বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

হামজা-শমিতদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
হামজা-শমিতদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

হামজা-ফারহান দলে যোগ দিলেই বাংলাদেশের খেলার চেহারা পাল্টে যাবে- সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠের লড়াইয়ে সেটাই দেখা গেলো। প্রবাসীদের নিয়ে গড়া লঙ্কান দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। হামজা, শমিত, ফারহান ও রাকিবের নৈপুণ্যে ৪-০ গোলের বড় জয় পেয়েছে টমাস ডুলির দল। তাতে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা।

অন্যদিকে বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে। গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হয়েছে ভুটান। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

বুধবার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। তার ফলও মিলেছে দ্রুত। শমিত সোমের গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী।

শমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশশমিত-হামজার গোলে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ টমাস ডুলি। জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষের জায়গায় খেলেছেন হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও মোহাম্মদ ইব্রাহিম। প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া হামজা খেলেছেন নম্বর টেন পজিশনে। শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর চাপ তৈরি করে খেলতে থাকে স্বাগতিকরা।

৫ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবকে ফাউল করায় বক্সের কয়েক গজ বাইরে ফ্রি-কিক পায় লাল-সবুজের দল। হামজার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ৮ মিনিটেই এগিয়ে যায় তারা। হামজার ক্রস থেকে গোলরক্ষক বল পাঞ্চ করে বিপদমুক্ত করার চেষ্টা করেন। বক্সের প্রান্তে থাকা শমিত সোমের প্রথম শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হলেও ফিরতি বল পেয়ে যান তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় জোরালো শটে বল জালে জড়ান নিউইয়র্ক কসমসে খেলা এই ফুটবলার। তাতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বাংলাদেশের সমর্থকরা।

১৬ মিনিটে আবারও আক্রমণে যায় বাংলাদেশ। শমিতের কাটব্যাক থেকে হামজার জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

২৫ মিনিটে দুর্দান্ত একটি গোলের সুযোগ তৈরি করেন হামজা। সতীর্থের লং পাস হেড করে তাঁর দিকে বাড়িয়ে দেন রাকিব। আগুয়ান গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগেই প্রথম স্পর্শে বল নিজের নিয়ন্ত্রণে নেন হামজা। এরপর তাঁর দারুণ ব্যাকহিল ক্রসবারের নিচের অংশে লাগলেও জালে জড়ায়নি।

৪০ মিনিটে ডিলন ডি সিলভার ক্রসে পা ছোঁয়াতে পারেননি কেউ। পরের মিনিটে রাকিবের শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।

৪৪ মিনিটে আবারও গোল উৎসবে মাতে বাংলাদেশ। ইব্রাহিমের লং পাস পেয়ে বক্সের ভেতরে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে জাল কাঁপান হামজা। গোলরক্ষকের গায়ে লেগে বল জালে জড়ালে ব্যবধান ২-০ করে বাংলাদেশ।

বিরতির পরও বাংলাদেশের খেলায় ছন্দপতন হয়নি। আগের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দল। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় স্বাগতিকরা।

একক প্রচেষ্টায় অসাধারণ গোল করে ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ফারহান। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ড্রিবলিংয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান ইংল্যান্ডপ্রবাসী এই ফরোয়ার্ড। ঢাকার মাঠে দর্শনীয় এমন গোল অনেক দিন পর দেখলেন দর্শকরা।

৬৬ মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন আনেন কোচ। মোহাম্মদ ইব্রাহিম, ফারহান আলী ও তারিক কাজী মাঠ ছাড়েন। তাদের জায়গায় নামেন হৃদয়, সুকি ইতোফুসা ও ফয়সাল আহমেদ ফাহিম। সেই পরিবর্তনের পরই ৭০ মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে লক্ষ্যে শট নিয়েছিলেন ইতোফুসা শুকি। দুর্ভাগ্য সেটি পা বাড়িয়ে আটকে দেন গোলরক্ষক।

কিছুক্ষণ পর ফাহিমও একইভাবে বক্সে ঢুকে পোস্ট লক্ষ্য করে শট নেন। কিন্তু এবারও সুজন পেরেরাকে পরাস্ত করতে পারেননি তিনি।

এরপর সাদ উদ্দিন ও কাজেম শাহকে তুলে নেন কোচ। তাদের জায়গায় মাঠে নামেন জামাল ভূঁইয়া ও রহমত মিয়া। ৮৫ মিনিটে শুকি ইতোফুসার জোরালো শটও প্রতিহত করেন গোলরক্ষক। তবে দুই মিনিট পর আরেকটি গোল পেয়ে যায় বাংলাদেশ। একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে দুর্দান্ত ফ্লিকে জালে বল পাঠান রাকিব হোসেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

Ads small one

৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক

সফটওয়্যার জটিলতার কারণে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লকড হয়ে আছে। এই পরিস্থিতির উন্নতি কবে হবে তা নির্দিষ্ট করে এখনই বলতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, আঙুলের ছাপের কোয়ালিটি কমে অন্যের সঙ্গে আঙুলের ছাপ মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে। এ জন্য সফটওয়্যার উন্নয়নের কাজ করছে সংস্থাটি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে। বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছে তাদেরটা আনলক করে দিচ্ছি।

