশরাফ আলী।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র জানান, জেলার অনুমোদনহীন ইটভাটা, ফিক্সড চিমনি ব্যবহারকারী এবং কাঠ পুড়িয়ে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’—এ প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানবাধিকারকর্মীদের এ সমাবেশ থেকে নারীর সব ধরনের বাধা দূর করা, অবাধ চলাচল নিশ্চিত করা এবং নিরাপদ ও ভীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টায় সব ধরনের সহিংসতার প্রতিবাদে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্বদেশ সংস্থার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধন ও সমাবেশে সাতক্ষীরার বিভিন্ন স্থানীয় সংগঠনের প্রধান ও প্রতিনিধি, যুব প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং নারী নেত্রীরা অংশ নেন। বক্তারা সাম্প্রতিক সময়ে সাতক্ষীরায় ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরে এসব সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।