বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরার উন্নয়নে নতুন ভাবনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
সাতক্ষীরার উন্নয়নে নতুন ভাবনা

মো. মামুন হাসান

বাংলাদেশের উন্নয়ন আলোচনায় উপকূলের কথা উঠলেই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, নদীভাঙন আর বেড়িবাঁধের দুর্বলতার চিত্র সামনে আসে। অথচ এই উপকূলের মধ্যেই লুকিয়ে আছে কৃষি, মৎস্য, পর্যটন, জীববৈচিত্র্য, বন্দরকেন্দ্রিক বাণিজ্য এবং নীল অর্থনীতির বিপুল সম্ভাবনা। সাতক্ষীরা সেই সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সুন্দরবনের অংশবিশেষ, বিস্তীর্ণ নদীব্যবস্থা, চিংড়িশিল্প, কৃষি, স্থলবন্দর এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য মিলিয়ে জেলাটির রয়েছে বহুমাত্রিক অর্থনৈতিক ভিত্তি। প্রশ্ন হলো, সাতক্ষীরা কি শুধু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকবে, নাকি পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় অর্থনীতির নতুন উন্নয়ন মডেল হয়ে উঠবে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমেই উন্নয়নের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নয়ন মানে শুধু সড়ক, সেতু, ভবন কিংবা অবকাঠামো নির্মাণ নয়। প্রকৃত উন্নয়ন হলো স্থানীয় সম্পদকে উৎপাদনশীল সম্পদে রূপান্তর, মানুষের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা। অর্থনীতির অন্তর্জাত প্রবৃদ্ধি তত্ত্ব অনুযায়ী, একটি অঞ্চলের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে তার নিজস্ব জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন ও মানবসম্পদের ওপর। এই দৃষ্টিকোণ থেকে সাতক্ষীরার উন্নয়নের ভিত্তি হতে পারে স্থানীয় সম্পদ, স্থানীয় উদ্যোক্তা এবং স্থানীয় মানুষের দক্ষতা।

সাম্প্রতিক বাস্তবতা অবশ্য যথেষ্ট উদ্বেগজনক। ২৭ অক্টোবর ২০২৬ প্রকাশিত বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরায় প্রায় ১৮ থেকে ২০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত। লবণাক্ততা, সুপেয় পানির সংকট, নদীভাঙন, কৃষিজমির উৎপাদনশীলতা হ্রাস এবং ঘূর্ণিঝড় মানুষের জীবন ও জীবিকাকে অনিশ্চিত করে তুলছে। অন্যদিকে, ২০২৬ সালের একটি গবেষণায় সাতক্ষীরার ২৭ দশমিক ৯৫ শতাংশ এলাকাকে লবণাক্ততা প্রবেশের উচ্চ ও অতি উচ্চ ঝুঁকির মধ্যে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, সাতক্ষীরার উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু সহনশীলতাকে আলাদা কোনো বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটিকে অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রেই রাখতে হবে।

এ ক্ষেত্রে প্রয়োজন সমন্বিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট। এই ধারণার মূল কথা হলো, নদী, কৃষি, মৎস্য, বন, বসতি, পর্যটন ও অবকাঠামোকে বিচ্ছিন্নভাবে নয়, একটি সমন্বিত অর্থনৈতিক ও পরিবেশগত ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা। সাতক্ষীরায় নদী খনন করা হলো, কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা হলো না; বেড়িবাঁধ নির্মাণ করা হলো, কিন্তু নদীর স্বাভাবিক প্রবাহ ও পলি ব্যবস্থাপনা বিবেচনায় নেওয়া হলো না; চিংড়ি উৎপাদন বাড়ল, কিন্তু কৃষিজমি ও সুপেয় পানির সংকট তৈরি হলো। এভাবে বিচ্ছিন্ন প্রকল্প দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সাতক্ষীরার অর্থনীতির অন্যতম শক্তি হতে পারে কৃষি ও মৎস্যের সমন্বিত বিকাশ। চিংড়ি এই জেলার গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হলেও একটি পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা অর্থনৈতিক ঝুঁকি বাড়ায়। প্রয়োজন পরিবেশবান্ধব চিংড়ি চাষ, কাঁকড়া মোটাতাজাকরণ, লবণসহিষ্ণু ধান, সূর্যমুখী, তরমুজ, সবজি এবং জলাবদ্ধ এলাকায় পানিফল চাষের সম্প্রসারণ। একই সঙ্গে চিংড়ি ও কাঁকড়ার প্রক্রিয়াজাতকরণ, হিমাগার, মান নিয়ন্ত্রণ এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে হবে। এতে কাঁচামাল বিক্রির পরিবর্তে স্থানীয় পর্যায়েই মূল্য সংযোজন সম্ভব হবে।

