স্কুল নাট্যদলের মানবাধিকার ও জেন্ডারবিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সোমবার বিদ্যালয় নাট্যদলের (বিনাদ) সদস্যদের অংশগ্রহণে মানবাধিকার, জেন্ডার সংবেদনশীলতা ও শিশুর প্রতি যৌন নিপীড়ন প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ‘স্বদেশ’-এর আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মশালায় বিদ্যালয়ের নাট্যদলের মোট ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের আওতায় ‘এনগেজ নাউ’ প্রকল্পের অধীনে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটিতে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব শর্ম্মা ও গাইড শিক্ষিকা ছকিনা খাতুন। প্রশিক্ষণটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের থিয়েটার অ্যাক্টিভিস্ট মো. আসাদুজ্জামান আমান।
কর্মশালায় বক্তারা শিশুদের সুরক্ষায় নাট্যদলের ভূমিকা এবং সমাজে জেন্ডার বৈষম্য দূরীকরণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগাল শরিফুল ইসলাম।












