ধুলিহরে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, কুপিয়ে জখম ২
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ধুলিহর এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ও বাঁশ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে দুইজন গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ধুলিহর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ধুলিহর গ্রামের শংকর অধিকারী (৫৫) ও তার ছেলে রতন অধিকারী (৩৫)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে এদিন সকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ চৌধুরী, সজিবসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাবা-ছেলে গুরুতর জখম হন।
আহত রতন অধিকারীর অভিযোগ, “আমাদের জমির বাঁশ জোর করে কাটতে আসে তারা। বাধা দিতে গেলে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়।”
শংকর অধিকারী বলেন, “দীর্ঘদিন ধরে তারা আমাদের জমি দখলের চেষ্টা করছে। আজকে সুযোগ পেয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ বিষয়ে সদর থানার একটি সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









