বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারের পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের সভাপতি জাসওয়ার উমর। একইসঙ্গে আগামী আট মাসের মধ্যে দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু করেছেন বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে শ্রীলঙ্কার শিরোপার স্বপ্ন শেষ হয়েছে। এই হতাশাজনক পারফরম্যান্সের পর দেশটির ফুটবল সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন জাসওয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, সাফের ফাইনালে শ্রীলঙ্কাকে দেখার স্বপ্ন ছিল সমর্থকদের পাশাপাশি ফুটবল ফেডারেশনেরও।
জাসওয়ার লিখেছেন, ‘জাতীয় দলের প্রতি প্রত্যাশা ও উদ্দীপনা নিয়ে সমর্থন জানানো শ্রীলঙ্কার জনগণ এবং বিশেষ করে আমাদের প্রিয় ফুটবল সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সাফের ফাইনালে আমাদের দলকে দেখার স্বপ্ন আপনাদের যেমন ছিল, আমাদেরও তেমনই ছিল।’
বিশ্ব ফুটবলে নিষেধাজ্ঞার ধাক্কা কাটিয়ে শ্রীলঙ্কার ফুটবলকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তার মতে, খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, পারফরম্যান্সের উন্নতি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল গঠনই ছিল তাদের মূল লক্ষ্য।
এর প্রমাণ হিসেবে ফিফা র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার উন্নতির কথাও তুলে ধরেছেন জাসওয়ার। তার দাবি, ২০৭তম স্থান থেকে শ্রীলঙ্কা এখন ১৮৪তম স্থানে উঠে এসেছে। প্রায় ১৫ বছর ধরে ২০০-এর নিচে থাকা একটি দেশের জন্য এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন তিনি।
তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। ভুল এবং চাপের কারণে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি শ্রীলঙ্কা। কিন্তু একটি পরাজয় দিয়ে পুরো দলের মূল্যায়ন করতে চান না ফেডারেশন সভাপতি।
জাসওয়ারের ভাষ্য, ‘এই একটি পরাজয়ের কারণে দলের মূল্য কিংবা এখন পর্যন্ত আমাদের অর্জন করা অগ্রগতি খাটো করে দেখা উচিত নয়। এই দলই এর আগে উচ্চতর ফিফা র্যাঙ্কিংয়ে থাকা কয়েকটি দেশকে হারিয়ে শ্রীলঙ্কার জন্য গর্ব ও নতুন আশার সঞ্চার করেছে।’
গত দুই বছরে জাতীয় দল ১২টি জয় এবং ছয়টি ড্র করেছে বলেও জানিয়েছেন তিনি। তাই সমর্থকদের প্রতি তার আহ্বান, শুধু জয়ের সময় নয়, কঠিন সময়েও দলের পাশে থাকতে হবে।
আগামী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন জাসওয়ার। আট মাসের মধ্যে দলকে আরও শক্তিশালী করে ফেরানোর পাশাপাশি পরবর্তী সাফ শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন তিনি।
এ প্রসঙ্গে জাসওয়ার বলেছেন, ‘পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ প্রায় আট মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। এই প্রতিযোগিতা শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা নিয়ে আমি ইতোমধ্যে আলোচনা করছি। এটি আমাদের জাতীয় দল, ফুটবল সমর্থক এবং পুরো ফুটবল সম্প্রদায়ের জন্য দারুণ একটি সুযোগ হতে পারে।’
শ্রীলঙ্কায় ফুটবল নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ফেডারেশন সভাপতি। তাঁর মতে, পাঁচ বছর আগেও দেশজুড়ে ফুটবল নিয়ে এমন আলোচনা ও আগ্রহ ছিল না। এখন ফুটবল আবার জাতীয় আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।
এই আগ্রহ তৈরিতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে জাসওয়ার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে আরও অনেক কাজ বাকি রয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।
সবশেষে শ্রীলঙ্কার জনগণের প্রতি তার বার্তা, একটি পরাজয়ে থেমে যাওয়ার সুযোগ নেই। ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে দল গড়তে চান তারা। তার প্রত্যয়, ‘আমরা শিখবো, আবার গড়ে উঠবো এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। আবার ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কা।’