সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। মঙ্গলবার (৭ জুলায়) সকালে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাদকবিরোধী উদ্যোগের উদ্যোক্তা ও সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নেসারুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম, চালতেতলা বাজার সমিতির সহসভাপতি মনিরুজ্জামান (মাস্টার) ও ইসমাইল হোসেন। এ ছাড়া যুবসমাজের প্রতিনিধি মো. গোলাম কবির ও শরিফুল ইসলামসহ ছাত্রদলের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশে তিন দিনের আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, আগামী শুক্রবারের মধ্যে তারা যেন এলাকা ত্যাগ করে। অন্যথায় ওই দিন জুমার নামাজের পর ওয়ার্ডের সব মসজিদ থেকে সচেতন জনগণকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
বক্তারা বলেন, মাদক তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।












