সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান কারাগারে
নিজস্ব প্রতিনিধি: জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরায় আসাদুল্লাহ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। ঢাকার আদালত পরিদর্শকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে উত্তরা ৭ নম্বর সেক্টরে আসাদুল্লাহ নিহতের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি তদন্ত করছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিবিদ্ধ হন আসাদুল্লাহ। ঘটনার পর তাঁর পরিবার লাশ খুঁজে না পেয়ে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে আসাদুল্লাহর লাশ শনাক্ত করে তাঁর পরিবার।
শেখ মুজিবুর রহমান নবম জাতীয় সংসদে সাতক্ষীরা-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দলটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।










