সুন্দরবনঘেঁষা সেই হরিনগর সড়কে এখন স্বস্তির সুবাতাস
চীফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গ্যারেজ বাজার থেকে হরিনগর বাজার পর্যন্ত দীর্ঘ সাড়ে চার কিলোমিটার সড়কের মেরামতকাজ শেষ হয়েছে। দীর্ঘদিন চলাচলের অনুপযোগী থাকার পর সড়কটি সংস্কার হওয়ায় স্বস্তি ফিরেছে সুন্দরবন উপকূলীয় অন্তত ১৫টি গ্রামের লক্ষাধিক মানুষের মনে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়কটির কার্পেটিং কাজ সম্পন্ন হয়েছে। এর ফলে হরিনগর, জেলেখালী, মুন্সিগঞ্জ, কচুখালী, মথুরাপুরসহ আশপাশের গ্রামগুলোর মানুষের উপজেলা সদরে যাতায়াত সহজ হলো। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সংস্কার করা সড়কটি পরিদর্শন করেন এলজিইডি সাতক্ষীরার একটি বিশেষ দল। এ সময় নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান সাড়ে চার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, মো. রবিউল ইসলাম ও উপজেলা প্রকৌশলী এম আব্দুস সামাদ প্রমুখ।
কচুখালী গ্রামের ৭০ বছর বয়সী গৌর ম-ল বলেন, ‘আমার জীবনে এই রাস্তায় তিনবার কাজ হতে দেখেছি। তবে এবারই প্রথম আধুনিক যন্ত্রপাতি দিয়ে এত দ্রুত কাজ শেষ হতে দেখলাম। কাজটা তাড়াতাড়ি হওয়ায় আমাদের চলাচলে কোনো ভোগান্তি হয়নি।’
হরিনগর বাজারের ব্যবসায়ীরা জানান, রাস্তা খারাপ থাকায় আগে কয়েক কিলোমিটার পথ ঘুরে মালামাল আনতে হতো, যা পরিবহন খরচ বাড়িয়ে দিত। এখন সরাসরি কম খরচে দ্রুত মালামাল আনা-নেওয়া করা যাচ্ছে।
নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান বলেন, ‘সুন্দরবনের কোলঘেঁষা এই অবহেলিত জনপদের মানুষের কথা চিন্তা করেই দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিকাদার ও এলাকাবাসীর সহযোগিতায় কাজটি গুণগত মান বজায় রেখে শেষ করা সম্ভব হয়েছে।’ তবে রাস্তাটি দীর্ঘস্থায়ী করতে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সচেতন হতে এলাকাবাসীকে আহ্বান জানান তিনি।