এখানে অর্থনীতির ভ্যালু চেইন বা মূল্য সংযোজন শৃঙ্খল তত্ত্ব গুরুত্বপূর্ণ। একটি পণ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, পরিবহন, বিপণন ও রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপে নতুন অর্থনৈতিক মূল্য সৃষ্টি হয়। সাতক্ষীরার চিংড়ি যদি শুধু কাঁচামাল হিসেবে বিক্রি না হয়ে স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত ও ব্র্যান্ডিং করা যায়, তাহলে আয় ও কর্মসংস্থান—দুটিই বাড়বে।

দ্বিতীয় বড় সম্ভাবনা পর্যটন। সুন্দরবন, মুন্সীগঞ্জ, শ্যামনগর, কালীগঞ্জ, যশোরেশ্বরী মন্দির, গুর পুকুরের মেলা এবং স্থানীয় সংস্কৃতিকে কেন্দ্র করে একটি সমন্বিত পর্যটন অর্থনীতি গড়ে তোলা সম্ভব। তবে পর্যটন মানে শুধু হোটেল, রিসোর্ট কিংবা পর্যটক পরিবহন নয়। এর সঙ্গে যুক্ত হতে পারে স্থানীয় খাবার, নৌভ্রমণ, হস্তশিল্প, সংস্কৃতি, প্রশিক্ষিত পর্যটন গাইড, হোমস্টে, পরিবেশবান্ধব পরিবহন এবং স্থানীয় পণ্য বিপণন।

এ ক্ষেত্রে কমিউনিটিভিত্তিক পর্যটন মডেল অনুসরণ করা যেতে পারে। অর্থাৎ, পর্যটনের আয় যেন শুধু বাইরের বিনিয়োগকারীর হাতে না গিয়ে স্থানীয় মানুষের কাছেও পৌঁছায়। সুন্দরবনকেন্দ্রিক পর্যটনে স্থানীয় তরুণদের প্রশিক্ষিত গাইড, নৌযান পরিচালনাকারী, আতিথেয়তা ব্যবস্থাপক এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। পর্যটনের ধারণক্ষমতা ও পরিবেশগত সীমা মেনেই পর্যটন সম্প্রসারণ করতে হবে।

বিদেশি অভিজ্ঞতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভিয়েতনামের মেকং বদ্বীপে কৃষি, মৎস্য, বন, অবকাঠামো এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকাকে সমন্বিত করে জলবায়ু সহনশীল উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে চিংড়ি চাষের সঙ্গে ম্যানগ্রোভ বন সংরক্ষণ এবং জনগোষ্ঠীভিত্তিক পর্যটনকে যুক্ত করা হচ্ছে। বিশ্বব্যাংকের ২০২৫ সালের একটি অভিজ্ঞতা বিনিময় প্রতিবেদনে এই মডেলকে উপকূলীয় অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে তুলে ধরা হয়েছে। সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন এলাকায় স্থানীয় বাস্তবতা অনুযায়ী এমন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।

