সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
পত্রদূত ডেস্ক: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার ও জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, যুবসমাজ দেশের মূল চালিকাশক্তি। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবকদের মেধা ও শ্রম কাজে লাগাতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা ও আত্মকর্মী হিসেবে গড়ে উঠতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে যুবকেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মধ্যে ঋণের চেক এবং সফল যুব সংগঠকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।












