সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে উদ্যোক্তা মেলা
নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তবভিত্তিক দক্ষতা বিকাশের লক্ষ্যে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা মেলা। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের তৈরি ও সংগৃহীত নানা পণ্য নিয়ে স্টল সাজায়।
মেলায় বিক্রয় ও প্রদর্শনী উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ আহমেদুর রহিম ও উপাধ্যক্ষ ছন্দা রাহাসহ শিক্ষকম-লী ও অভিভাবকেরা উপস্থিত থেকে স্টলগুলো পরিদর্শন করেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ আহমেদুর রহিম জানান, পাঠ্যপুস্তকের জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। অভিভাবকেরাও শিশুদের নেতৃত্বের গুণাবলি বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেন।
‘স্বপ্ন থেকে উদ্যোগ, উদ্যোগ থেকে সম্ভাবনা’ প্রতিপাদ্যে আয়োজিত এই মেলায় মূল্যায়ন শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মেলায় প্রথম স্থান অর্জন করে তাজবিহ আবেদিন। যৌথভাবে দ্বিতীয় স্থান পায় আতিকা আনজুম ও মুনতাসির রহমান এবং তৃতীয় স্থান অর্জন করে মুনতাহিনা রিমঝিম ও ফামিয়া হক তিশা। বিজয়ীদের হাতে সনদ ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।