প্রলয় কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
প্রলয় কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পুলিশ সদর দফতরের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। সেইসঙ্গে একজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ৭টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন–পুলিশ সদরদফতরের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, পুলিশ অধিদফতরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. সরোয়ার কবীর সোহাগ ও এপিবিএন-২ এর সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান।

এছাড়া বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তা হলেন–রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান।

তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৭ সালের ২৯ মে থেকে কোনও ধরনের ছুটি বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ওবায়দুর রহমান। তাকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি যোগ দেননি। পরে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। পরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নিয়ে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

হামের পর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা, আইসিইউতে ছুটছেন অভিভাবকরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
হামের পর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা, আইসিইউতে ছুটছেন অভিভাবকরা

হামে আক্রান্ত হওয়া শিশুদের অনেকে নতুন করে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে শুরু করেছে। ফুসফুসের সংক্রমণে কারও কারও নিতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এমনকি লাইফ সাপোর্টেও নিতে হচ্ছে কোনও কোনও শিশুকে। শিশুকে সুস্থ করতে দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে অভিভাবকদের। চিকিৎসার খরচ, ওষুধ কেনা আর সন্তানের জীবন নিয়ে উদ্বেগ—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন তারা।

নোয়াখালীর নূর আলম বিজয় শ্যামলীর শিশু হাসপাতালে তার ছয় মাস বয়সী মেয়েকে নিয়ে ১৯ দিন ধরে ভর্তি। জ্বর, হাম তারপর নিউমোনিয়া। এভাবে রোগের সঙ্গে যুদ্ধ করে কেটে গিয়েছে ১৯ দিন। বিজয় বলেন, ‘প্রথমে জ্বর আসে, এরপর হাম দেখা দেয়। পরে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেয়। বাচ্চাকে নিয়ে নোয়াখালীতে চিকিৎসা করিয়েছি। সেখান থেকে ঢাকা মেডিক্যালে রেফার করা হয়। পরে শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে সিট খালি না থাকায় ভর্তি নেয়নি। এরপর এখানে এসে ভর্তি করাই।’

তিনি বলেন, ‘১৯ দিন হয়ে গেছে এখানে। প্রথমে আট-নয় দিন হাম নিয়ে ভর্তি ছিল। এরপর দুই-এক দিন পর বাচ্চার অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। ফুসফুসে ইনফেকশনও হয়েছিল। আইসিইউতে দুই দিন থাকার পর কিছুটা সুস্থ হলে আবারও সাধারণ বেডে স্থানান্তর করা হয়। প্রথমে পাশের বেডে টাকা দিয়ে থাকতে হয়েছে, পরে এখানে ফ্রি বেডে চলে এসেছি। কারণ চিকিৎসায় অনেক খরচ হচ্ছে।

একই হাসপাতালে নয় মাস বয়সী বাচ্চাকে নিয়ে বাসাবোর মাদারটেক থেকে এসেছেন মা রিমি। এই হাসপাতালেই বাচ্চার বয়স বেড়ে গিয়েছে একমাস। রিমি বলেন, ‘প্রথমে বাচ্চার জ্বর ছিল। জ্বর নিয়ে রামপুরার ফরাজী হাসপাতালে ভর্তি করেছিলাম। পরে শরীরে হামের র‌্যাশ উঠলে সেখানকার চিকিৎসক বলেন, এখানে আর রাখা যাবে না, শিশু হাসপাতালে নিতে হবে। ওই হাসপাতালের চিকিৎসকই আমাদের এখানে (শ্যামলীর শিশু হাসপাতাল) পাঠিয়ে দেন। এরপর হাম শনাক্ত হওয়ার পরপরই নিউমোনিয়া ধরা পড়ে। নিউমোনিয়ার কারণে ফুসফুসে ইনফেকশন হয়েছিল, শ্বাসকষ্টও ছিল। আজকে এক মাস তিন দিন ধরে এখানে ভর্তি আছি। প্রথমে ১৩ দিন ওয়ার্ডে ছিলাম। এরপর ১৪ দিন এমআইসিইউতে রাখা হয়। সেখান থেকে দুই দিন আগে বের হয়েছে। এর মধ্যে বাচ্চার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, লাইফ সাপোর্টেও চলে গিয়েছিল। এখন ইনফেকশনের সব রিপোর্ট ভালো এসেছে।’

তিনি বলেন, ‘বাচ্চাকে যখন এখানে নিয়ে আসি, তখন বয়স ছিল ৯ মাস। এখন ১০ মাস চলছে। সবার ওপরেই অনেক ধকল গিয়েছে। কিন্তু এত কষ্টের পরও বাচ্চা সুস্থ হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, বাচ্চা ফিরে এসেছে।’

