মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

৪ দিনে সৌদি গেলেন ১৮৪৮৯ জন বাংলাদেশি হজযাত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
৪ দিনে সৌদি গেলেন ১৮৪৮৯ জন বাংলাদেশি হজযাত্রী

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশে হজযাত্রার প্রথম ৪ দিনে বাংলাদেশ থেকে মোট ১৮ হাজার ৪৮৯ জন দেশটিতে পৌঁছেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৭ হাজার ১৮ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৬৩৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৮৩৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাকি হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানান পরিচালক মো. লোকমান হোসেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ পরিচালনার দায়িত্বে রয়েছে। তার মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, চলবে ১ জুলাই পর্যন্ত।

Ads small one

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকে মোহাম্মদ মিলনের প্রতিদ্বন্দ্বি নেই

পত্রদূত ডেস্ক: খুলনা প্রেস ক্লাবের আসন্ন বার্ষিক নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন। নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আবু তৈয়ব ও মো. মিজানুর রহমান মিল্টন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন শেখ কামরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. হেদায়েত হোসেন মোল্লা।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা। তিনটি সহ-সভাপতি পদে লড়ছেন মো. জাহিদুল ইসলাম, সোরহাব হোসেন, আতিয়ার পারভেজ ও কাজী শামীম আহমেদ।

যুগ্ম সম্পাদক পদে প্রার্থী শেখ মাহমুদ হাসান ও মো. বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও মো. রবিউল গাজী (উজ্জ্বল)।
ছয়টি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন শেখ লিয়াকত হোসেন, সোহেল মাহমুদ, মহেন্দ্রনাথ সেন, মো. মেহেদী মাসুদ খান, রাজু আহমেদ, কাজী মোতাহার রহমান, মো. আনিস উদ্দিন, মো. মাকসুদুর রহমান (মাকসুদ) এবং কে এম জিয়াউস সাদাত।

সোমবার (২০ এপ্রিল) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম এবং সদস্য, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

 

পাইকগাছায় স্কুল ফিডিংয়ে পচা ডিম ও মানহীন খাবার, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
পাইকগাছায় স্কুল ফিডিংয়ে পচা ডিম ও মানহীন খাবার, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান স্কুল ফিডিং কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও নি¤œমানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে। সরবরাহকৃত রুটিতে ফাঙ্গাস (ছত্রাক), পচা ডিম এবং কাঁচা কলা দেওয়ার ফলে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

গত ২০ এপ্রিল উপজেলার ৮ নম্বর কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে সরেজমিন গিয়ে নি¤œমানের খাবার সরবরাহের সত্যতা পাওয়া গেছে। তালিকায় বিস্কুট থাকার কথা থাকলেও অধিকাংশ স্কুলে আজও তার দেখা মেলেনি। বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের অভিযোগ, সরবরাহকৃত বনরুটির কোনোটিতে মেয়াদ নেই, আবার কোনোটি মেয়াদোত্তীর্ণ। প্যাকেটজাত অনেক রুটিতে ছত্রাক দেখা দিয়েছে এবং তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। প্রতিদিন সরবরাহ করা

 

ডিমের মধ্যে ২০ থেকে ৪০টিই নষ্ট থাকছে। এমনকি ইউএইচটি দুধের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষকেরা। ৫নম্বর সলুয়া গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমা জানায়, “দুধ খেলে মাঝেমধ্যে বমি হয়, পেট খারাপ করে। সিদ্ধ ডিমগুলো দেখে মনে হয় পরিষ্কার না করেই সিদ্ধ করা হয়েছে। আর কলা দেওয়া হয় একদম কাঁচা।”

জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে পাবনার ‘ওসাকা’ নামের একটি এনজিও। তবে স্থানীয়ভাবে খাবার সরবরাহ করছে ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান। সরবরাহকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মাহদী হাসান নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন।

উপজেলার ১৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৭ হাজার শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় রয়েছে। নি¤œমানের এই খাবারের কারণে শিশুদের পুষ্টি নিশ্চিত হওয়ার বদলে উল্টো অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “উপজেলার প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই নি¤œমানের খাবারের অভিযোগ আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।”

এ বিষয়ে বক্তব্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। তবে অভিভাবকেরা অনতিবিলম্বে শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

 

বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক

পত্রদূত ডেস্ক: অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে।

এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন”এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয় বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান পরিচালনা করে র্দুর্ধষ ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে আটক করা হয়।

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুন্দরবন হতে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সাথে সাক্ষাতের নিমিত্তে আগমন করার তথ্য জানা যায়। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়।

 

পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, আজ মঙ্গলবার মধ্যরাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিলো। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।