অন্যদিকে, নেদারল্যান্ডসের অভিজ্ঞতা আমাদের শেখায়, পানি নিয়ন্ত্রণ শুধু বাঁধ নির্মাণের বিষয় নয়; বরং পানি ব্যবস্থাপনা, ভূমি ব্যবহার, প্রযুক্তি, কৃষি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার সমন্বয়। তাদের পানি ব্যবস্থাপনার দর্শনে প্রকৃতির সঙ্গে লড়াই করার পরিবর্তে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বসতি ও অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাতক্ষীরায়ও শুধু বেড়িবাঁধ উঁচু করার পরিবর্তে নদীর প্রবাহ, জোয়ার-ভাটা, পলি ব্যবস্থাপনা, খাল পুনঃখনন, জলাধার সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী প্রকৃতিনির্ভর প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

তৃতীয়ত, সাতক্ষীরাকে সীমান্ত বাণিজ্য ও লজিস্টিকস অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। ভোমরা স্থলবন্দরকে ঘিরে পরিবহন, গুদামজাতকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ, হিমায়িত পণ্য পরিবহন ও সংরক্ষণব্যবস্থা, প্যাকেজিং এবং বাণিজ্যিক সেবা সম্প্রসারণ করা প্রয়োজন। স্থলবন্দরকে শুধু আমদানি-রপ্তানির প্রবেশদ্বার হিসেবে না দেখে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিকল্পনা করতে হবে। এর সঙ্গে কৃষি ও মৎস্য রপ্তানির অবকাঠামো যুক্ত করা গেলে স্থানীয় উৎপাদকেরাও সরাসরি উপকৃত হবেন।

চতুর্থত, মানবসম্পদ উন্নয়ন ছাড়া এই সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব নয়। অর্থনীতির মানবসম্পদ তত্ত্ব অনুযায়ী, শিক্ষা, দক্ষতা ও প্রশিক্ষণে বিনিয়োগ মানুষের উৎপাদনশীলতা এবং আয় বৃদ্ধির অন্যতম প্রধান উপায়। সাতক্ষীরায় পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস এবং উদ্যোক্তা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ করতে হবে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে। বিশেষ করে নারী ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে স্বল্পসুদে ঋণ, প্রশিক্ষণ এবং বাজারসংযোগ নিশ্চিত করা জরুরি।

তবে এসব পরিকল্পনার ভিত্তি হতে হবে একটি সমন্বিত সাতক্ষীরা উপকূলীয় অর্থনৈতিক মহাপরিকল্পনা। প্রথম দুই বছরে জেলার নদী, খাল, কৃষিজমি, লবণাক্ততা, পর্যটনসম্পদ, শিল্প, বন্দর ও জনসংখ্যার ওপর ভিত্তি করে একটি সমন্বিত অর্থনৈতিক মানচিত্র তৈরি করতে হবে। পরবর্তী তিন বছরে শ্যামনগর ও আশাশুনিতে জলবায়ু সহনশীল কৃষি, পরিবেশবান্ধব মৎস্য এবং কমিউনিটিভিত্তিক পর্যটনের পরীক্ষামূলক অঞ্চল গড়ে তোলা যেতে পারে। একই সঙ্গে ভোমরা স্থলবন্দরকেন্দ্রিক শিল্প ও সরবরাহব্যবস্থা এবং সাতক্ষীরা সদরে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। পাঁচ বছর পর ফলাফল মূল্যায়ন করে সফল উদ্যোগগুলো পুরো জেলায় সম্প্রসারণ করতে হবে।

এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, বিশ্ববিদ্যালয়ের গবেষণা, আন্তর্জাতিক জলবায়ু তহবিল এবং স্থানীয় সরকারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর সঙ্গে সাতক্ষীরার উন্নয়ন পরিকল্পনার কার্যকর সমন্বয়ও জরুরি। প্রতিটি প্রকল্পে স্থানীয় মানুষের অংশগ্রহণ, স্বচ্ছতা, পরিবেশগত মূল্যায়ন এবং বিনিয়োগের সুফল বণ্টন নিশ্চিত করতে হবে।

