কলারোয়া সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি
পত্রদূত ডেস্ক: কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ কাকডাঙ্গা বিওপি, মাদরা বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার কেড়াগাছি এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ আরবি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
পৃথক আরেকটি অভিযানে মাদরা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১১ ও ১২ আরবি এলাকা থেকে কলারোয়ার চান্দা আমবাগান ও রাজপুর নামক স্থান হতে ৬ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করেন। এ ছাড়া ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল উপজেলার ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মোবাইলের যন্ত্রাংশ জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে সর্বমোট ১৩ লাখ ৭ হাজার ৪০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। শুল্ক কর ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
৩৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় পণ্য অবৈধভাবে দেশে প্রবেশের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।












