সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও মালামাল আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেটসহ পাঁচ লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ হিজলদী, মাদরা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি ও মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী হিজলদী বিওপির অধীনে কলারোয়া থানার বড়ালী পাকা রাস্তা এলাকা থেকে ১ লাখ ২২ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শোন পাপড়ি, গুঁড়ো দুধ, হেয়ার কালার, কোলগেট পেস্ট, বিস্কুট ও পান মশলা জব্দ করা হয়। মাদরা বিওপির অধীনে রাজপুর এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
কাকডাঙ্গা বিওপির অধীনে কেড়াগাছি নামক স্থান থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ভারতীয় ‘সিলডেনাফিল ট্যাবলেট’ জব্দ করে আভিযানিক দল। চান্দুরিয়া বিওপির অধীনে চান্দুরিয়া সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৫ লাখ ১৭ হাজার ২০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করছিল। এভাবে পণ্য পাচারের ফলে দেশীয় শিল্প যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকার বড় অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।