সবশেষে, সাতক্ষীরার উন্নয়নকে কেবল একটি জেলার উন্নয়ন হিসেবে দেখলে চলবে না। এটি হতে পারে বাংলাদেশের উপকূলীয় অর্থনীতির জন্য একটি পরীক্ষাগার, যেখানে জলবায়ু সহনশীল কৃষি, টেকসই মৎস্য, পরিবেশবান্ধব পর্যটন, সীমান্ত বাণিজ্য এবং দক্ষ মানবসম্পদ একই উন্নয়ন কাঠামোয় যুক্ত হবে। অর্থনীতির অভিঘাত-সহনশীলতার ধারণা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত উন্নয়ন শুধু সংকট মোকাবিলা নয়; সংকটের মধ্যেও নতুন উৎপাদন, কর্মসংস্থান ও সম্ভাবনা তৈরির সক্ষমতা অর্জন।

সাতক্ষীরার সামনে তাই দুটি পথ। একদিকে দুর্যোগের পর ত্রাণ, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং বিচ্ছিন্ন প্রকল্পের ওপর নির্ভরশীলতা। অন্যদিকে স্থানীয় সম্পদ, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগের সমন্বয়ে একটি নতুন অর্থনৈতিক ভবিষ্যৎ নির্মাণ। দ্বিতীয় পথটি কঠিন, কিন্তু অসম্ভব নয়।

সাতক্ষীরাকে আর শুধু দুর্যোগের মানচিত্রে দেখতে চাই না। দেখতে চাই সম্ভাবনার মানচিত্রে। যে উপকূলকে এত দিন উন্নয়নের ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছে, সেই উপকূলই হতে পারে বাংলাদেশের আগামী দিনের অর্থনৈতিক শক্তি। প্রশ্ন সাতক্ষীরার সম্ভাবনা কতটুকু, তা নয়; প্রশ্ন হলো, সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার মতো রাজনৈতিক সদিচ্ছা, পরিকল্পনা ও বিনিয়োগ আমরা দেখাতে পারব কি না।

লেখক: শিক্ষক ও কলামিস্ট।

Ads small one

শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

সংবাদদাতা: ‘উপকূল বাঁচলে বাঁচবে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সর্বস্তরের মানুষ। বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের সহযোগিতায় সুন্দরবন প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো লাখো মানুষকে স্মরণ এবং উপকূলীয় অঞ্চলের মানুষের সুরক্ষা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দিবসটি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল মামুন, পরিতোষ কুমার বৈদ্য, আলামীন হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর ইতিহাসের ভয়াবহতম ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এত বছর পরও উপকূলের প্রায় পাঁচ কোটি মানুষ অরক্ষিত অবস্থায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলবাসী প্রতিনিয়ত নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সঙ্গে লড়াই করে বেঁচে আছে।

বক্তারা আরও বলেন, উপকূলের মানুষের জন্য সাময়িক ত্রাণ নয়, বরং টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা এবং উপকূলীয় উন্নয়নে আলাদা বোর্ড গঠন করা এখন সময়ের দাবি।

সাতক্ষীরায় দুটি নতুন ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় দুটি নতুন ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাতক্ষীরায় চালু হলো দুটি নতুন ‘মানবতার দেয়াল’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় গেট ও আসিফ চত্বরে পৃথকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে মানুষের প্রতি সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরা কমিউনিটি এ উদ্যোগ গ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। এ সময় সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানি, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের আওতায় যাঁদের ঘরে অতিরিক্ত ব্যবহারযোগ্য পোশাক রয়েছে, তাঁরা সেসব পোশাক মানবতার দেয়ালে রেখে যেতে পারবেন। অন্যদিকে, যাঁদের পোশাক প্রয়োজন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে পোশাক সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো আর্থিক সচ্ছলতার প্রমাণ বা অর্থের প্রয়োজন হবে না। মানুষের আত্মমর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, এ কার্যক্রম শুধু পোশাক বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এর মাধ্যমে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে উঠবে। মানুষের ঘরে পড়ে থাকা অতিরিক্ত পোশাক অন্য কোনো শীতার্ত বা অসহায় মানুষের শীত নিবারণ কিংবা আনন্দের উপলক্ষ হতে পারে। এ উদ্যোগকে এগিয়ে নিতে তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সবার সম্মিলিত অংশগ্রহণে সাতক্ষীরার ‘মানবতার দেয়াল’ পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠবে।

