সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি ও চেকপোস্টের টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি’র অধীনস্থ কালিয়ানী, মাদরা ও হিজলদী বিওপি এবং বাঁকাল চেকপোষ্টের সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযানে নামেন।
অভিযানে কালিয়ানী বিওপির একটি দল সীমান্ত পিলার ৭/৬৫ এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নীলকুঠি এলাকা থেকে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। অন্যদিকে, মাদরা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১০ আরবি এলাকা থেকে আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে শ্মশানঘাট নামক স্থান থেকে ২০ হাজার টাকার ওয়ান টাইম প্লেট উদ্ধার করে। এছাড়া হিজলদী বিওপির একটি বিশেষ দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১৪ আরবি এলাকার বড়ালী নামক স্থান থেকে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়।
একই দিনে বাঁকাল চেকপোস্টের বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদর থানার আলিপুর হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন।
বিজিবি কর্মকর্তারা জানান, জব্দকৃত এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এভাবে ভারতীয় পণ্য চোরাচালানের ফলে দেশীয় শিল্প যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। শুল্ক ফাঁকি রোধ ও দেশীয় শিল্পের সুরক্ষায় বিজিবি’র এই সীমান্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।











