বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান, ট্রাম্পের সংশয়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান, ট্রাম্পের সংশয়

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধগুলো আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে পুরোপুরি যুদ্ধ বন্ধ করাই এই প্রস্তাবের লক্ষ্য বলে ইরানের সরকার সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন যে, তিনি যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাবটি পর্যালোচনা করছেন। একই সঙ্গে এই প্রস্তাব কোনও চুক্তির দিকে যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, ইরানের ১৪ দফা প্রস্তাবে কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে পুরোপুরি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ৯ দফা পরিকল্পনার জবাবে দেওয়া ইরানের এই প্রস্তাবে দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলের অভিযানসহ সব ধরনের শত্রুতা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ইরান পাকিস্তানের মধ্যস্থতায় এই জবাব পাঠিয়েছে। এর আগেও পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় মধ্যস্থতা করেছে।

পাকিস্তানের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান আলোচনা চালিয়ে যাওয়ার জন্য এবং যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি কথা বলার জন্য উৎসাহিত করছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি।

ট্রাম্প ইরানের আগের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে আলোচনা এখনও অব্যাহত রয়েছে এবং তিন সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতিটি বজায় রয়েছে বলে মনে হচ্ছে।

এদিকে রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে কথা বলেছেন। সাম্প্রতিক লড়াই শুরু হওয়ার আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পূর্ববর্তী দফার আলোচনাগুলো তদারকি করেছিলেন।

অন্যদিকে, পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মার্কিন প্রেসিডেন্টও একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছেন। বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাসের মোট বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

ইরানের সংসদের ডেপুটি স্পিকার রবিবার বলেছেন, ইরান হরমুজ প্রণালি নিয়ে তাদের অবস্থান থেকে পিছপা হবে না এবং এটি যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরে যাবে না। হরমুজ প্রণালির সবচেয়ে সংকীর্ণ অংশের কাছাকাছি অবস্থিত কৌশলগত লারেক দ্বীপের বন্দর পরিদর্শনকালে আলী নিকজাদ এ মন্তব্য করেন। তবে সংসদে তার সিদ্ধান্ত গ্রহণের কোনও ক্ষমতা নেই।

তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের। যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যবসা ও সম্পত্তির ক্ষতিপূরণ দেওয়ার জন্য কাজ চলছে এবং ট্রাম্পের অবরোধ পরিকল্পনা নিশ্চিতভাবেই ব্যর্থ হবে।

নিকজাদ ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন যেকোনও জাহাজ টোল প্রদানের মাধ্যমে এই প্রণালি পার হতে পারবে। তবে নিরাপদ পারাপারের জন্য ইরানকে ডিজিটাল সম্পদসহ যেকোনও মাধ্যমে অর্থ প্রদান করলে জাহাজ কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর জাহাজে হামলা ও হুমকি দিয়ে ইরান কার্যত এই প্রণালি বন্ধ করে দেয়। পরবর্তীতে তেহরান কিছু জাহাজকে তাদের উপকূলের কাছাকাছি রুট দিয়ে নিরাপদ পারাপারের প্রস্তাব দেয় এবং ক্ষেত্রবিশেষে ফি আদায় করে।

এর জবাবে গত ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে। এর ফলে তেহরান তাদের ভঙ্গুর অর্থনীতি সচল রাখতে প্রয়োজনীয় তেলের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সূত্র: এপি

Ads small one

তালায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
তালায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

সংবাদদাতা: তালার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার (ইউএনও) সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। বুধবার (০৬ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস কুদ্দুস পাড়, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মুফতি এনামুল হক, আরিফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ তালা উপজেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

শ্যামনগরে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
শ্যামনগরে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে উপকারভোগীদের সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক রণজিৎ কুমার বর্মণ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউনডেশন (এমজেএফ) ও এ্যাম্বাসি অফ সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী (সিআরইএ) প্রকল্পের আওতায় বুধবার (০৬ মে) উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়।

সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার, ওসি তদন্ত শ্যামনগর থানা, শিক্ষা কর্মকর্তা, শ্যামনগর প্রেসক্লাব, শ্যামনগর উপজেলা রিপোর্টাস ইউনিট, সুন্দরবন প্রেস ক্লাব, উপকূলীয় প্রেস ক্লাব এর সাংবাদিকবৃন্দ, জেন্ডার সমতা ও জলবায়ু জোট সভাপতি ও সিডিও নির্বাহী পরিচালক, ফ্রেন্ডশিপ এর প্রতিনিধি, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের উপকারভোগী সদস্যরা।

উপকারভোগী সুদিপ্তা মন্ডল বলেন, নারী শ্রমিকরা লবণাক্ত পানিতে কাজ করার ফলে যে সকল শারীরিক সমস্যা হয় তার চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয় না এবং চিকিৎসা সেবার কোন প্রচারণা হয় না। তিনি কমিউনিটি ক্লিনিকে একজন ডাক্তার এর দাবী করেন।

উপকারভোগী খোকন চন্দ্র হালদার বলেন, নারী শ্রমিকদের শ্রমের স্থানে কোন স্যানিটেশন এর সুব্যবস্থা না থাকায় নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এছাড়া তিনি আরও বলেন বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায় নারী ও শিশু কমিটির প্রয়োজন।

গাবুরা থেকে আগত জেবুন্নেছা বলেন, দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্র গুলিতে নারী বান্ধব না হওয়ায় নারীরা অনেক সমস্যার সম্মুখীন হন। তিনি আশ্রয় কেন্দ্রগুলিতে নারী বান্ধব করার দাবী করেন। তারা এসব সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার প্রণব কুমার বিশ্বাস ইউনিয়ন পর্যায় নারী ও শিশু কমিটি গঠন করার প্রতিশ্রুতি দেন।

প্রানী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস নারীর ক্ষমতায়ন এর ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ এর কথা বলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপকূলীয় এলাকার মানুষের সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে একযোগে কাজ করতে হবে। উক্ত সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা। প্রেসবিজ্ঞপ্তি

সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠন

আহবায়ক এম কামরুজ্জামান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান উজ্জল

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক এম কামরুজ্জামানকে কমিটির আহবায়ক ও মোস্তাফিজুর রহমান উজ্জলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১ টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভায় উক্ত কমিটি গঠন করা হয়।

 

ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমান।

 

নেটওয়ার্কের সম্পাদক এডভোকেট মুনির উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দৈনিক ইত্তেফাক ও একুশে টেলিভিশনের জিএম মনিরুল ইসলাম মিনি, বেতার বাংলাদেশ, ইনডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার আবুল কাশেম, সময় টিভির মমতাজ আহমেদ বাপি, এটিএন বাংলার এম কামরুজ্জামান, আমাদের সময় ও মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল, ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস এর মো. হোসেন আলী, এখন টিভির আহসানুর রহমান রাজিব, দৈনিক ভোরের এডভোকেট দিলিপ কুমার দেব, বণিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউন এর আসাদুজ্জামান মধু, ডিবিসি টিভির বেলাল হোসেন প্রমুখ।

 

সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক এম কামরুজ্জামানকে আহবায়ক ও মোস্তাফিজুর রহমান উজ্জলকে সদস্য সচিব নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ঠ সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়। সভায় সাংবাদিক আব্দুল বারীর মাতা এবং সাংবাদিক আসাদুজ্জামানের ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।