গণতন্ত্র কি শুধু ক্ষমতা পরিবর্তনের নাম?

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
গণতন্ত্র কি শুধু ক্ষমতা পরিবর্তনের নাম?

গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

একটি আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত হলো নাগরিকের জানমালের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের সমান প্রয়োগ এবং নির্ভয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নিশ্চয়তা। গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য শুধু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ক্ষমতায় থাকা ও ক্ষমতার বাইরে থাকা—উভয় অবস্থায় নাগরিকের অধিকার সমানভাবে সুরক্ষিত রাখার মধ্যেই এর সার্থকতা নিহিত।

কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ক্ষমতার পালাবদলের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা এবং নাগরিক নিরাপত্তার প্রশ্ন বারবার সামনে এসেছে। সরকার পরিবর্তিত হয়েছে, রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন ঘটেছে; কিন্তু রাজনৈতিক সহনশীলতা, আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ পুরোপুরি কাটেনি। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি কেবল ক্ষমতার পরিবর্তন হচ্ছে, নাকি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন ঘটছে?

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ করা গেছে। তা হলো, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে শত্রু হিসেবে বিবেচনা করার প্রবণতা। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা মামলা, গ্রেপ্তার, রাজনৈতিক হয়রানি এবং সভা-সমাবেশে বাধার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা, হামলা, গ্রেপ্তার ও প্রতিশোধমূলক আচরণের অভিযোগ সামনে এসেছে। একটি মৌলিক বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন—কোনো ব্যক্তি অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার অবশ্যই হতে হবে। কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা, বিনা বিচারে শাস্তি দেওয়া কিংবা তাঁর পরিবারের সদস্যদেরও সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা কোনোভাবেই ন্যায়বিচারের অংশ হতে পারে না।

হিউম্যান রাইটস ওয়াচের ২০২৬ সালের ওয়ার্ল্ড রিপোর্ট এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের মানবাধিকার পর্যালোচনায় বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, নির্বিচার গ্রেপ্তার, প্রতিশোধমূলক আচরণ ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগের বিষয় উঠে এসেছে। এসব পর্যবেক্ষণ থেকে স্পষ্ট যে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের প্রশংসা করার অধিকার যেমন নাগরিকের রয়েছে, তেমনি সরকারের সমালোচনা করার অধিকারও সমানভাবে স্বীকৃত। একজন নাগরিক রাষ্ট্রের নীতি, প্রশাসনের কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের সমালোচনা করতে পারেন। সাংবাদিক প্রশ্ন তুলতে পারেন, লেখক বিশ্লেষণ করতে পারেন এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে পারেন। এসব অধিকার গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক ও অপরিহার্য বৈশিষ্ট্য।

কিন্তু ভিন্নমত প্রকাশের কারণে যখন গ্রেপ্তার, হয়রানি, হুমকি কিংবা সামাজিকভাবে হেনস্তার আশঙ্কা তৈরি হয়, তখন মানুষ নিজের মতামত প্রকাশের আগে একাধিকবার চিন্তা করতে বাধ্য হন। এভাবেই সমাজে স্ব-আরোপিত নিয়ন্ত্রণ বা ‘সেলফ-সেন্সরশিপ’ তৈরি হয়। বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইনের প্রয়োগ নিয়ে বাংলাদেশের অতীত ও বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৫২তম অবস্থানে রয়েছে। এই অবস্থান দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রবাহের পরিবেশ নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরে। তবে বাক্‌স্বাধীনতার অর্থ দায়িত্বহীনতা নয়। মিথ্যা তথ্য, ব্যক্তিগত আক্রমণ, উসকানি কিংবা সহিংসতার প্রচারও গ্রহণযোগ্য হতে পারে না। এসবের প্রতিকার হতে হবে স্বচ্ছ আইন, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়সংগত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে; রাজনৈতিক প্রতিহিংসার ভিত্তিতে নয়।

