মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধসহ প্রায় ১৫ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিভিন্ন বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা, হিজলদী, কাকডাঙ্গা, কালিয়ানী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান নেন। অভিযানে কলারোয়ার উত্তর ভাদিয়ালী থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ঔষধ, ফকির পাড়া থেকে ৩০ হাজার টাকার শাড়ি এবং কেরাগাছি এলাকা থেকে ১০ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মোবাইল পার্টস জব্দ করা হয়।

এছাড়া সদর থানার গোবিন্দকাঠি ও কালিয়ানী আমবাগান এলাকা থেকে আরও প্রায় ৩ লাখ টাকার ঔষধ ও মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৩৩ হাজার ১০০ টাকা। শুল্ক কর ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। বিজিবি কর্মকর্তারা জানান, চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। জনস্বার্থে এবং দেশের অর্থনীতি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

 

 

 

Ads small one

সাতক্ষীরায় জমি দখল ও পাকা ধান কাটার চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় জমি দখল ও পাকা ধান কাটার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জমি দখলের চেষ্টা এবং জমির পাকা ধান কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এনামুল (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ৭৬ বছর বয়সী আবুল কাশেম।
অভিযোগে আবুল কাশেম উল্লেখ করেন, গত ২০ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই অভিযুক্ত ব্যক্তি জমির পাকা ধান কাটার চেষ্টা করেন। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান কাটার কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডিএনসি লাইসেন্স গ্রহণের আহ্বান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডিএনসি লাইসেন্স গ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তার সঙ্গে জেলা হোমিও কল্যাণ সংস্থার নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় অধিদপ্তরের পরিদর্শক মো. লায়েকুজ্জামান হোমিওপ্যাথিক চিকিৎসায় রেক্টিফায়েড স্পিরিট ও অ্যালকোহল ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০ ধারা এবং অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া অ্যালকোহল বা স্পিরিট সংগ্রহ, মজুদ, সংরক্ষণ ও ব্যবহার আইনত নিষিদ্ধ। হোমিওপ্যাথিক চিকিৎসায় রেক্টিফায়েড স্পিরিট ব্যবহার এবং সংশ্লিষ্ট ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে চিকিৎসকদের আইনগত বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন হতে হবে।
এ সময় জেলা হোমিও কল্যাণ সংস্থার নবগঠিত কমিটির সভাপতি ডা. সৈয়দ কামরুজ্জামান বলেন, ডিএনসির লাইসেন্স গ্রহণের বিষয়ে জেলার অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক আগে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর চিকিৎসকদের সচেতন করতে জেলা কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জেলার সব হোমিওপ্যাথিক চিকিৎসকের লাইসেন্স গ্রহণে সংস্থার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতা ও কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানান।
জবাবে পরিদর্শক মো. লায়েকুজ্জামান নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

 

 

 

 

 

সম্পাদকীয়/ প্রসঙ্গ: দৃষ্টিপ্রতিবন্ধীর পুঁজি কেড়ে নেওয়ার লজ্জা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: দৃষ্টিপ্রতিবন্ধীর পুঁজি কেড়ে নেওয়ার লজ্জা

সাতক্ষীরা জেলা জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ক্যালেন্ডার বিক্রেতা দৃষ্টিপ্রতিবন্ধী বাদশাহ শাহজাহান সেলিমের কাছ থেকে টাকা ভাঙানোর কথা বলে পুঁজি হাতিয়ে নেওয়ার ঘটনাটি কেবল একটি সাধারণ প্রতারণা নয়; এটি আমাদের সামাজিক বিবেক, মানবিকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে ঘটা এই প্রতারণায় তিনি তাঁর প্রতিদিনের আয়ের পাশাপাশি ব্যবসার পুঁজিও হারিয়েছেন, যার ওপর তাঁর পরিবারের ভরণপোষণ নির্ভর করে। যে স্থানে বিচারপ্রার্থী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের যাতায়াত, ঠিক সেই চত্বরেই একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের অসহায়ত্বকে পুঁজি করে এমন কাজ করা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক।
শাহজাহান সেলিম কোনো দয়া বা ভিক্ষার ওপর নির্ভরশীল নন; বরং শ্রম ও আত্মমর্যাদার মাধ্যমে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিলরও বটে। তাঁর ভাষ্য অনুযায়ী, ঘটনার দিনই জেলা প্রশাসক তাঁর কাছ থেকে একটি ক্যালেন্ডার কিনেছিলেন, অথচ সেই প্রশাসনিক ও বিচারিক কেন্দ্রের কাছাকাছি স্থানেই তিনি প্রতারণার শিকার হলেন। অল্প পুঁজিতে চলা ছোট ব্যবসার মূলধন হারিয়ে এখন তিনি নতুন করে ব্যবসা শুরু করার মতো সংকটে পড়েছেন।
এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা কেবল আইনের কথা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্বও। প্রকাশ্য দিবালোকে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার আশপাশে যদি প্রতারক চক্র সক্রিয় থাকে এবং সহজেই পার পেয়ে যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাবোধও দুর্বল হয়ে পড়ে। তাই দ্রুত এই প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং হারানো অর্থ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জরুরি।
পাশাপাশি, এই মুহূর্তে সেলিমের সবচেয়ে বড় প্রয়োজন তাঁর ব্যবসার পুঁজি ফিরে পাওয়া, যাতে তিনি আবারও সম্মানের সঙ্গে নিজের কাজ শুরু করতে পারেন। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো তাঁর পাশে দাঁড়ালে এই ধাক্কা সামলে ওঠা তাঁর জন্য সহজ হবে। সাতক্ষীরার আদালত ও প্রশাসন চত্বর হোক নিরাপদ ও মানবিকÑএই প্রত্যাশাই করি।