মিরপুর ৭ নম্বর থেকে মিতু আক্তার খাদিজা বাচ্চাকে নিয়ে আছেন একই হাসপাতালে। তিনি বলেন, ‘প্রথমে বাসায় বাচ্চার জ্বর ছিল। এরপর কাশি হয়। পরদিন শরীরে হামের র‌্যাশ দেখা দেয়। হাম দেখা দেওয়ার পরপরই বাচ্চাকে এখানে নিয়ে আসি। হাসপাতালে আনার পর চিকিৎসকরা জানান, বাচ্চার বেশ কিছু সমস্যা রয়েছে। পরে এক্স-রে করানোর পর হাম ও নিউমোনিয়া ধরা পড়ে।’

একই ঘটনা ঘটে হাবিবুর রহমান জয়ের সঙ্গেও। উনার বাসা টঙ্গীতে। বাচ্চাকে নিয়ে ভর্তি আছেন হাসপাতালে। তিনি বলেন, ‘বাচ্চার চার দিন আগে হাম ধরা পড়েছে। হামের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করিয়েছি। ওর হামের পাশাপাশি নিউমোনিয়াও দেখা দিয়েছে। এখন দেখছি হামের পর বেশিরভাগ বাচ্চার নিউমোনিয়া দেখা দিচ্ছে।’

প্রসঙ্গত, রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামের জন্য কেবিন ও ওয়ার্ডসহ ১০০টি শয্যা রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এর মধ্যে ৯৯টিতে রোগী ভর্তি ছিলেন। সেখানকার চিকিৎসকরা, নার্সরা সরাসরি নাম প্রকাশ করে কথা বলতে চাননি। তবে তারা জানান, হামের কারণে বাচ্চারা দুর্বল হয়ে পড়ছে। জ্বরে সঙ্গে ঠাণ্ডার প্রভাব নিয়েই অনেকে হাসপাতালে আসছেন, এরপর এসে ধরা পড়েছে যে, তাদের অনেকেই নিউমোনিয়াও আক্রান্ত। তারা জানান, হামে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছে তাদের একটা অংশ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই মারা যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন  বলেন, ‘হাম হলে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। ফলে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। বিশেষ করে যারা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করে, কিংবা ধোঁয়া ও বায়ুদূষণের মধ্যে থাকে, তাদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় তারা সহজেই নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। কাজেই এই ঝুঁকিটা বাস্তব।’

তিনি বলেন, ‘হাম হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এ অবস্থায় তারা সবচেয়ে বেশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এ ছাড়া কারও কারও পেটের সমস্যা হতে পারে, আবার কারও ক্ষেত্রে আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে নিউমোনিয়া হয়…বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে। কারণ তাদের আগে থেকেই অপুষ্টি থাকে। হামের কারণে তাদের শরীরে যে পুষ্টি আছে, সেটাও কমে যায়। এর সঙ্গে বায়ুদূষণ যুক্ত হয়। শহরসহ দেশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বায়ুদূষণ বেশি থাকায় শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বাড়তে পারে। এটি হাম-পরবর্তী একটি জনস্বাস্থ্য সমস্যা।’

এদিকে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, আজ যেসব সমস্যার কথা শুনলাম, আমাদের দেশে নিউমোনিয়ায় মৃত্যুহার বেশি—এ নিয়ে শুধু সেমিনার করে বক্তব্য দিয়ে বললাম, এটা করলে হবে, ওটা করলে হবে, আর এর মধ্যে বসে থাকলাম—এভাবে চলতে পারে না। আমাদের শিশুদের দীর্ঘ জীবন দিতে কী কী করা প্রয়োজন, সেগুলো নিয়ে আপনারা একটি কমিটি গঠন করুন। নিউমোনিয়া দূর করতে এবং শিশুদের বাঁচাতে কী কী করতে হবে, তা আপনারা আমাকে জানান। আমি সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবো।

তিনি বলেন, ‘কোন কোন ভ্যাকসিন দিতে হবে, কীভাবে কার্যক্রম শুরু করতে হবে, আরও কী ধরনের চিকিৎসাব্যবস্থা রয়েছে। আপনারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা বলেছেন। এটি প্রতিরোধে কী করতে হবে, সে বিষয়েও পরামর্শ দিন। ডাক্তারদের মধ্যে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করুন। বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করুন। কীভাবে সচেতনতা বাড়াতে হবে, শিশুদের ক্ষেত্রে কী করতে হবে, মাতৃত্বকালীন সময় থেকে কী ধরনের পদক্ষেপ নিতে হবে—এসব বিষয়ে আপনারা একটি সুপারিশমালা তৈরি করুন।’

নিউমোনিয়ার ভ্যাকসিন আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের হাতে কিন্তু আর সময় নেই। নিউমোনিয়ায় অনেক শিশু মারা যাচ্ছে। নিউমোনিয়ার ভ্যাকসিন আছে, আমি জানি। সেই ভ্যাকসিন কার্যক্রমে আলাদা কোনও ঘাটতি থাকলে আপনারা জানান। প্রয়োজনে সেটি নতুনভাবে শুরু করবো।’