রাষ্ট্রের শক্তি শুধু বড় বড় অবকাঠামো, সড়ক, সেতু কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে পরিমাপ করা যায় না। একটি রাষ্ট্র কতটা শক্তিশালী, তা বোঝা যায় সাধারণ মানুষ কতটা নিরাপদ, কতটা সহজে ন্যায়বিচার পান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তার মাধ্যমে। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা একটি রাষ্ট্রের স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। যদি কোনো নাগরিক মনে করেন, রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক প্রভাব কিংবা ক্ষমতাবান ব্যক্তির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে বিচার ও প্রশাসনিক সুবিধা নির্ধারিত হচ্ছে, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি তাঁর আস্থা দুর্বল হয়ে পড়ে। এ ক্ষেত্রে প্রয়োজন প্রশাসনের পেশাদারত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইন প্রয়োগে নিরপেক্ষতা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ বিভিন্ন সুশাসনবিষয়ক প্রতিষ্ঠানের গবেষণা ও পর্যবেক্ষণেও রাষ্ট্রীয় স্বচ্ছতা, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো সরকারই জবাবদিহির ঊর্ধ্বে নয়। জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি—সবার ক্ষেত্রেই একই আইনি মানদণ্ড কার্যকর থাকতে হবে।

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, গণতন্ত্রের মান নির্ধারণে শুধু নির্বাচন নয়; রাজনৈতিক অংশগ্রহণ, নাগরিক স্বাধীনতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। ফ্রিডম হাউসের ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড ২০২৬’ প্রতিবেদনে বাংলাদেশকে ১০০-এর মধ্যে ৪৪ নম্বর দিয়ে ‘পার্টলি ফ্রি’ বা আংশিক স্বাধীন রাষ্ট্র হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। প্রতিবেদনে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার পাশাপাশি রাজনৈতিক প্রতিশোধ এবং বিচারবহির্ভূত সহিংসতা নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের মতো নর্ডিক দেশগুলোতে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা, আইনের শাসন, স্বাধীন গণমাধ্যম এবং নাগরিক অধিকার সুরক্ষার চর্চা রয়েছে। এসব দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সরকার পরিবর্তিত হলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিক অধিকারের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে হয়। পাকিস্তান, মিয়ানমার ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতিও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সময়ে উদ্বেগের কারণ হয়েছে। তবে প্রতিটি দেশের ইতিহাস, রাজনৈতিক বাস্তবতা ও রাষ্ট্রীয় কাঠামো আলাদা। তাই সরাসরি এক করে দেখার পরিবর্তে তাদের অভিজ্ঞতা থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার ঝুঁকিগুলো অনুধাবন করাই যুক্তিসংগত।

বাংলাদেশের জন্য মূল প্রশ্ন হলো, আমরা কি এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে পারছি, যেখানে রাজনৈতিক পরিচয় নয়, বরং নাগরিকত্বই অধিকার ও নিরাপত্তার প্রধান ভিত্তি হবে? গণতন্ত্রের সার্থকতা কেবল ক্ষমতার পালাবদলে নয়; বরং এমন একটি রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংস্কৃতি প্রতিষ্ঠায়, যেখানে সরকার পরিবর্তিত হলেও নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা অক্ষুণ্ন থাকে।

লেখক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, সমাজকর্মী ও উদ্যোক্তা।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)