শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
সাতক্ষীরায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক শক্তি রুখবোই, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ আগামী বাংলাদেশ গড়বোই’ এই স্লোগানকে সামনে রেখে মধুমালারডাঙ্গি আবাসিক এলাকার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শুক্রুবার (২৪ জুলাই) জুম্মার নামাজের পর মিছিলটি মধুমালারডাঙ্গি আবাসিক এলাকা থেকে শুরু হয়ে খুলনা রোড মোড় হয়ে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মধুমালারডাঙ্গি উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও স্থানীয় মসজিদের সেক্রেটারি নূরুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাগর শফিকুর দৌলা সাগর, জামায়াত নেতা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, আব্দুর রাজ্জাক, মেরাজ হোসেন, আনছার আলী, আব্দুল জব্বার, আখতারুজ্জামান, মিজানুর রহমান, সেলিম, ময়না, হান্নান ও পুটি প্রমুখ।

বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং বাড়ছে সামাজিক অপরাধ। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সন্ধ্যার পর বিভিন্ন দোকানে চায়ের আড্ডা ও কেরাম বোর্ডের আসরসহ সন্দেহজনক কর্মকান্ডের বিষয়ে স্থানীয়ভাবে নজরদারি করা হবে। এসব কর্মকান্ডের আড়ালে কেউ মাদক বা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় স্থানীয় বাসিন্দারা মাদককে ‘না’ বলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।